শৈশবের ইচ্ছে বাবা-মা নির্ধারণ করেন বলে ধারণা হাসান মাহমুদ ফয়সলের। মা-বাবার ইচ্ছে অনুযায়ী ফয়সল পড়াশোনা করেছেন বিজ্ঞান বিষয়ে। চিকিৎসক হতে হবে তাঁকে—এমনটাই জানতেন তিনি। চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকায় আসার পরই সাংবাদিকতা বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন ফয়সল। কী নিয়ে পড়াশোনা করতে হবে, পছন্দের বিষয় কী—এসব নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন তিনি সে সময়। একসময় কেটে যায় সব দ্বিধা। বাবা-মাকে জানিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হবেন তিনি। পরিবারের সবাই শুরুতে কিছুটা নিমরাজি থাকলেও ছেলের ইচ্ছে পূরণের ক্ষেত্রে কোনো বাধা দেননি। মা-বাবার মান ভাঙানোর জন্য ভালো ফলের দৃঢ়সংকল্প নিয়ে কঠিন পরিশ্রম শুরু করেন হাসান মাহমুদ ফয়সল। বন্ধুদের সাহচর্য, সাহায্য এবং শিক্ষকদের স্নেহ, ভালোবাসা, সহযোগিতায় বেড়ে যায় তাঁর উৎসাহ। পরিশ্রমের ফল পেতে দেরি হয়নি খুব একটা। টানা চার বছর ধরে বিভাগে প্রথম হয়েছেন ফয়সল। এরই জের ধরে ২০০৯ সালে বিএসএস (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পেয়েছেন ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’।২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর হাতে পুরস্কারের চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন গীতি আরা নাসরীন।অধ্যাপক সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। তাঁর স্মরণে প্রতিবছর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সম্মান পরীক্ষায় উত্তীর্ণ শীর্ষ ১০ জনকে এ পুরস্কার দেওয়া হয়।‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পাওয়া অনেক সম্মানের ব্যাপার। প্রথম বর্ষ থেকেই তাই ইচ্ছে ছিল পুরস্কারটি পাওয়ার। আর সে জন্য কঠোর পরিশ্রম করেছি। এই পুরস্কার আজ দায়িত্ব বাড়িয়ে দিল অনেক। মাস্টার্সে ভালো করার জন্য পরিশ্রম করে চলেছি।’ বলছিলেন হাসান মাহমুদ ফয়সল।শিক্ষক হওয়ার স্বপ্ন ফয়সলের। বাংলাদেশের সাংবাদিকতা বিষয় নিয়ে তিনি কাজ করতে চান মাঠপর্যায়ে। সমাধান করার ইচ্ছে সাংবাদিকতা বিষয়ে পড়তে আসা শিক্ষার্থীদের সমস্যাগুলোর। ভালো ফলের কারণে মান ভেঙেছে মা-বাবার। এখন আর কোনো সমস্যা নেই। ফয়সল ভাবছেন শুধু তাঁর স্বপ্নটা নিয়েই। অপেক্ষা এখন তাই শুধু স্বপ্ন পূরণের...।২.পরিবারে দস্যি মেয়ে বলে পরিচিত ছিলেন মার্জিয়া রহমান। বাবার চাকরির সুবাদে শৈশব কেটেছে তাঁর নানা জায়গায় ঘুরে ঘুরে। মাসুদ রানার বড় ভক্ত এই মেয়ে স্বপ্ন দেখেছিলেন, বড় হয়ে গোয়েন্দা হবেন। বুদ্ধির লড়াইয়ে কঠিন সব সমস্যার সমাধান করে তাক লাগিয়ে দেবেন আশপাশের সবাইকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে সেই স্বপ্ন। ঢাকার হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করার পরই মনস্থির করলেন পড়াশোনা করবেন সাংবাদিকতা বিষয় নিয়ে। সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন তিনি। দেশ ও সমাজের ভালোর জন্য কিছু একটা করতে হবে তাঁকে। সিদ্ধান্তটা মহৎ হলেও বাদ সাধল পরিবার। তাদের ইচ্ছে, মেয়ে পড়াশোনা করুক ইংরেজি বিষয় নিয়ে। মার্জিয়ার ইচ্ছের বিরুদ্ধে এই আপত্তি ধোপে টিকল না। ঠিক ঠিক মার্জিয়া ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। শৈশবের মার্জিয়া এখন অনেক পরিণত। স্বপ্ন পূরণের ইচ্ছে এবং পরিবারের সবাইকে খুশি করার মতো কঠিন সব দায়িত্ব নিয়ে শুরু করলেন পড়াশোনা। ঘড়ি ধরে নিয়মিত পড়তে বসা, সাত-আট ঘণ্টা বইয়ের সামনে বসে থাকা—এসব তাঁর ধাতে নেই। বন্ধু তাঁর অনেক। আড্ডায় আড্ডায় কেটে যায় অনেকটা সময়। এসবের মাঝেও পরীক্ষায় ভালো ফল করার জন্য পরিশ্রম করতে হবে। এ বড্ড কঠিন কাজ। কিন্তু এ কঠিন কাজটি সহজ করে ফেলেছেন মার্জিয়া রহমান। ২০১০ সালে বিএসএস (সম্মান) পরীক্ষায় বিভাগে প্রথম হওয়ার কারণে পেয়েছেন ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’। ‘নিয়মিত ক্লাস করতাম, শিক্ষকদের কথা মন দিয়ে শুনে তা বোঝার চেষ্টা করতাম। আমার ভালো ফলের পেছনে এগুলোই প্রধান কারণ বলে মনে করি আমি।’ বলছিলেন মার্জিয়া রহমান। পরিবারের সবাই অনেক উৎসাহ দেন মার্জিয়াকে। মেয়ের এমন ভালো ফলের পর দারুণ খুশি তাঁর মা-বাবা। শিক্ষকতা করার ইচ্ছে নিয়ে মার্জিয়া এখন মাস্টার্সেও ভালো ফল করতে চান। চান উচ্চশিক্ষার জন্য বাইরে পড়াশোনা করতে যেতে। আর এত সব ইচ্ছে আর স্বপ্ন পূরণের লক্ষ্যে এখনই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন মেধাবী শিক্ষার্থী মার্জিয়া রহমান। পথ চলতে হবে আরও অনেকটা...। [email protected]