কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-শাপলাপুর সড়কের দুই পাশ থেকে গত এক মাসে দুই শতাধিক গাছ কেটে নিয়ে গেছে বনদস্যুরা। তদারকির দায়িত্বরত উপজেলা প্রকৌশলী কার্যালয় বনদস্যুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গোরকঘাটা-শাপলাপুর সড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকা টেকসই করতে ১০ বছর আগে স্থানীয় উপজেলা প্রকৌশলী কার্যালয় দুই পাশে গাছ রোপণ করে। কিন্তু নিয়মিত পাহারা না দেওয়ায় বনদস্যুরা প্রতিনিয়ত ওই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গোরকঘাটা-শাপলাপুর সড়কের ছোট মহেশখালী ইউনিয়নের বড়খোলা নামক স্থানে ৪০টি ছোট-বড় গাছ কেটে নিয়ে যায় বনদস্যুরা। এ ছাড়া শাপলাপুর ইউনিয়নের কায়দাবাদ, মুকবেকিসহ বিভিন্ন স্থানে ছোট-বড় দেড় শতাধিক গাছ কেটে নিয়ে যায়। শাপলাপুর ইউনিয়নের মুকবেকি এলাকার বাসিন্দা আবদুর রহিম জানান, রাতের অন্ধকারে সড়কের গাছ কেটে বনদস্যুরা বাইরে পাচার করছে। ইতিমধ্যে গত এক মাসে বনদস্যুরা এ সড়কের দুই পাশের ছোট-বড় দুই শতাধিক গাছ কেটে নিয়ে গেছে। এখনো রাতের আঁধারে সড়কের গাছ কাটা হচ্ছে। শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল খালেক প্রথম আলোকে জানান, গাছ কাটা বন্ধসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রকৌশলীর কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। গাছ কাটার কথা স্বীকার করে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গোরাঙ্গ চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে জানান, গাছগুলো পাহারা দেওয়ার দায়িত্ব স্থানীয় ইউনিয়ন পরিষদের। কিন্তু ইউনিয়ন পরিষদ পাহারা না দেওয়ায় বনদস্যুরা রাতের অন্ধকারে এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে। এর পরও গাছ কাটা বন্ধসহ কারা গাছ কাটার সঙ্গে জড়িত, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সড়কের দুই পাশে গাছ কাটা বন্ধসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় ইউনিয়ন পরিষদকে নির্দেশ দেওয়া হয়েছে।’