দুই শতাধিক অবৈধ দখলদার উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত থেকে দুই শতাধিক অবৈধ দখলদারকে উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চার ব্যবসায়ীর কাছ থেকে ছয় হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, এক দিন আগে মাইকিং করে ফুটপাত থেকে অবৈধ দোকান ও স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এক দিন না যেতেই আকস্মিকভাবে দোকানপাট উচ্ছেদ করায় তাঁদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়ে গেল।পৌরসভা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে কাঁচা-পাকা দোকানপাট গড়ে তুলে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কিছু লোক। বিভিন্ন সময় সতর্ক করা হলেও তাঁরা দখল ছাড়েননি। তাই জনগণের সম্পদ উদ্ধারের জন্য এ উচ্ছেদ অভিযান চালানো হয়।টেকনাফ পৌরসভার মেয়র মো. ইসলাম জানান, পৌর নির্বাচনে তাঁর প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ছিল অবৈধ দখল ও যানজটমুক্ত পৌরসভা গঠন করা। সম্প্রতি এলাকার সচেতন নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় অবৈধ দখল ও যানজটমুক্ত পৌরসভা গড়ে তোলার সিদ্ধান্ত হয়। এরপর অবৈধ দখলদারদের সরে যাওয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়। কাজ না হওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়। ১৭ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জিরো পয়েন্ট, থানার মোড়, শাহপরীর দ্বীপ, জিপ স্টেশন, পুরাতন বাসস্টেশন, বার্মিজ স্কুল এলাকা, লামার বাজার ও বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পৌর কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।