দুই ভাইয়ের হাঁসের খামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর খানেক আগেও ঘুরেফিরে সময় কাটত সেলিম উদ্দিনের (৩৫)। আর এখন নাওয়া-খাওয়ার সময় পান না। তাঁর সময় কেড়ে নিচ্ছে হাঁসের খামার। নিজেই কিছু একটা করার কথা ভেবেছিলেন একসময়। চাকরির পেছনে না ছুটে তাই ৫০টি হাঁস কিনে শুরু করলেন খামার। সহযোগিতায় এগিয়ে এলেন ছোট ভাই আরিফুর রহমান (২৭)। দুই ভাইয়ের হাঁসের খামারে হাঁসের সংখ্যা এখন ৪০০ ছাড়িয়েছে। দুই সহোদরের এই সাফল্য কাপ্তাইয়ের অনেক বেকার তরুণের সামনে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।কাপ্তাই উপজেলার বরইছড়ি এলাকার বাসিন্দা সেলিম ও আরিফের বাবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। দীর্ঘ পাঁচ দশক ধরে এখানেই বসবাস তাঁদের। বাড়ির পাশে কর্ণফুলী নদী। নদীতীরের বিস্তীর্ণ জায়গা এত দিন অযত্নেই পড়ে ছিল। ওই পরিত্যক্ত জায়গায় হাঁসের খামার গড়ে তুলেছেন দুই ভাই। সম্প্রতি দুই ভাইয়ের হাঁসের খামার দেখতে বরইছড়ি গেলে কথা হয় সেলিম উদ্দিনের সঙ্গে।সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গত বছরের এপ্রিল মাসে আমাদের হাঁসের খামারের যাত্রা শুরু হয়। এর পর থেকে ব্যস্ত সময় কাটাচ্ছি। ছোট ভাই আরিফুর রহমান চট্টগ্রামের একটি কলেজে স্নাতকোত্তরের ছাত্র। এই কাজে সেও সহযোগিতা করছে।’ খামারের পেছনে এখন পর্যন্ত তিন লাখ টাকা খরচ হয়েছে বলে জানালেন। আগামী কয়েক মাসের মধ্যে মূলধন উঠে আসবে বলে আশা করছেন।নদীর তীর ঘেঁষেই সেলিম ও আরিফের হাঁসের খামার। হাঁসের জন্য বাঁশের ঘর তৈরি করেছেন তাঁরা। জানা গেল, সকাল সাতটার সময় হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়। সারা দিন নদীতে চরে বেড়ায় হাঁসগুলো। খাবার দেওয়া হলে খেয়ে আবারও চলে যায় নদীতে। সন্ধ্যায় ফিরে আসে খোঁয়াড়ে। খামার থেকে প্রতিদিন কমপক্ষে ২০০ ডিম পাওয়া যায় বলে তাঁরা জানান। সব খরচ বাদ দিয়ে দৈনিক প্রায় এক হাজার টাকা মুনাফা থাকে। ক্রমান্বয়ে লাভের পরিমাণ বাড়বে বলেও তাঁরা আশা করেন। হাঁসের খামারের পেছনে সারা দিনই সময় দিতে হয় দুই ভাইকে। এমনকি গভীর রাতেও ডিম সংগ্রহের জন্য খামারে যেতে হয়। সময়মতো ডিম সংগ্রহ না করলে হাঁসের পায়ের চাপে ডিম ভেঙে যায়। হাঁসের তেমন কোনো অসুখ হয় না বলেও সেলিম জানান। তবে কোনো সমস্যা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ নেন। হাঁস প্রতিপালনের ওপর প্রশিক্ষণ নিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে। তাই সমস্যা হলে নিজেরাই সমাধান করতে পারেন। এ বিষয়ে ভবিষ্যতে আরও প্রশিক্ষণ নেবেন বলেও তাঁরা জানান।