মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি ও উত্তর নলবিলা এলাকায় অবৈধভাবে পাহাড়ের বালু বিক্রি করার অভিযোগে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার সরকারি ১ নম্বর খাস খতিয়ানের পাহাড় ও চালিয়াতলির বন বিভাগের পাহাড়ের পাদদেশ থেকে দুমাস ধরে মাহমুদুল করিম ও মোহাম্মদ ইসমাইল হোসেন নামের স্থানীয় দুই ব্যক্তি বালু তুলে বিক্রি করছিলেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর ওই দিন তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাহাড়ের বালু বিক্রির সঙ্গে জড়িত মাহমুদুল করিম ও মোহাম্মদ ইসমাইল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই দুই ব্যক্তি যদি ফের পাহাড়ের বালু বিক্রি করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হবে।’