দুই বিদ্যালয়ে আগুনের ক্ষত সারেনি এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের ৫ জানুয়ারির সংসদ নির্বাচন প্রতিহত করার নামে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৬টি বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। ক্ষতিগ্রস্ত অধিকাংশ বিদ্যালয় সংস্কার করা হলেও দুটি বিদ্যালয়ে সংস্কারকাজ পুরোপুরি হয়নি। এ কারণে বিদ্যালয়গুলোতে এখনো শিক্ষার পরিবেশ ফেরেনি।
এ দুটি বিদ্যালয় হলো এওচিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও ঢেমশা বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে ঢেমশা বড়ুয়াপাড়া বিদ্যালয়ে কিছুটা সংস্কারকাজ হলেও এওচিয়া বালিকা বিদ্যালয়ে কোনো সংস্কার হয়নি। তবে সংস্কার না হলেও বিদ্যালয় দুটিতে চলছে শ্রেিণর কার্যক্রম।
সহিংসতার আগুনে সবচেয়ে ক্ষতিগস্ত এওচিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে ঘটনার ১০ মাস পরও কোনো ধরনের সংস্কারকাজ হয়নি।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকেরা জানান, সরকারিভাবে বরাদ্দ করা টাকা দিয়ে বিদ্যালয়গুলোর পুড়ে যাওয়া দরজা-জানালা মেরামত করা হয়েছে। তবে আসবাব, লেখার বোর্ড কেনা হয়নি অনেক বিদ্যালয়েরই। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের ভবনের বড় ধরনের ক্ষতি হয়েছে, সেসব বিদ্যালয় ভবন সংস্কার করা যায়নি।
আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এওচিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে কোনো ধরনের সংস্কারকাজ না হওয়ায় এ বিদ্যালয়ে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসে পাঠ নিতে হয়। শিক্ষকেরা বারান্দায় বসে বিদ্যালয় পরিচালনা করেন।
২১ অক্টোবর এওচিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা বেঞ্চ ও কক্ষের অভাবে দাঁড়িয়ে পাঠ নিচ্ছে। একটি শ্রেণিকক্ষে বিদ্যালয়ের নথিপত্র, পরীক্ষায় ব্যবহৃত পুরোনো খাতা, বুকশেলফ ও অন্যান্য সরঞ্জাম রাখা হয়েছে। এ ছাড়া প্রধান শিক্ষকসহ সব শিক্ষক বিদ্যালয়ের বারান্দায় বসে কাজ করে যাচ্ছেন।
এওচিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন আকতার বলেন, ‘নির্বাচনের আগের রাতে আগুনে আমাদের বিদ্যালয়ের চার কক্ষের একটি ভবন পুরোপুরি পুড়ে যায়। আগুনে কম্পিউটার, প্রজেক্টর, বেঞ্চ, চেয়ার-টেবিলসহ আসবাব ও প্রয়োজনীয় নথিপত্র পুড়ে যায়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা। ঘটনার ১০ মাস পরও বিদ্যালয়ে সংস্কার না হওয়ায় শিক্ষার্থীরা গাদাগাদি করে বসে ক্লাস করছে। বারান্দায় বসে কাজ করতে হচ্ছে শিক্ষকদের।’
ঢেমশা বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শশী ভূষণ বড়ুয়া জানান, ৫ জানুয়ারির নির্বাচনে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় সংস্কার বা মেরামতের জন্য সরকারিভাবে এক লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পেয়েছি।
এ টাকা দরজা-জানালা সংস্কার ও বিদ্যালয় রং করতেই চলে গেছে। বেঞ্চ, লেখার বোর্ড তৈরিসহ ছোটখাটো অনেক কাজ করা সম্ভব হয়নি। যার ফলে শিক্ষার্থীদের পাঠ দেওয়া-নেওয়া ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাখাল চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনে জামায়াত-শিবিরের কর্মীরা সাতকানিয়া উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়ে ক্ষতি করেছিলেন। পরবর্তীকালে উপজেলা প্রকৌশলীকে নিয়ে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এ বরাদ্দ করা অর্থ দিয়ে যেসব বিদ্যালয় পুরোপুরি সংস্কার হয়নি, সেসব বিদ্যালয়ে অনুদানের মাধ্যমে আবারও সংস্কারের ব্যবস্থা করা হবে।
এওচিয়া বালিকা বিদ্যালয়ে কোনো ধরেনর সংস্কার না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে বাজেট বরাদ্দ হয়েছে। কিছুদিনের মধ্যেই দরপত্র আহ্বানের মাধ্যমে বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু হবে।
এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলাম বলেন, ‘জামায়াত-শিবিরের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর অধিকাংশই সংস্কার করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে স্বাভাবিক নিয়মে ও পরিবেশে পাঠদান সম্পন্ন করার জন্য আমাদের চেষ্টা আছে। শিগরিই ক্ষতিগস্ত এওচিয়া বালিকা বিদ্যালয়ে কাজ শুরু হবে।’