হাটহাজারীতে গত দুই মাসে রাজনৈতিক সহিংসতার বলি হয়েছে সড়কের পাশের বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ। বিএনপি-জামায়াত জোটের হরতাল ও অবরোধের সময় যান চলাচল বন্ধ রাখতে এসব গাছ কেটেছে আন্দোলনকারীরা।
দুই মাস ধরে হরতাল ও অবরোধের সময় উপজেলার মীরেরহাট, মুনশির মসজিদ, চারিয়া বোর্ড স্কুল, চারিয়া নয়হাটবাজার, বুড়ির পুকুরপাড়, মুছার দোকান, মহুরির হাট, বটতল ও সরকারহাট কুমারিকুল এলাকায় সড়কের পাশে গাছ কাটা হয়েছে। এসব গাছ হত্যার সঙ্গে বিএনপি-জামায়াতের কর্মীরা জড়িত বলে পুলিশ জানায়।
স্থানীয় লোকজন জানান, সড়ক অবরোধ করার জন্য কাটা গাছগুলো এক শ্রেণীর ব্যবসায়ী অল্প দামে কিনে নেন। গাছগুলো সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হলেও গাছ রক্ষায় এখন পর্যন্ত এই সংস্থার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা সুলতানুল আলম চৌধুরী বালেন, আন্দোলনের বলি হচ্ছে সড়কের পাশের গাছপালা; বিশেষ করে মহাসড়কের অনেক পুরোনো গাছ কাটা পড়ছে। উপজেলার বোর্ড স্কুল এলাকা থেকে বুড়ির পুকুরপাড় এলাকায় এমন তাণ্ডব বেশি হচ্ছে। এসব নাশকতা বন্ধে সওজ বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল বলেন, জামায়াত ও বিএনপির নেতা-কর্মীরা এসব গাছ হত্যা করেছে। মহাসড়কে গাড়ি ভাঙচুর ও গাছ হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে ৪৩ জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গাছ নিধন বন্ধে পুলিশের টহলও জোরদার করা হয়েছে।
সরেজমিনে চারিয়া বাজার এলাকায় গিয়ে সড়কের পাশের গাছ কাটার প্রমাণ পাওয়া গেছে। সারি সারি মেহগনি, ফুল কড়ইসহ নানা ধরনের গাছের ফঁকে ফাঁকে চোখে পড়েছে কাটা পড়া গাছের গুঁড়ি। স্থানীয় লোকজন জানান, সম্প্রতি হরতাল-অবরোধের সময় গাছগুলো কাটা হয়েছে।
হাটজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, গাছ না কাটার জন্য এলাকায় মাইকযোগে প্রচার করা হয়েছে। এসব নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সওজ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম বলেন, ‘আমরা গাছ হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি। অপরাধীদের বিরুদ্ধে সওজের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’