দুই ভারতীয় সিইওর এই তথ্যগুলো জানতেন কি
তাঁরা দুজন দুটি বিখ্যাত প্রতিষ্ঠানের সিইও। দুজনের জন্মই ভারতে। একজন সার্চ ইঞ্জিন গুগলের সিইও সুন্দর পিচাই, আরেকজন টুইটারের সিইও পরাগ আগারওয়াল। অফিসের বাইরে তাঁদের জীবনযাপনের কিছু গল্প থাকছে এখানে
অফিসের কাজ বাড়িতে আনেন না সুন্দর পিচাই
ভাবগম্ভীর, শান্ত স্বভাবের মানুষ সুন্দর পিচাই সহকর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। সার্চ ইঞ্জিন গুগল ও তাঁর মাতৃ প্রতিষ্ঠান অ্যালফাবেটের সিইও এই ভারতীয় বংশোদ্ভূত। ছেলেবেলায় বেশ দাপিয়ে ক্রিকেট খেলতেন। ক্রিকেট এখনো তাঁর প্রিয় খেলা। বিশ্বের অন্যতম ধনী এই সিইও অফিসের কাজ অফিসেই শেষ করেন। ঘরে ফেরেন একজন সাদামাটা বাবা হিসেবেই। ক্যালিফোর্নিয়ার লস অল্টসে অবস্থিত তাঁর হিল হাউসটিতে স্ত্রী এবং দুই সন্তান ছাড়া থাকে জেফরি নামের একটি কুকুরও। সুন্দর পিচাই পুরোপুরি শাকাহারি একজন মানুষ। শরীরচর্চাও করেন সময় পেলে। যেকোনো সংখ্যা মনে রাখায় তাঁর দক্ষতা অসামান্য। একাধিক সাক্ষাৎকারে পিচাই বলেন, ছোটবেলা থেকে অসংখ্য টেলিফোন নম্বর মুখস্থ থাকত তাঁর।
টুইটারের নতুন সিইও
সম্প্রতি টুইটারের সিইও হিসেবে যোগ দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগারওয়াল। তারপর থেকেই তাঁর বাৎসরিক আয়–রোজগার জানতে গুগলে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। ভারতের আইআইটির এই প্রাক্তন ছাত্র টুইটারের আগে কাজ করেছেন ইয়াহু ও মাইক্রোসফটে। টুইটারে তাঁর বাৎসরিক বেতন ১০ লাখ ডলার, পাবেন শেয়ারের ভাগও। ভালোবাসেন কম্পিউটার ও গাড়ি নিয়ে পড়াশোনা করতে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরাগ আগারওয়ালের মা বলেছেন, ছেলেবেলায় গাড়ি ও গণিতবিষয়ক ম্যাগাজিনে বুঁদ হয়ে থাকতেন পরাগ। পরিবার অন্তপ্রাণ এই মানুষ সুযোগ পেলেই স্ত্রী এবং তিন বছরের সন্তান অংশকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। ছেলের মধ্যে পড়ার অভ্যাস গড়ে তুলতে প্রায়ই তাকে গল্প পড়ে শোনান পরাগ।