কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন ফুটপাতে থালা-বাসন পরিষ্কার করছে একটি শিশু। বয়স বড়জোর ১২ বছর। দুপুরের রোদে মুখ ঘামে জবজব। গায়ের গেঞ্জি পানিতে ভিজে একাকার। একটু এগিয়েই বুঝতে পারি, শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে বটগাছের তলায় উন্মুক্ত ভাতের হোটেলে কাজ করে। শিশুটির নাম জানতে চাইতেই এগিয়ে আসেন দোকানের মালিক মো. শহীদুল্লাহ। বেশ কঠিন কণ্ঠে প্রতিবেদকের কাছে তাঁর প্রশ্ন, ‘কী চান? এহন দোকানদারির সময়। ওর লগে কথা বলতাছেন ক্যান?’এতটুকু একটা বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছেন? ওর তো এখন লেখাপড়া ও খেলাধুলা করার সময়। কথা শেষ না হতেই মালিক কড়া স্বরে বলেন, ‘এনজিও থেইকা আসছেন? যান, যান এহন কথা কওনের টাইম নাই।’ দৈনিক পত্রিকার সাংবাদিক পরিচয় দেওয়ার পর কণ্ঠের কাঠিন্য কিছুটা কমে। আমতা আমতা করে শহীদুল্লাহ বলেন, ‘গার্জেন কাম করতে পাঠাইছে। আমি রাখছি। এইডা কি অন্যায়? হে না হইলে অন্য কেউ কাম করব। দোকান চালাইতে তো লোকের দরকার।’কিন্তু এ বয়সের একটি বাচ্চা ছেলেকে দিয়ে কাজ করান, এটা তো শিশু অধিকারের লঙ্ঘন। হোটেলের মালিক বেশ অবাক হয়েই এ প্রতিবেদকের কাছে প্রশ্ন রাখেন, ‘কী অধিকার, ম্যাডাম? ওতে কী হয়? বাপ-মায় কাজে লাগাইতে চাইছে, আমি কাজে নিছি। হের মামা আমার দোকানের হেড কারিগর। চেনাজানা মানুষ, চুরিচামারি করত না, গ্যারান্টি আছে।’চুরি করবে না বুঝলাম, কিন্তু আপনার ছেলেকে কি এ ধরনের কাজ করতে দেবেন? পড়াশোনা করাবেন না? ‘পড়ামু না ক্যান? আমার বেটারে পড়ামু, খাওয়ামু, ঘুরামু এইটা আমার ইচ্ছা। হের গার্জেনের ইচ্ছা, হেয় কাজ করব, তো করতাছে।’মালিককে একটু এড়িয়েই নাম জানতে চাই থালা-বাসন মাজতে থাকা বাচ্চাটির কাছে। একবার মালিক, একবার প্রতিবেদকের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে বেশ ভয়েই উত্তর দিল, ‘রফিকুল’।পড়াশোনা করতে ইচ্ছা করে না?পড়ছি তো, ক্লাস ফোর পর্যন্ত।কোথায়?বাড়িতেবাড়ি কোথায়?শরীয়তপুরেআরও পড়তে চাও?হুঁ। আফা।রফিকুলের সঙ্গে কথা বলে জানতে পারলাম, তার বাবা কৃষক, মা গৃহিণী। অন্যের জমিতে কাজ করা রফিকুলের বাবা পরিবারের সবার মুখে দু-মুঠো ভাত তুলে দিতে সক্ষম হলেও পরিবারের অন্যান্য চাহিদা তিনি মেটাতে পারছেন না। তাই আরও অর্থ আয়ের জন্য ছেলেকে রাজধানীতে কাজ করতে পাঠিয়ে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রফিকুল থাকে। ভাতের হোটেলে পেটেভাতে কাজ করে সে। আর মহাজনের কাছ থেকে বেতন বুঝে নেন রফিকুলের মামা। রফিকুলের দুই বেলার খাদ্য জোগানোর নিশ্চয়তায় নিশ্চিন্ত তার মা-বাবা। এতে তাঁদের ছেলের কী কী অধিকার ক্ষুণ্ন হলো, সে সম্পর্কে হয়তো জানেনই না তাঁরা।