দুই মেয়র প্রার্থীকে নিয়ে আলোচনা তুঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় নির্বাচনী প্রচারণা এখন অন্য রকম মোড় নিয়েছে। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা এত দিন ঘরে ঘরে গিয়ে গণসংযোগ চালালেও এখন বিভিন্ন স্থানে চলছে পথসভাও। গলি-মহল্লায় চলছে মাইকযোগে প্রচারণা। জয়-পরাজয় নিয়ে চলছে নানা হিসাব। বিশেষ করে, মহাজোট ও চারদলীয় জোট মনোনীত দুই মেয়র পদপ্রার্থীকে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। কারণ অর্থবিত্ত, শিক্ষা ও প্রভাব প্রতিপত্তির দিক থেকে মহাজোট ও চারদলীয় জোটের প্রার্থীর মধ্যে ব্যবধান আকাশ-পাতাল। সব রকম বৈষয়িক দিক থেকে মহাজোট প্রার্থীর পাল্লা ভারী। তবে দুই মেয়র প্রার্থীর প্রচারণা দেখে ভোটাররা কৌতূহল নিয়ে অপেক্ষা করছেন ভোটের বাক্স কোন দিকে ভারী হয়, তা দেখার জন্য। পৌরসভায় মহাজোটের একক প্রার্থী টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান প্রয়াত এজাহার মিয়া কোম্পানির ছোট ভাই মোহাম্মদ ইসলাম কোম্পানি। তিনি রাজনীতিতে নতুন, ব্যক্তিজীবনে কোটিপতি ব্যবসায়ী এবং এলাকায় জনপ্রিয়। ঢাকায় সপরিবারে অবস্থান করলেও এলাকায় তাঁকে নিয়ে তেমন বিতর্ক নেই।অন্যদিকে চারদলীয় জোটের একক মেয়র পদপ্রার্থী জামায়াতের নেতা ও পৌরসভার ভারপ্রাপ্ত (দুর্নীতির দায়ে অপসারিত) সাবেক মেয়র মোহাম্মদ ইসমাইল। অর্থবিত্তের দিক থেকে ইসলাম কোম্পানির ধারেকাছেও নেই তাঁর অবস্থান। দুই মেয়র পদপ্রার্থীর বাড়ি নাফ নদীর তীরে জালিয়াপাড়ায় পাশাপাশি। জালিয়াপাড়ার ভোটার সৈয়দ হোসেন (৩৪) বলেন, ‘টেকনাফ পৌরসভার প্রথম মেয়র হন বর্তমান সাংসদ বদি। পরে তিনি সাংসদ নির্বাচিত হলে তাঁর সহযোগিতায় ভারপ্রাপ্ত মেয়র হন কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল। এখন তিনি বদির কোটিপতি চাচার বিরুদ্ধে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’ তবে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের সমর্থক কয়েকজন ভোটার জানান, সাংসদ বদির বিতর্কিত কর্মকাণ্ডে এলাকার ভোটাররা অতিষ্ঠ। তাই তাঁরা দুর্বল হলেও ইসমাইলের পক্ষে রায় দিয়ে নাগরিক অধিকার প্রতিষ্ঠার চেষ্টা চালাবেন।চারদলীয় জোটের প্রার্থী মোহাম্মদ ইসলাম বলেন, ‘ইসলাম কোম্পানিকে আমিও শ্রদ্ধা করি। কিন্তু তাঁর পক্ষের লোকজনের বিতর্কিত কর্মকাণ্ডে জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। তাঁর ক্ষমতাকে কাজে লাগিয়ে কিছু সন্ত্রাসী আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট চালাচ্ছে। নির্বাচনের দিনও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কারচুপি করার আশঙ্কা রয়েছে।’ সম্প্রতি কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইসমাইল সাংসদ বদির বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আবদুর রহমান বদি বলেন, ‘এসব জামায়াত-বিএনপির নাটক। তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়।’ মহাজোটের প্রার্থী মোহাম্মদ ইসলাম কোম্পানি বলেন, ‘এলাকার উন্নয়ন আর ভোটারদের আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে আমি মেয়র পদে নির্বাচন করছি। ভোটারদের সঙ্গে মারপিট কিংবা কারচুপির কোনো সুযোগ নেই।’