দুই শতাধিক প্র্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ১ কর্মকর্তা
ফটিকছড়ি উপজেলায় সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২০৬টি। এসব বিদ্যালয় পরিদর্শনের জন্য আটটি সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (এটিও) পদ রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে কর্মরত আছেন মাত্র দুজন কর্মকর্তা। তার মধ্যে একজন শিক্ষা কর্মকর্তার (টিও) দায়িত্ব পালন করছেন। একজন সহকারী শিক্ষা কর্মকর্তা যদি প্রতিদিন একটি বিদ্যালয় পরিদর্শন করেন সবগুলো বিদ্যালয় পরিদর্শন শেষ করতে ২০৬ কার্যদিবসের প্রয়োজন।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় ১৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭৩টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষার্থী আছে ৭৮ হাজার ৬৭ জন। প্রধান ও সহকারী শিক্ষক রয়েছে ৮৫২ জন।উপজেলার বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ বছর আগে অবসর নেন মো. এমদাদ হোসেন। তিনি জানান, তাঁরা যখন শিক্ষকতা করতেন তখন সহকারী শিক্ষা কর্মকর্তাদের নিয়ে আতঙ্কে থাকতেন। কারণ টিওরা যখন-তখন বিদ্যালয়ে এসে বিভিন্ন অনিয়ম খুঁজে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। এ জন্য শিক্ষকেরা বিদ্যালয়ে যথাসময়ে আসাসহ পাঠদানে মনোযোগী ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে উপজেলার সুয়াবিলের একাধিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা জানান, প্রতিদিনই শিক্ষকেরা এক থেকে দেড় ঘণ্টা দেরি করে বিদ্যালয়ে আসেন। অনেক সময় শিক্ষকেরা কক্ষে বসে আড্ডা দেন। শিক্ষার্থীরা খেলাধুলায় মেতে থাকে। গ্রামের বিদ্যালয়গুলোতে আগের মতো মনিটরিং ব্যবস্থা নেই। ফটিকছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যালয়ে যত বেশি তদারকি হবে, তত বেশি শিক্ষার সুফল বাড়বে। তদারকি থাকলে শিক্ষার মানও ক্রমাগত বাড়ে। একমাত্র সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) বশির আহমদ সরকার বলেন, বিশাল এ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে একটি বিদ্যালয় পরিদর্শন করতে গেলে একদিন চলে যায়। এ ছাড়া নির্দিষ্ট সময়ে সরকার ঘোষিত বিভিন্ন কাজকর্মও সম্পাদন করতে হয়। মাঝেমধ্যে কাজের চাপ সামাল দিতে সন্ধ্যা গড়িয়ে রাতেও কাজ করতে হয়। উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খুরশিদুল আলম চৌধুরী বলেন, ২০০৭ সালে শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান ঘুষের দায়ে র্যাবের হাতে গ্রেপ্তার হন। তখন থেকে ভারপ্রাপ্ত দিয়ে চলছে উপজেলার এ গুরুত্বপূর্ণ পদটি। তিনি বলেন, কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ নিয়ে লেখা হলেও কোনো কাজ হয়নি। চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) নাসরিন জাহান প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের সব উপজেলায় এ ধরনের শূন্যপদ রয়েছে। তবে, আগামী সমন্বয় সভায় এ বিষয়ে প্রস্তাব উত্তাপন করা হবে। প্রয়োজনে অন্য উপজেলা থেকে দু-একজনকে ফটিকছড়িতে ডেপুটেশনে পাঠানো হতে পারে। এ ছাড়া শূন্যপদগুলো পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।