দুই মাদ্রাসার ভবন ঝুঁকিপূর্ণ!
সংস্কারের অভাবে কক্সবাজারের মহেশখালী উপজেলার দুটি মাদ্রাসার ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই মাদ্রাসা দুটির একটি হলো উপজেলার ধলঘাটায় অবস্থিত বদরুল উলুম দাখিল মাদ্রাসা ও কালারমারছড়ায় অবস্থিত শাহ মজিদিয়া বালিকা মাদ্রাসা। দুটি মাদ্রসারই একটি করে ভবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ব্যাহত হচ্ছে পাঠদান।সরেজমিনে দেখা যায়, ধলঘাটার বদরুল উলুম মাদ্রাসার টিনের ছাউনি দেওয়া একতলাবিশিষ্ট দুটি ভবন আছে। এর মধ্যে একটি ভবন বেশি ঝুঁকিপূর্ণ। মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা অভিযোগ করেন, বৃষ্টি হলেই ঝুঁকিপূর্ণ ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে, শিক্ষার্থীদের বইপত্র ভিজে যায়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে বদরুল উলুম মাদ্রাসার শ্রেণীকক্ষ বিধ্বস্ত হলে নতুন ভবন নির্মাণ করা হয়। কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ওই ভবনটির দরজা ও জানালা ভেঙে যায় এবং দেয়ালে ফাটল দেখা দেয়।একই অবস্থা শাহ মজিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার। এই মাদ্রাসার মোট তিনটি ভবনের মধ্যে একটি অতি ঝুঁকিপূর্ণ। এ কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ ওই ভবন পরিত্যক্ত ঘোষণা করেছে। পরিত্যক্ত ভবনটিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করা হতো। এখন ওই শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে লেখাপড়া করছে। মাদ্রাসার সহকারী তত্ত্বাবধায়ক মোহাম্মদ সুলাইমান প্রথম আলোকে বলেন, ১৯৮৫ সালে ওই ভবনটি নির্মাণ করার পর থেকে বড় ধরনের কোনো সংস্কার হয়নি। এক মাস আগে ওই ভবনের শ্রেণীকক্ষের পলেস্তারা খসে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বদরুল উলুম দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়কের দায়িত্বরত (সুপার) মোহাম্মদ হোছাইন বলেন, ‘ভবনটি সংস্কারের জন্য ইতিমধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেছি কিন্তু কোনো কাজ হয়নি। ফলে ঝুঁকিপূর্ণ ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’ মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক বলেন, ওই ঝুঁকিপূর্ণ মাদ্রাসার ভবন দুইটি সংস্কারের জন্য ইতিমধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবেদন করা হয়েছে।