
সাতকানিয়া-বাঁশখালী সড়কের সাতকানিয়া পৌর এলাকার জামে মসজিদ থেকে ডলু সেতু এলাকার আদালত মোড়ের দূরত্ব এক কিলোমিটার। এই কিলোমিটার পেরোতে এখন সময় লাগছে আধঘণ্টা। ক্ষেত্র বিশেষে এই সময় আরও বাড়ে।
এই দুই মোড়ে যানজট দিন দিন বেড়েই চলেছে। এর ফলে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। ২০ কিলোমিটারের সড়কটি দিয়ে সাতকানিয়ার বিভিন্ন এলাকার পাশাপাশি বাঁশখালী উপজেলার বাসিন্দারা যাতায়াত করেন।
যাত্রী ও পথচারীরা জানান, যানজটের মূল কারণ সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা, যত্রতত্র পার্কিং ও ভাসমান দোকান। এ ছাড়া সড়কের পাশের স্থায়ী দোকানিরাও সড়কের কিছু অংশে মালামাল রাখার কারণে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়।
সরেজমিনে দেখা গেছে, সাতকানিয়া মোটর স্টেশন থেকে জামে মসজিদ মোড়, দেওয়ান হাট, সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে আদালত জামে মসজিদ ও সতিপাড়া থেকে আদালত মোড় পর্যন্ত দোকানিরা সড়কের ওপর পণ্য সাজিয়ে রেখেছেন। রড, সিমেন্ট ও স্যানিটারি সামগ্রীর দোকানিরা সড়কের ওপর ট্রাক, পিকআপ, ভ্যান ও ঠেলাগাড়ি দাঁড় করিয়ে পণ্য ওঠানো-নামানোর কাজ করছেন। এ ছাড়া জামে মসজিদ মোড়ে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী পিকআপ (স্থানীয় ভাষায় ম্যাজিক গাড়ি) দীর্ঘ সময় ধরে সড়কের ওপর দঁাড়িয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছে। সড়কটির প্রস্থ মাত্র ১২ ফুট, তার ওপর নানা প্রতিবন্ধকতার কারণে হয়ে পড়েছে কার্যত একমুখী।
সড়ক ও জনপথ বিভাগের দোহাজারী ও সাতকানিয়া পৌরসভা কার্যালয় সূত্র জানায়, সাতকানিয়া সদরে টার্মিনাল ও গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট কোনো স্থান না থাকায় প্রতিদিন জামে মসজিদ ও আদালত মোড়ে যানজট সৃষ্টি হচ্ছে। তা ছাড়া সাতকানিয়া-বাঁশখালী সড়কের আলিয়া মাদ্রাসা থেকে ডলু সেতু পর্যন্ত এলাকা সরু হওয়ার কারণেও গাড়ি চলে ধীরগতিতে।
গাড়িচালকেরা জানান, সাতকানিয়া-বাঁশখালী সড়ক দিয়ে যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাস, যাত্রীবাহী পিকআপ ভ্যানসহ প্রায় দেড় হাজারের মতো সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। বেশির ভাগ গাড়ি ছাড়ে জামে মসজিদ ও আদালত মোড় থেকে। কিন্তু ওই দুই এলাকায় গাড়ি রাখার কোনো নির্দিষ্ট স্থান নেই। সড়কের ওপর দাঁড় করিয়েই যাত্রী ওঠানো-নামানো হয়। এতে স্বাভাবিকভাবে যানজটের সৃষ্টি হচ্ছে।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী ফারজানা সুলতানা ও জাফর আহমদ চৌধুরী কলেজের এইচএসসি পরীক্ষার্থী প্রিয়াঙ্কা সুশীল বলেন, যানজটের কথা চিন্তা করে প্রতিদিন আগেভাগেই বাড়ি থেকে বের হই। তারপরও মাঝে মাঝে ঠিক সময়ে ক্লাসে পৌঁছাতে পারি না।
সাতকানিয়া উপজেলা সিএনজিচালিত অটোরিকশা চালক সমিতির সভাপতি শাহ আলম বলেন, প্রশাসন বা পৌরসভা কর্তৃপক্ষ যাত্রী ওঠানো-নামানোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিলে যানজট তেমন হবে না। তবে টার্মিনালের ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয়।
সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, টার্মিনালের জন্য জায়গা খোঁজা হচ্ছে। কিন্তু পৌরসভা সদরে পর্যাপ্ত পরিমাণ জায়গা পাওয়া যাচ্ছে না। আবার দূরে কোথাও টার্মিনাল নিয়ে গেলে সেখানে যাত্রী বা গাড়িচালক কেউ-ই যেতে চাইবেন না। তারপরও চেষ্টা চলছে সদরের কোথাও টার্মিনালের জন্য জায়গা পাওয়া যায় কিনা।