দুই লাখ মানুষের জন্য আশ্রয়কেন্দ্র ৫৯টি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁশবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের সব জানালার কাচ ও দরজা ভেঙে গেছে  প্রথম আলো
বাঁশবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের সব জানালার কাচ ও দরজা ভেঙে গেছে প্রথম আলো

সীতাকুণ্ডের উপকূলীয় এলাকার প্রায় দুই লাখ বাসিন্দার জন্য ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে মাত্র ৫৯টি। এর মধ্যে সংস্কারের অভাবে ১৩টির অবস্থা এখন শোচনীয়। কোনোটিতে খসে পড়ছে পলেস্তারা। কোনোটিতে নেই শৌচাগার। ফলে ঘূর্ণিঝড়ের সময় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষদের পড়তে হয় নানা ভোগান্তিতে।
উপকূলীয় এলাকার বাসিন্দারা জানান, আশ্রয়কেন্দ্র নির্মাণের পর থেকে বড় ধরনের সংস্কার করা হয়নি। যার জন্য সমস্যা দিন দিন বেড়েছে। এ ছাড়া গৃহপালিত পশুপাখি রাখার ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হয়।
ঘূর্ণিঝড় প্রতিরোধ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় প্রয়োজনের তুলনায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের সংখ্যা কম। বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে বড় ধরনের সংস্কার প্রয়োজন। আমরা সংস্কারের বিষয়ে একটি বিবরণী মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অবশ্য ভাঙা বেড়িবাঁধ নির্মাণ হলে আশ্রয়কেন্দ্রের প্রয়োজনীয়তা কিছুটা কমে যাবে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের উপকূলীয় নয় ইউনিয়ন ও একটি পৌরসভায় স্থাপন করা হয়েছে ৫৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। বিভিন্ন দাতা সংস্থা ও সরকারি উদ্যোগে ১৯৭৮ থেকে ২০০৫ সালের মধ্যে এসব আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচের মূল পিলারের পলেস্তারা উঠে গিয়ে রড দেখা যাচ্ছে। খসে পড়ছে ছাদের পলেস্তারাও। এ ছাড়া সৈয়দপুরের আরও দুটি, পৌর এলাকার পাঁচটি, কুমিরার দুটি, এবং বাড়বকুণ্ড, সলিমপুর, বারইয়াঢালা ও ভাটিয়ারিতে একটি করে আশ্রয়কেন্দ্র ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে উত্তর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রেরও দরজা-জানালা ভেঙে গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান বলেন, আশ্রয়কেন্দ্রগুলোর বড় ধরনের সংস্কার করার জন্য কোনো বরাদ্দ নেই। তার পরও নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিষয়টি আলোচনা করে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।