দুই রঙে বর্ণিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেক, বাহারি নকশা ব্যবহারে বৈচিত্র্য এসেছে পোশাকে। মডেল: রিবা ও তিশা, পোশাক: আড়ং, সাজ: কিউবেলা, ছবি: কবির হোসেন
চেক, বাহারি নকশা ব্যবহারে বৈচিত্র্য এসেছে পোশাকে। মডেল: রিবা ও তিশা, পোশাক: আড়ং, সাজ: কিউবেলা, ছবি: কবির হোসেন

সাদা আর কালো। এই দুইয়ের আবেদন বোধহয় কখনো একঘেয়ে হবার নয়। বিশ্বজুড়েই খুব চলছে যখন চড়া, উজ্জ্বল রঙগুলো তখনো সাদা-কালোর ফ্যাশন পুরনো নয়। রঙের কমতিটা পুষিয়ে নিতে ডিজাইনাররা ব্যবহার করছেন বাহারি প্যাটার্ন আর নকশা। ফলে সাদা-কালোয় বৈচিত্র্যময়—এমনই এ সময়ের ট্রেন্ড।

একটু চাপা কামিজ আর ডিভাইডারের ফ্যাশন চলছে বেশ
একটু চাপা কামিজ আর ডিভাইডারের ফ্যাশন চলছে বেশ

সাদা শাড়ি আর চিকন কালো পাড় বা কালো পোশাকে সাদা বর্ডার—এ ধরনের পোশাক একটু তো একঘেয়েই মনে হয়। না, ফ্যাশন ডিজাইনাররা ভাঙছেন এমন ধরন। প্রিন্ট আর প্যাটার্নের বৈচিত্র্যে সাদা-কালো পোশাকই এখন বাহারি। বাড়তি ঔজ্জ্বল্য যোগ করতে কমলা, লাল, বাদামি, নীল—এসব রঙের ছোঁয়াও আছে। তবে পোশাকের মূল রং বলতে সাদা আর কালোই থাকছে।

একটু চাপা কামিজ আর ডিভাইডারের ফ্যাশন চলছে বেশ
একটু চাপা কামিজ আর ডিভাইডারের ফ্যাশন চলছে বেশ

রং বলতে তো এই দুটোই, তার নানা রকম শেডের ব্যবহারও তেমন নেই। তবে কীভাবে নকশায় পরিবর্তন আনা হচ্ছে? জানালেন আড়ংয়ের ডিজাইন ইনচার্জ (সালোয়ার-কামিজ) রুনা আফসানা চৌধুরী। ‘টেক্সচারের ভিন্নতা আনা হয়েছে। কাপড়ের প্রিন্ট, বুনন—সবকিছু নিয়েই পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ডিটেইলিং বা সূক্ষ্ম কাজের প্রতিও মনোযোগ দেওয়া হচ্ছে। চেকের নকশা করেও কিছু পোশাক এনেছি আমরা।’
দুটো রঙেই বেশ কয়েক বছর ধরে পোশাকের নকশা করে আসছে ফ্যাশন হাউস সাদাকালোর ডিজাইনার তাহসীনা শাহীন। সাদা আর কালোর মধ্যেই প্রতিবছর নতুনত্ব আনার চ্যালেঞ্জটা তাঁর কাছে তাই সহজই হয়ে এসেছে বলা যায়। এ জন্য তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন একটি নির্দিষ্ট থিম ধরে কাজ করার ওপর। এ বছর যেমন তাঁরা এনেছেন আলপনার মোটিফে পোশাক। আর বছরজুড়ে দেশের নানা অঞ্চলের হাতের কাজের ব্যবহারে পোশাকের নকশা করবেন বলে জানালেন তিনি।
বাজার ঘুরে দেখা গেল, এবার বেশ ট্রেন্ডি ধাঁচের কাট ব্যবহার হচ্ছে পোশাকে। কুর্তা, ফতুয়ায় বৈচিত্র্য তো আছেই। একদম ঢিলেঢালা, লম্বা পোশাকের চলটা বোধ হয় একটু কমেই এসেছে। একটু চাপা, একহারা ধাঁচের কামিজ ফিরে আসছে আবার।
সাদাকালো ফতুয়া বা টপ একটু সাদামাটা ধরনের হলে এর সঙ্গে পরে নিন পালাজ্জো প্যান্ট বা ডিভাইডার। বেশ ট্রেন্ডি দেখাবে। আর লেগিংস তো পরা হচ্ছেই।
তবে যেকোনো একদিন বা বিশেষ কোনো উপলক্ষে না পরে এই পোশাকগুলো যাতে সব সময় ব্যবহার করা যায়, সেদিকেও খেয়াল রাখছেন ডিজাইনাররা। পার্টিতে জমকালো পোশাক হিসেবেও পরতে পারবেন। তবে সাজটা তখন হওয়া চাই একটু চড়া। লাল, গোলাপি বা বেগুনি লিপস্টিক তো অনায়াসেই ব্যবহার করতে পারেন। পোশাকের সঙ্গে রং মেলানোর কোনো ঝামেলাই থাকবে না। চোখেও থাকতে পারে মোটা কাজল। পোশাকে রঙের বাড়াবাড়ি থাকছে না, সাজে তাই ইচ্ছেমতো বৈচিত্র্য আনতে কোনো বাধাই নেই। এমন পোশাকের সঙ্গে ধাতব গয়না খুব মানায়। আর তা বলতে রুপার কথাই সবার আগে আসবে। পার্টিতে রুপার তৈরি ভারী গয়না পরে নিতে পারেন। মুক্তা বা পুঁতিও খারাপ লাগবে না।