দুই শতাধিক ঘরবাড়ি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শঙ্খের ভাঙেন হুমকির মুখে আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়নের লামারবাজার এলাকা l প্রথম আলো
শঙ্খের ভাঙেন হুমকির মুখে আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়নের লামারবাজার এলাকা l প্রথম আলো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পাঁচ ইউনিয়নের শঙ্খ নদের ভাঙন বেড়েই চলছে। গত এক মাসে বিলীন হয়েছে দুই শতাধিক ঘরবাড়ি। কেবল গত ৩০ আগস্ট রাতেই শঙ্খের গর্ভে চলে গেছে দুই ইউনিয়নের ২৬টি বসতঘর।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন বলেন, এক মাসের মাথায় দুবার ভারী বর্ষণের কারণে ও শঙ্খ নদের প্রবল স্রোতে উপজেলার রায়পুর, জুঁইদণ্ডী, বারখাইন, বরুমচড়া ও হাইলধর ইউনিয়নের দুই শতাধিক ঘরবাড়ি, পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ ও দুই একর ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। এসব ইউনিয়নের ১০টি গ্রাম দিনে দুবার জোয়ারে প্লাবিত হচ্ছে।
উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী বলেন, রায়পুর থেকে হাইলধর পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় শঙ্খের ভাঙন তীব্রতর হয়েছে। বিভিন্ন এলাকার বেড়িবাঁধ ভেসে গেছে। নদীতীরে বসবাসকারী প্রায় ৫০ হাজার মানুষ ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বেড়িবাঁধ মেরামত না করা হলে শঙ্খের ভাঙনে বহু পরিবার ঘরবাড়ি হারাবে। তিনি আরও জানান, গত সপ্তাহে জুঁইদণ্ডী এলাকার ১৮টি ঘর শঙ্খের গর্ভে তলিয়ে গেছে। এর আগে আগস্টের প্রথম সপ্তাহেও ইউনিয়নের লামারবাজার এলাকার ১০টি দোকান শঙ্খ নদে বিলীন হয়েছে।
২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের ভাঙনকবলিত এলাকায় গিয়ে দেখা গেছে, নদীভাঙনের শিকার মানুষজন নতুন করে ঘর তুলছেন। ওই এলাকায় এক কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। এতে জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে।
দক্ষিণ তৈলারদ্বীপের বাসিন্দা কাজী মহিউদ্দিন (৩০) বলেন, গত পাঁচ বছরে গ্রামের শতাধিক ঘর শঙ্খে তলিয়ে গেছে। এ ছাড়া মসজিদ, কবরস্থান ও ফসলি জমিও বিলীন হয়েছে নদীগর্ভে। প্রতিবছর শঙ্খে এমন ভাঙন দেখা দেয়। কিন্তু এখন পর্যন্ত এর সমস্যার স্থায়ী কোনো সমাধান হয়নি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় উপজেলার বিভিন্ন এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ শঙ্খের প্রবল স্রোতে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বাঁধ একেবারে ধসে গেছে। এতে নদীর জোয়ারের পানি প্রবেশ করছে বিভিন্ন এলাকায়।
পাউবোর উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন প্রথম আলোকে বলেন, উপজেলার ৮১ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩৩ কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। পাউবোর পক্ষ থেকে বাঁধ সংস্কারের জন্য ইতিমধ্যে ২৩০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন হলেই ভাঙন রোধে কাজ শুরু হবে।