দুই বছরেও বিলোনীয়া স্থলবন্দরের অবকাঠামো গড়ে ওঠেনি
ফেনীর পরশুরাম উপজেলার বিলোনীয়াতে একটি স্থলবন্দর চালু করার দুই বছর পেরিয়ে গেলেও কার্যত সেখানে বন্দরের কোনো ধরনের অবকাঠানো এখনো গড়ে ওঠেনি। বিলোনীয়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি উভয় কার্যক্রম পরিচালনার কথা থাকলেও গত দুই বছরে শুধু বাংলাদেশ থেকেই একমুখী রপ্তানি বাণিজ্য চলছে।উদ্বোধনের পর থেকে গত দুই বছরে বাংলাদেশ থেকে সিমেন্ট, ইট, পাথর ও শুঁটকি রপ্তানি করে বাংলাদেশ ৩৮ কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৮১৯ টাকা আয় করেছে। কিন্তু চালু হওয়ার দুই বছরেও ভারত থেকে এ বন্দর দিয়ে বাংলাদেশে ভারতের কোনো পণ্য আমদানি করা যায়নি। আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের অভিযোগ, ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের নানামুখী বাধার কারণে এ বন্দর দিয়ে ভারতীয় কোনো পণ্য আমদানি না হয়ে এটি এখন শুধু একমুখী স্থলবন্দরে পরিণত হয়েছে। ২০০৯ সালের ৪ অক্টোবর ফেনীর পরশুরাম উপজেলার মজুমদারহাট বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পসংলগ্ন বিলোনীয়া রেল স্টেশনের পাশে এ স্থলবন্দর উদ্বোধন করা হয়।বর্তমানে সেখানে অতি পুরোনো একটি জরাজীর্ণ টিনশেড ঘরে একজন সহকারী রাজস্ব কর্মকর্তা (এলসিও) দিয়ে বন্দরের দৈনন্দিন কাজকর্ম পরিচালিত হচ্ছে।বিলোনীয়া স্থলবন্দর সংশ্লিষ্ট একাধিক সিঅ্যান্ডএফ ব্যবসায়ী অভিযোগ করেন, বিলোনীয়া স্থলবন্দর ঘোষণার দুই বছরেও বন্দরের কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীর অভাব, গুদামঘর ও মালামাল মাপার যন্ত্রপাতি না থাকা, ওয়্যারহাউজ নির্মাণসহ নানা সমস্যার কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে নিয়মিত বিঘ্ন সৃষ্টি হচ্ছে।এ প্রসঙ্গে বন্দরে ট্রাক থেকে মাল ওঠানামার কাজে নিয়েজিত কয়েকজন শ্রমিক একযোগে অভিযোগ করেন, বন্দরে কাজের পর বিশ্রাম নেওয়ার কোনো স্থান নেই। এমনকি সেখানে কোনো শৌচাগার পর্যন্ত নেই।বন্দরের অবকাঠামো নির্মাণসহ উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসন ১৫ একর জমি অধিগ্রহণের উদ্যোগ গ্রহণ করে। কিন্তু নানা জটিলতার কারণে দুই বছরেও জমি অধিগ্রহণ করা যায়নি। বিলোনীয়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা (এলসিও) মো. হুমায়ুন কবির খান জানান, ২০০৯ সালের অক্টোবর থেকে ২০১১ সালের সেপ্টেম্বর পর্যন্ত দুই বছরে এ বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আয় করেছে ৩৮ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার ৮১৯ টাকা। বন্দর উদ্বোধনের পর থেকে এ বন্দর দিয়ে সিমেন্ট পাথর এবং ইট রপ্তানি হতো। পরবর্তী সময়ে সরকার ইট রপ্তানি বন্ধ করে দিয়েছে।বিলোনীয়া স্থলবন্দর আমদানি ও রপ্তানি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জানান, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ ট্রাক মালামাল লোড-আনলোড হয়। কিন্তু বন্দরে কোনো কর্মকর্তা থাকেন না। ফলে ব্যবসায়ীরা বাধ্য হয়ে ফেনী গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে কর্মকর্তাদের সই (স্বাক্ষর) করিয়ে আনতে হয়। আবদুল খালেক নামে রপ্তানির কাজে নিয়োজিত একজন ট্রাকচালক অভিযোগ করেন, ফেনী-বিলোনীয়া সড়কে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্তের কারণে গাড়ি চালানো কষ্টকর হয়ে যায়। তা ছাড়া পরশুরাম বাজার থেকে বিলোনীয়া বন্দর পর্যন্ত তিন কিলোমিটার সড়ক এতই সংকীর্ণ যে, দুটি ট্রাক পাশাপাশি অতিক্রম করা দূরের কথা, একটি ট্রাকও ঠিকমতো চলতে পারে না। সড়কের এ অংশটুকু দ্রুত প্রশস্ত করা অতি জরুরি। ফেনী জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান জানান, বিলোনীয়া স্থলবন্দরের কাজের সুবিধার্থে বিভিন্ন অবকাঠামোসহ ওপেন ইয়ার্ড নির্মাণের জন্য ১৫ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া অব্যাহত আছে। খুব শিগগিরই জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হবে। এ ছাড়া সড়ক প্রশস্তকরণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।ফেনীর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক জানান, সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রয়োজন। তবে এ ধরনের প্রকল্প এখনো অনুমোদন হয়নি।