শাহপরীর দ্বীপে ছবি তুলতে গিয়েছিলেন আলোকচিত্রী কাজী হামিদুল হক। আজ থেকে সাত- আট বছর আগের কথা। দ্বীপ থেকে সমুদ্রের একটু ভেতরে গিয়ে ডিঙি নৌকা থেকে নেমে যান তিনি। ইচ্ছে সমুদ্রের বা পানির তলদেশের কিছু ছবি তোলার। বিপত্তিটা ঘটে তখনই। পানির তলদেশ থেকে অল্প কয়েকটি ছবি তুলে ভেসে উঠে দেখেন, নৌকাটি তাঁকে রেখে পথ ভুলে অন্যদিকে চলে গেছে। দুই ঘণ্টা সাঁতরানোর পর খোঁজ মেলে নৌকাটির। একটু সামনে এগোতেই চোখে পড়ে সেন্ট মার্টিনের দক্ষিণাংশ। তখন থেকেই ভাবনা শুরু—হয়তো এ পথেই শাহপরী থেকে সেন্ট মার্টিন সাঁতরে আসা যাবে। সেই ভাবনা সফল করতে প্রচেষ্টা চলল দুই বছর। সফলও হলেন। ২০০৬ সালে তিনজনকে সঙ্গে নিয়ে তিনি পাড়ি দিলেন বাংলা চ্যানেল।বাংলাদেশের এভারেস্ট বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অ্যাডভেঞ্চার উৎসবে চলতি বছর থেকে নর্থ আলপাইন ক্লাব বাংলদেশ প্রবর্তন করেছে ‘বেস্ট অ্যাডভেঞ্চারস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার। এবারে বাংলা চ্যানেলের পথ আবিষ্কারক কাজী হামিদুল হক এই পুরস্কার পেয়েছেন। সেই সঙ্গে পুরস্কৃত করা হয় তরুণ সার্ফার জাফর আলমকেও; যিনি বাংলাদেশে আসা এক অস্ট্রেলীয় সার্ফারকে দেখে মুগ্ধ হয়ে শিখতে শুরু করেছিলেন সার্ফিং। তারপর থেকে একক প্রচেষ্টায় রপ্ত করেন সার্ফিংয়ের বিভিন্ন কলাকৌশল। প্রায় ১২ বছর সাধনার পর ২০১০ সালে আন্তর্জাতিক সার্ফিংয়ে অংশ নিয়ে ১৭০ জনের মধ্যে তৃতীয় হন। বর্তমানে তিনি তাঁর গড়ে তোলা সংগঠন ‘সার্ফিং বাংলাদেশ’-এ শিখতে আসা দেশি-বিদেশি অনুরাগীদের শেখাচ্ছেন সার্ফিং।শুধু পাহাড় নয়, অ্যাডভেঞ্চারের বিষয় হতে পারে সমুদ্র জয়ও; সেটা সার্ফিং কিংবা সাঁতার যা-ই হোক না কেন। জয়ের নেশাই হলো বড় কথা। যে নেশায় স্কুবা ডাইভার ও আলোকচিত্রী কাজী হামিদুল হক খুঁজে বের করেছিলেন ‘বাংলা চ্যানেল’। আর শূন্যকে মূলধন করে ঢেউ মাথায় তুলে নিয়ে জাফর আলম বিচরণ করেন সমুদ্রে।পুরস্কার প্রদান সম্পর্কে নর্থ আলপাইন ক্লাবের সাধারণ সম্পাদক এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম বলেন, ‘মূলত তরুণদের অ্যাডভেঞ্চারে আগ্রহী করতে চাই। আর প্রথমবারের মতো এই পুরস্কার প্রদানের ফলে তরুণদের মধ্যে আগ্রহ বাড়বে। আর সেই জয়ের নেশায় এগিয়ে যাবেন তরুণেরা—এমনটাই আমাদের প্রত্যাশা।’