দুই লাখ মানুষের ভরসা তিনজন চিকিৎসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় অবকাঠামো, জনবল এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়নি। উপজেলার দুই লাখ মানুষ এই চিকিৎসাকেন্দ্রের ওপর নির্ভরশীল। অথচ কর্মরত আছেন মাত্র তিনজন চিকিৎসক ও একজন সেবিকা (নার্স)। কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়ার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিত্র এটি। জানা গেছে, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কুতুবদিয়া দ্বীপবাসীকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ১৯৭৭ সালে ১০ শয্যার একটি চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়। রোগীর সংখ্যা বেড়ে গেলে ১৯৮৪ সালে হাসপাতালটিকে ৩১ শয্যায় উন্নীত করা হয়। ২০০৭-০৮ অর্থবছরে ৩১ শয্যা থেকে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৫০ শয্যার হাসপাতালের জন্য ২৭ জন চিকিৎসক, ১৩ জন নার্সের পদ সৃষ্টি করা হলেও কর্মরত রয়েছেন মাত্র তিনজন চিকিৎসক ও একজন সেবিকা। ৭৬ জন কর্মচারীর মধ্যে প্রধান অফিস সহকারী, হিসাবরক্ষকসহ ৪০টি পদ শূন্য রয়েছে। একজন সেবিকা পুরুষ ও মহিলা ওয়ার্ডে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন।৫০ শয্যায় উন্নীত করা হলেও বর্তমানে এই স্বাস্থ্যকেন্দ্রের পুরুষ ওয়ার্ডে ১২টি এবং মহিলা ওয়ার্ডে ১১টি শয্যা রয়েছে। ডায়রিয়া, নিউমোনিয়াসহ সংক্রামক রোগের প্রকোপ দেখা দিলে শয্যার অভাবে রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ২-৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে। এতে শল্যচিকিৎসাসহ জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চালানো যাচ্ছে না বিভিন্ন যন্ত্রপাতি। বিদ্যুৎ না থাকায় নিয়মিত পানির মোটর চালানো যায় না। এ কারণে পানির অভাবে হাসপাতালের শৌচাগার ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে। ২৩ জুলাই সরেজমিন হাসপাতাল পরিদর্শন করে দেখা গেছে, শতাধিক নারী-পুরুষ (রোগী) টিকিটের জন্য অপেক্ষা করছেন। তাবলরচর গ্রামের রোগী মোহাম্মদ তারেক বলেন, ‘সকাল সাড়ে আটটায় চিকিৎসা নিতে হাসপাতাল এসেছি। সকাল ১১টায়ও চিকিৎসকের দেখা পাচ্ছি না।’পুরুষ ওয়ার্ডে ১০ জুলাই পেটের ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন নূর মোহাম্মদ (৩২)। তিনি বলেন, ‘প্যারাসিটামল ছাড়া হাসপাতাল থেকে আর কোনো ওষুধ দেওয়া হয়নি। সব ওষুধ বাইরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে।’মহিলা ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগী রোপিয়া খাতুন (৩৫) বলেন, ‘ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্ির্ত হয়েছি। চিকিৎসকের ইচ্ছে হলে ওয়ার্ডে আসেন। আর একজন সেবিকা সকাল সাতটা থেকে দুপুর দুটা পর্যন্ত থাকেন, বিকেলে আসেন না।’ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আলম বলেন, প্রতিজন চিকিৎসক দৈনিক ৫০০ থেকে ৭০০ রোগী দেখেন বহির্বিভাগে (আউটডোরে)। হাসপাতালে বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় ঠিকমতো চিকিৎসাসেবা দেওয়া যাচ্ছে না। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকলেও জনবল এবং বিদ্যুতের অভাবে অযত্নে পড়ে রয়েছে। ১৯৯৭ সালে এই হাসপাতালের জন্য সরকার একটি অ্যাম্বুলেন্স দিলেও ১৯৯৯ সালে তা বিকল হয়ে পড়ে। তখন থেকেই অ্যাম্বুলেন্সটি হাসপাতালের বারান্দায় পড়ে আছে। মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে রোগের পরীক্ষা-নিরীক্ষা করা যাচ্ছে না। ফলে বঞ্চিত হচ্ছে চিকিৎসাসেবা নিতে আসা দরিদ্র রোগীরা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আলম জানান, হাসপাতালে জনবল ও শয্যাসংখ্যা বৃদ্ধি, চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ নিশ্চিতসহ নানা সমস্যা দূরীকরণের জন্য জেলার সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। কক্সবাজারের সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া বলেন, শূন্যপদে জনবল নিয়োগের চেষ্টা চলছে।