দুই বিভাগের শিক্ষকদের দ্বন্দ্ব চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগের শিক্ষকদের মধ্যে চরম দ্বন্দ্ব দেখা দিয়েছে। বিভাগ দুটি হচ্ছে— কলা অনুষদের প্রাচ্যভাষা ও সমাজবিজ্ঞান অনুষদের সমাজতত্ত্ব। শিক্ষকদের এ দ্বন্দ্বের কারণে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করছেন। নিয়মিত পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে না। শিক্ষকদের পরস্পরবিরোধী অবস্থানের কারণে নির্ধারিত সময়ের অনেক পরে ফলাফল প্রকাশিত হচ্ছে। এতে শিক্ষাবর্ষ-জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৭২তম সভায় দুই বিভাগের জন্য আলাদা পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। দুই কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রাচ্যভাষা ও সমাজতত্ত্ব বিভাগের পরিস্থিতি পর্যালোচনার জন্য যথাক্রমে কলা অনুষদের ডিন গোলাম কিবরিয়া ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্তকে প্রধান করে তিন সদস্যের দুইটি কমিটি গঠন করা হয়েছে।প্রাচ্যভাষা বিভাগ: পালি ও সংস্কৃত—দুইটি বিষয় নিয়ে প্রাচ্যভাষা বিভাগ গঠিত হয়েছে। গত ডিসেম্বরে স্বতন্ত্র বিভাগ চালুর দাবিতে আন্দোলনে নামেন সংস্কৃত শাখার শিক্ষার্থীরা। অবশ্য পরে আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। সম্প্রতি পৃথক পরীক্ষা কমিটির মাধ্যমে পরীক্ষা নেওয়ার দাবিতে আবার আন্দোলনে নেমেছে সংস্কৃত বিভাগের শিক্ষার্থীরা। গতকাল শনিবার এ দাবিতে তাঁরা বিভাগে তালা ঝুলিয়ে দেন। বিভাগের সভাপতি জ্ঞান রত্ন প্রথম আলোকে বলেন, বিভাগের দুইজন শিক্ষক নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য শিক্ষার্থীদের আন্দোলনে সহযোগিতা করছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের কয়েকজন শিক্ষকের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে প্রাচ্যভাষা বিভাগে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পর্যালোচনা কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, মূলত শিক্ষকদের অন্তর্কোন্দলের জের ধরে প্রাচ্যভাষা বিভাগে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।৫-৭ এপ্রিল তিন দিনের ক্লাস বর্জন, মৌন মিছিল ও অনশন ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা। এর আগে গত ৭ মার্চ শুরু হওয়া প্রথমবর্ষের পরীক্ষায় অংশ নেয়নি সংস্কৃত শাখার শিক্ষার্থীরা। আন্দোলনকারী ছাত্র সুকুমার কুণ্ডু বলেন, প্রাচ্যভাষা বিভাগে দীর্ঘদিন ধরে আলাদা কমিটির মাধ্যমে পরীক্ষা নেওয়া হতো। কিন্তু চলতি শিক্ষাবর্ষ থেকে একটি কমিটির মাধ্যমে উভয় শাখার পরীক্ষা নেওয়া হচ্ছে। পর্যালোচনা কমিটির প্রধান ও কলা অনুষদের ডিন গোলাম কিবরিয়া বলেন, পরীক্ষা কমিটি নিয়ে শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। পরীক্ষা কমিটি নিয়ে পালি বিষয়ের শিক্ষার্থীদের সমস্যা না হলে সংস্কৃত বিষয়ের শিক্ষার্থীদের সমস্যা হবে কেন? সমাজতত্ত্ব বিভাগ: সমাজতত্ত্ব বিভাগের শিক্ষকদের দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে। বিভাগের শিক্ষক নিয়োগের প্রক্রিয়াকে কেন্দ্র করে এ দ্বন্দের সৃষ্টি হয়। এ দ্বন্দ্ব প্রকাশ্য হয় বিভাগের এক শিক্ষক আদালতে রিট করায়। জানা গেছে, বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুন নাহার বেগম গত ৯ জানুয়ারি আদালতে একটি রিট করেন। বিভাগের পরিকল্পনা কমিটির ১৪তম সভা বাতিল করার জন্য তিনি এ রিট করেন। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন।বিভাগের একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শিক্ষকদের কোন্দলের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। শিক্ষকেরা নিয়মিত ক্লাস নিচ্ছেন না। পাঠ্যসূচি শেষ না করে পরীক্ষা নেওয়া হচ্ছে। আর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় নির্ধারিত সময়ের অনেক দেরিতে।’ তাঁরা আরও জানান, চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে পরীক্ষা শেষ হওয়ার প্রায় ১০ মাস পর। এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত সভাপতি প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আমাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।’ তবে তিনি দাবি করেছেন, বিভাগে নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।