দুই মাসেও ব্যবসায়ী আলমগীরকে উদ্ধার করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহূত হওয়ার দুই মাস পরও বাকলিয়া এলাকার তরুণ ব্যবসায়ী মো. আলমগীরকে (২৪) উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহূত ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, চলতি বছরের ১২ জানুয়ারি ব্যবসায়িক বিরোধের জের ধরে অপহূত হন আলমগীর। এ ব্যাপারে দণ্ডবিধি আইনের ৩৬৪ ধারায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ১৮ জানুয়ারি অপহূত ব্যবসায়ীর মা সাকেরা বেগম চারজনকে (আলমগীরের ব্যবসায়িক অংশীদার) আসামি করে মামলা দায়ের করেন। সাকেরা বেগমের অভিযোগ, সুনির্দিষ্ট দণ্ডবিধি আইনে মামলা দায়ের করলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। এই মামলার তদন্ত কর্মকর্তা বাকলিয়া থানার উপপরিদর্শক আনোয়ার উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আলমগীরের চার ব্যবসায়িক অংশীদারকে আসামি করে মামলা দায়ের হলেও এ ঘটনার সঙ্গে তাঁদের (আসামিদের) সম্পৃক্ততা কতটুকু তা ভালোভাবে খতিয়ে দেখতে হবে।’ দণ্ডবিধি আইনের ৩৬৪ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা যায়। কিন্তু তা করছেন না কেন জানতে চাইলে তিনি নীরব থাকেন। এদিকে, ঘটনার চার দিন পর ১৬ জানুয়ারি উপপুলিশ কমিশনারের (ডিসি নর্থ) কাছে বাদিনী লিখিত অভিযোগ দিলেও সেটির কোনো অগ্রগতি নেই। এ বিষয়ে ডিসি নর্থ আমেনা বেগম মুঠোফোনে ৮ মার্চ প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টির ব্যাপারে খোঁজ নিচ্ছি।’ বাদিনীর অভিযোগ ব্যবসায়িক বিরোধের জের ধরে গত ১২ জানুয়ারি অভিযুক্ত লোকজন বৈঠকের কথা বলে অপহূত আসামিকে বাদিনীর ঘর থেকে ডেকে নেন। এরপর প্রায় দুমাস পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। মামলার অভিযুক্ত আসামিরা হলেন সাবিনা ইয়াসমিন চৌধুরী (২৫), শিমুল ভট্টাচার্য (৩৫), মঞ্জুরুল হক চৌধুরী ওরফে রতন (৩০) এবং সজীব রায় (২৬)। এঁরা সবাই অপহূত আলমগীরের ব্যবসার অংশীদার।