দুই মেরুর দুই মুখ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ আর দক্ষিণের কেরালা। দুই রাজ্যেই ক্ষমতাসীন সিপিআইয়ের (এম) মুখ্যমন্ত্রী। কিন্তু মিল এখানেই শেষ। পশ্চিমবঙ্গে তিন দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা বামদের অবস্থা ভালো নয় মোটেই। হতে পারে সেখানকার বর্তমান সিপিআইয়ের নেতা বুদ্ধদেব ভট্টাচার্যই পশ্চিমবঙ্গের শেষ মুখ্যমন্ত্রী। অন্যদিকে কেরালার বাম মুখ্যমন্ত্রী ভেলিক্কাকাথু শঙ্করান আচুথানন্দনের অবার ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা উজ্জ্বল। ২০০৯ সালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এমনিতে সততা ও আপসহীনতার জন্য সুপরিচিত আচুথানন্দনকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু জনপ্রিয়তার বিবেচনায় দল প্রায় নজিরবিহীন এক সিদ্ধান্তে তাঁকে শুধু ফিরিয়ে নিতেই বাধ্য হয়নি, নির্বাচনেও মনোনয়ন দিয়েছে।৬৭ বছর বয়সী বুদ্ধদেব ভট্টাচার্যের ‘দোষ’ হচ্ছে, তিনি নিজের সামর্থ্যের চেয়েও যেন একটু বেশি স্বপ্ন দেখেছিলেন। কিছু যে করতে পারেননি তা-ও নয়। ২০০৫ সালে প্রধানমন্ত্রী মনমোহন সিং ভূয়সী প্রশংসা করে তাঁকে ‘দেশসেরা মুখ্যমন্ত্রী’ হিসেবে অভিহিত করেন।মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রথম মেয়াদে (২০০০-২০০৬) তেমন বড় কোনো অঘটন ঘটেনি। বলা যায় সফলও হচ্ছিলেন তিনি। তাঁর সৎ ভাবমূর্তি আর বাংলাকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার স্বপ্ন তরুণ, বুদ্ধিজীবী মহল ও শিল্পপতিদের কাছে প্রশংসিত হয়েছিল। কিন্তু দ্বিতীয় মেয়াদের শুরুতে (২০০৬) বুদ্ধদেব যেন একটু বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে ওঠেন। তিনি কার্যকর কোনো পরিকল্পনা ছাড়াই শিল্পায়নের পথে আগ্রাসীভাবে এগোনোর চেষ্টা করেন। শিল্পায়নের ব্যাপারে মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের অবস্থান দল ও সরকার অনেকে বেশি আগ্রাসী বলে আখ্যায়িত করেছে। সবচেয়ে বড় ধাক্কাটা আসে ২০০৭ সালে, রাজ্যসরকার যখন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রসায়নভিত্তিক শিল্প এলাকা গড়ে তোলার ঘোষণা দেয়। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরকার মুখোমুখি অবস্থানে দাঁড়ায়। এ সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব অসতর্ক এক মন্তব্য করে বিপদে পড়েন। নন্দীগ্রামে রক্তপাতের জন্য তিনি বিরোধী দলকে দায়ী করে বলেন, ‘আমরা এর দাঁতভাঙা জবাব দেব।’ তাঁর এ বক্তব্যের সমালোচনা করেন রাজ্যের তৎকালীন গভর্নর গোপালকৃষ্ণ গান্ধী, জ্যোতি বসুসহ দলের অনেক জ্যেষ্ঠ নেতা।অর্থনীতিবিদ দীপঙ্কর দাশগুপ্ত বলেন, রাজ্যের অর্থনীতির পুনরুজ্জীবনে শিল্পায়নই একমাত্র উপায়—এটা ঠিকই বুঝেছিলেন বুদ্ধদেব বসু। কিন্তু তিনি তাঁর দল ও গ্রামাঞ্চলের জনগণের মধ্যে ইতিমধ্যেই সৃষ্টি হওয়া ব্যবধানের গভীরতা বুঝতে ব্যর্থ হয়েছেন।২০০৬ সালে বুদ্ধদেব বলেছিলেন, ‘শিল্পপতিদের সঙ্গে আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব। তা হবে এই রাজ্যে বিনিয়োগের জন্যই। আমি কমিউনিস্ট বলে তাঁদের রাজ্য থেকে চলে যেতে বলব না।’উদ্দেশ্য যা-ই হোক, শেষ পর্যন্ত শিল্পায়ন নীতি জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের। এবং শিল্পপতিরাও কেউ কেউ ত্যাগ করেন তাঁকে। জনগণের অব্যাহত বাধার মুখে ২০০৮ সালে টাটা সিঙ্গুর থেকে তাদের লাখো রুপির ন্যানো গাড়ির প্রকল্প প্রত্যাহার করে।মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলে সিপিআইয়ের (এম) অস্ত্রধারী ক্যাডারদের তৎপরতা বুদ্ধদেবের ভাবমূর্তির আরও ক্ষতি করে। বুদ্ধদেবকে সিপিআইয়ের (এম) দীর্ঘ প্রতীক্ষিত আধুনিকতার রূপকার হিসেবে দলে স্বাগত জানানো হয়েছিল। কিন্তু বুদ্ধদেবের দুর্ভাগ্য, তিনি চতুর রাজনীতিক নন। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সেলিম বলেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্য দুর্নীতির সঙ্গে সমঝোতা করেন না। তিনি সৎ ও স্পষ্টবাদী। কূটকৌশলী ও ধূর্ত নন। দল পরিচালনায় এটাই তাঁর ব্যর্থতার কারণ।’ তুলনায় কেরালার সিপিআইয়ের (এম) নেতা মুখ্যমন্ত্রী ভেলিক্কাকাথু শঙ্করান আচুথানন্দন যেন সাফল্যের প্রতিচ্ছবি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে কেরালায় খুবই জনপ্রিয় তিনি। এত দিন বেতো ঘোড়া মনে করা হলেও ৮৮ বছর বয়সী আচুথানন্দন কেরালায় একাই তাঁর সরকারের ভাগ্য বদলে দিচ্ছেন। তিনি সিপিআইয়ের (এম) প্রথম নিম্নবর্ণের মুখ্যমন্ত্রী। আচুথানন্দন যে শুধু বিরোধী জোট সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্টের (ইউডিএফ) বিরুদ্ধে অপ্রত্যাশিত জয় এনে দিচ্ছেন তা-ই নয়, নিজ দলের নেতাদের বিরুদ্ধেও নিরন্তর যুদ্ধ করে টিকে আছেন। কয়েক দিন আগ পর্যন্ত দল তাঁকে এবারের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ শেষেই বিদায় দেওয়ার কথা ভাবছিল।২০০৯ সালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আচুথানন্দনকে দলের পলিটব্যুরো থেকে সাময়িক বহিষ্কার করা হয়। কিন্তু বিধানসভা নির্বাচনের আগেই তাঁকে আবার দলে ফিরিয়ে নেওয়া হতে পারে। দুর্নীতির বিরুদ্ধে আচুথানন্দনের কয়েক দশক ধরে চালিয়ে আসা অভিযান দলমত-নির্বিশেষে সবার প্রশংসা কুড়িয়েছে। সর্বশেষ যে আইনি লড়াইয়ে তিনি জিতেছেন, তাতে কারাদণ্ড হয়েছে বিরোধী জোট ইউডিএফের নেতা ও কেরালা কংগ্রেসের (বি) চেয়ারম্যান বালাকৃষ্ণ পিল্লাইয়ের। বিদ্যুৎমন্ত্রী থাকাকালীন দুর্নীতির দায়ে পিল্লাইকে এক বছরের সাজার আদেশ দেন সুপ্রিম কোর্ট। আচুথানন্দন ওই মামলার সূত্রপাত করেন। পিল্লাইয়ের এ সাজা হওয়ার কয়েক দিন আগে আচুথানন্দনের চালানো আরেকটি মামলা পুনরুজ্জীবিত করা হয়। এই মামলাটি ছিল যৌন কেলেঙ্কারি নিয়ে। এতে মুসলিম লীগের সাধারণ সম্পাদক পিকে কুনহালিক্কুট্টি (ইউডিএফের আরেক নেতা) জড়িত ছিলেন। শুধু রাজনৈতিক বিরোধীদের বিপক্ষে দুর্নীতিবিরোধী যুদ্ধ করলে আচুথানন্দন কেরালায় ‘নৈতিক বিবেক’ হতে পারতেন না। দুর্নীতির জন্য দলের রাজ্য শাখার সাধারণ সম্পাদক পিনারায় বিজয়নকেও ছাড় দেননি তিনি। বিজয়নের বিরুদ্ধে ৩৪০ কোটি রুপির এসএনসি লাভালিন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যদিও দল বলেছিল, বিজয়ন নির্দোষ। এ কারণেই দলের জ্যেষ্ঠ অনেক নেতার বিরাগভাজন হন আচুথানন্দন। ফল, ২০০৯ সালে পলিটব্যুরো থেকে সাময়িক অব্যাহতি। তার পরও দমেননি আচুথানন্দন। সম্প্রতি লটারি কেলেঙ্কারির বিষয়ে কেন্দ্রীয় সরকারকে সিবিআই দিয়ে তদন্তের আহ্বান জানান তিনি। এতে অর্থমন্ত্রী টমাস আইজ্যাকসহ অনেক নেতার বিরাগভাজন হন। এ কারণেই ইন্ডিয়া টুডের এক জরিপে রাজ্যে সিপিআই ও সরকারের জনপ্রিয়তা কমে যেতে দেখা গেলেও আচুথানন্দন রাজ্যের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী হয়েছেন। আচুথানন্দনকে আধুনিকায়ন ও উন্নয়নের বিরোধী রক্ষণশীল কমিউনিস্ট বলে মনে করেন বিরোধীদের অনেকে। কিন্তু মুখ্যমন্ত্রীর মেয়াদের শেষ দিকে এসে দুই হাজার ৩০০ কোটি রুপি ব্যয়ে তথ্যপ্রযুক্তিবিষয়ক ‘স্মার্ট সিটি’ প্রকল্প অনুমোদন করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন তিনি।  মাহফুজার রহমান, ইন্ডিয়া টুডে অবলম্বনে