দুই রতনের মিলনকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁটাচলাই বলে দিচ্ছে আজ তাঁর ভীষণ তাড়া। একপলক দেখা দিয়ে অন্দরে ঢুকে গেলেন। মনে হলো বন্দরে এসেও তরী ভিড়ল না তীরে!না, এক মিনিট পরই এলেন, হাসি ছড়ালেন আমাদের তপন চৌধুরী, ‘মন শুধু মন ছুঁয়েছে...’ গানের সেই শিল্পী।শুরুতে ছেলেবেলার কথা জানতে চাইলাম। তপন চৌধুরীর চোখের ভাষাটা পড়া গেল, জীবনের ভরদুপুরে এসে জানতে চাও সূর্যোদয়ের কাহিনি? হ্যাঁ, তা-ই শুনতে চাই। তিনি শুরু করলেন, ‘প্রথমেই লেখাপড়ার কথাটা বলি, সেখানে ভালো একটা গল্প আছে। আমি গিয়েছিলাম কলেজিয়েট স্কুলে ভর্তি পরীক্ষা দিতে। ফেরার সময় এক বন্ধুর সঙ্গে দেখা হলো। সে বলল, “চল আমার সঙ্গে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে, সেখানে গানের প্রতিযোগিতা হচ্ছে।” সেখানে দেখি ধীরেন বাবুর তত্ত্বাবধানে জাতীয় সংগীতের মহড়া চলছে। অনেকে গাইল, আমি শুনলাম। আমার বন্ধুটা হেডস্যারকে বলল, “এই সব গান ভালোই গাইতে পারে তপন, তাকে একটু সুযোগ দিন।” স্যার বললেন, “গাও।” গাইলাম। তিনি ব্যস্ত হয়ে জানতে চাইলেন আমি ওই স্কুলের ছাত্র কি না। আমি কলেজিয়েট স্কুলে পরীক্ষা দেওয়ার কথা বললাম। তিনি বললেন, “ওখানে যাওয়ার দরকার নেই, তুমি আমার স্কুলেই ভর্তি হয়ে যাও।” স্যারের কথায় ভর্তি হলাম।’গান আপনার শিক্ষাজীবনের গতি নির্ধারণ করে দিল? উত্তরে শুধু হাসলেন তপন চৌধুরী।তপনের ছেলে সত্যম বাবার কাছে আসছে বারবার কানে কানে কথা বলে আবার চলে যাচ্ছে। এরই মধ্যে আড্ডায় যোগ দিলেন মিলন চৌধুরী। তিনি তপনের সহোদর, নাট্যাঙ্গনের আলোকিত মানুষ। তপনের একটি মন্তব্য মনে গেঁথে গেল, ‘আমাদের পরিবারের সবচেয়ে সৃজনশীল এবং গুণী মানুষ হলেন আমার এই ভাইটি (মিলন)। কিন্তু তিনিই রয়ে গেলেন পাদপ্রদীপের আলোর বাইরে।’ভাই সম্পর্কে তপনের মূল্যায়ন কত খাঁটি—তা বোঝাতে মিলন চৌধুরীকে নিয়ে দু-একটা কথা বলতে হয়। মিলন একাধারে নাট্যকার, নির্দেশক ও গণসংগীতের শিল্পী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পশ্চিম বাংলায় বাংলাদেশ শিল্পী সংসদের ব্যানারে মুক্তির গান গেয়েছেন। দেশের প্রথম পথনাটক যায় দিন ফাগুনো দিন তাঁরই সৃষ্টি। গণায়ন ও অঙ্গন থিয়েটার ইউনিটের প্রতিষ্ঠাতা তিনি, নাট্যচর্চায় কাটিয়েছেন তিন যুগ। তাঁর হাত ধরে যাঁরা নাটকে এসেছিলেন আজ তাঁদের অনেকে জাতীয় তারকা।জীবনের নানা বাঁকে ঘটে যাওয়া কথা জানতে চাই তপন চৌধুরীর কাছে। বলেন, ‘মোমিন রোডেই ছিল আমাদের বাসা, সামনে ডিসি হিল। আর ডিসি হিলই ছিল আমাদের গান ও আড্ডার মিলনকেন্দ্র। নিউমার্কেট, আগ্রাবাদ, ষোলশহর রেল স্টেশন, মেডিকেল কলেজসহ আরও কত জায়গায় আমাদের আড্ডা হতো!’ ছেলেবেলার বন্ধু নেপাল, স্বপন, মৃদুল কিংবা মানিক, লুলু, রনিদা, আবু ভাই, সাজেদ, নকিব, তাদের সঙ্গে কত স্মৃতি!’কথা চলতে থাকে, তপন বলতে থাকেন, ‘মিউনিসিপ্যাল স্কুলের রফিক স্যারের কথা ভুলতে পারি না। পরপারে চলে যাওয়া বন্ধু কমলের ছবি এখনো ভাসে চোখে, রতন, পিপলু ছিল স্কুলজীবনের প্রাণের বন্ধু।’এবার যোগ দেন মিলন চৌধুরী। বলেন, ‘আমাদের পরিবারে তপন এসেছিল সৌভাগ্যের প্রতীক হয়ে। যে বছর ওর জন্ম হয় সে বছর বাবা অনেক মামলায় জেতেন, অনেক জমি আমাদের হয়ে যায়। তাই প্রতিবছর তপনের জন্মদিনে মানুষ ডেকে খাওয়াতেন বাবা।’সে কথা শুনে মিটিমিটি হাসেন তপন চৌধুরী। পাঠকদেরও যেন হাসানোর সাধ জাগে তাঁর, তাই ফিরে যান সোলসের সেই দিনগুলোতে। “আমরা যখন অনুষ্ঠান করতাম তখন মানুষ ব্যান্ডের খুঁটিনাটি জানতেন না। আমরা যখন মঞ্চে বাজাতাম তখন দর্শকেরা বেজ গিটারকে বলতেন বেহালা। একবার বায়না করতে এল এক লোক। আমরা কী বাদ্যযন্ত্র নেব তা আগেই বলে রাখলাম যাতে বাদ্যযন্ত্র নিয়ে যাওয়ার জন্য লোক পাঠান। ড্রামসের কথা শুনে লোকটা বেজায় হাসল, তারপর বলল, ‘আমাদের বাড়িতে অনেক ড্রাম আছে, ওটা আনার দরকার নেই।’ তিনি মনে হয় ড্রামসকে তেলের ড্রাম ভেবেছিলেন।”তপন জানান, চট্টগ্রাম ক্লাবের একটা অনুষ্ঠান করে প্রথম ৩৫ কি ৩৭ টাকা সম্মানী পেয়েছিলেন। জানালেন, গান করতে গিয়ে ভীষণ সংগ্রাম করতে হয়েছে, অনেক সময় নিজেরাই বাদ্যযন্ত্র বয়ে নিয়ে অনুষ্ঠানে যেতেন। তিনি বলেন, ‘সোলসের মাধ্যমেই গানের প্রতিষ্ঠা আমার। রনিদা (সুব্রত বড়ুয়া রনি) আমাকে সোলসে নিয়ে গিয়েছিল। এ জন্য আমি চিরকৃতজ্ঞ। তবে ১৯৮৪-৮৫ সালের দিকে আমার একক অ্যালবাম বের হলে আলাদা খ্যাতি হয়।’আশির দশকের মাঝামাঝিতে আপনার কণ্ঠে আসকর আলী পণ্ডিতের গান ‘ডালেতে লরিচড়ি বইয়ো...’ দারুণ জনপ্রিয় হয়। ব্যান্ডের শিল্পী হয়েও একজন সাধক গায়েনের গান গেয়ে দেশ মাত করলেন। এ ব্যাপারে একটু বলবেন? তপন বলেন, ‘‘সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, সঙ্গে ছিলেন আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শ্যামসুন্দর বৈষ্ণব। তিনি আমাকে একদিন বললেন, ভাগিনা ‘ডালেতে লরি চড়ি বইয়ো’ গানটা খুব সুন্দর, তুই গাইলে ভালো হয়। তিনি গানটা আমাকে তুলে দেন। আসলে আমরা গানকে গান হিসেবে বিচার করতাম। সবসময় ভালো গান করতে চাইতাম।’’প্রসঙ্গক্রমে এল শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষের কথা। তপনের মত—শ্যাম-শেফালীর মতো জুটি আর হবে কি না সন্দেহ। চট্টগ্রামের দুজন শিল্পী, আঞ্চলিক গান নিয়ে গোটা দেশ-বিদেশ মাতিয়েছেন ভাবা যায়! তবে তাঁর মতে, আঞ্চলিক গান এখন জাতীয় সম্পদ। গান নিয়ে কিশোর বয়সের একটি দুঃখের স্মৃতি বললেন তপন, ‘১৯৭৪-৭৫ সালের ঘটনা, আমি তখন ম্যাট্রিকে পড়ি। মুসলিম হলে রুনা লায়লার অনুষ্ঠান হবে, টিকিটের দাম ১০০ টাকা। খুব ইচ্ছা রুনার গান শোনার, কিন্তু তখন ১০০ টাকা জোগাড় করা একজন ছাত্রের পক্ষে চাট্টখানি কথা নয়। টাকার জন্য অনুষ্ঠান দেখতে পারলাম না। পরে রুনা লায়লার গান অনেক শুনেছি, এক মঞ্চেও গেয়েছি, কিন্তু সেই দিনের দুঃখ এখনো ভুলতে পারিনি।’তপন বলতে ভুললেন না, চট্টগ্রামে এখনো অনেক ভালো ব্যান্ড আছে, তারা ভালো গান করে। তবে তাঁদের সময়ে যে জোয়ার ছিল তা এখন তিনি দেখতে পান না।স্মৃতির শহরের জন্য মন কাঁদে না? এমন প্রশ্নে তপন চৌধুরীর আলোয় ভরা মুখটা কালো হয়ে যায়। বলেন, ‘চট্টগ্রাম কেন স্মৃতির শহর হবে? এটির সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। অন্য সব নগর স্মৃতির শহর হয়ে যাবে, চট্টগ্রাম নয়। আমি তো চাই মরণের পর যেন আমার ঠিকানা হয় এই শহরে। কারণ চট্টগ্রামের মানুষের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি তা শোধ করার সাধ্য যে আমার নেই!’