দুই লাখ মেট্রিক টন চাল উৎপাদনের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত বছরের জানুয়ারি মাসে বর্গা নেওয়া তিন একর জমিতে বোরোর আবাদ করে প্রায় ১৪ মেট্রিক টন ধান পেয়েছিলাম। ধানের ন্যায্যমূল্য পাওয়ায় ভালো লাভ হয়েছিল। তাই এখন ওই তিন একর জমিতে আমন ধানের চাষ করছি। আশা করছি এবারও সমপরিমাণ ধান পাব।’
৩ সেপ্টেম্বর দুপুরে কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসেরচর গ্রামের কৃষক দিল মোহাম্মদ (৫২) এসব কথা বলেন। তাঁর মতো ওই গ্রামের কৃষক সাইফুল ইসলাম, রমিজ আহমদসহ অনেকে আমন চাষে ভালো ফলনের আশা করছেন। রামু উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া, রাজারকূল, মিঠাছড়ি ইউনিয়নেও ব্যাপকভাবে আমনের চাষ হচ্ছে।
চাষিরা জানান, গত আগস্ট থেকে তাঁরা মাঠে চারা রোপণ শুরু করেন। তবে টেকনাফ, উখিয়া, চকরিয়া, সদর কক্সবাজারসহ কয়েকটি উপজেলায় চলতি সেপ্টেম্বর মাসেও চারা রোপণ চলছে। আগামী নভেম্বর থেকে ডিসেম্বর সময়ে এ ধান কেটে গোলায় তোলা হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এবার জেলার আটটি উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৮ হাজার ৫১৯ একর জমিতে। কিন্তু চাষ হচ্ছে লক্ষ্যমাত্রার চেয়েও চার হাজার একর বেশি অর্থাৎ এক লাখ ৮২ হাজার ৭৮০ একরে। এসব জমিতে দুই লাখ ৮৭ হাজার ৪৭৫ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে; যা থেকে এক লাখ ৯১ হাজার ৬৫০ মেট্রিক টন চাল পাওয়া যাবে।
এর সত্যতা নিশ্চিত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবারও আমনের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। গত বছর জেলার এক লাখ ৩৭ হাজার ৮২৫ একর জমিতে বোরো ধানের চাষ করে পাওয়া গিয়েছিল দুই লাখ ১৭ হাজার ৬২১ মেট্রিক টন চাল।