দুই শিল্পীর ‘গোধূলির আলো’
বাইরে প্রচণ্ড গরম। আকাশে মেঘের আনাগোনা নেই। তাই দেখা নেই বৃষ্টির। খরায় ওষ্ঠাগত জনজীবন। কিন্তু মিলনায়তনের ভেতরে অন্য দৃশ্য। মঞ্চে হঠাত্ নেমে এলো বৃষ্টি। ভিজছেন ৪৫ বছরের রোগিণী। দর্শক দেখলেন ভিজছে শাড়ি। ভিজছে মাথার চুল। ছাতা খুললেন ৫০ বছর বয়সী চিকিত্সক। এলো বৈশাখী হাওয়া। মাতাল হাওয়ার সঙ্গে লড়াই করলেন দুইজন। অবশেষে জয় হলো হাওয়ার। উড়িয়ে নিয়ে গেল ছাতা। তারপর তাঁরা হলেন কাছাকাছি। ভিজলেন মনের আনন্দে। হাসলেন প্রাণ খুলে। এই হাসি ভালোবাসার।বলছিলাম ২৩ এপ্রিল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ একাডেমি অব পারফরমিং আর্টসের নাটক গোধূলির আলোর কথা। এতে চিকিত্সকের ভূমিকায় অভিনয় করেন সনজীব বড়ুয়া। রোগিণী ছিলেন সাবিরা সুলতানা। অভিনয়ে দুইজনই ছিলেন স্বচ্ছন্দ। তাঁদের সাবলীল অভিনয়, ছিমছাম সেট, মনোমুগ্ধকর আলোর খেলা আর পরিকল্পিত আবহে অভিভূত হয়েছেন দর্শক। যদিও তাঁদের সংখ্যা খু্ব বেশি ছিল না। ‘ভালোবাসা মানব সভ্যতার শ্রেষ্ঠ দান’, ‘আমার স্ত্রী খুব চমত্কার মানুষ ছিল’, ‘ভিড়ের মধ্যেও মানুষ নিঃসঙ্গ হয়ে যায় আবার একা থাকলেও মনে হয় কেউ পাশে আছে’ কিংবা ‘দিঘির শান্ত জলে সাগরের ঢেউ’—এ রকম দুর্দান্ত সংলাপ দর্শককে কান খাড়া করে শুনতে দেখা গেছে। শুধু মিষ্টি প্রেম নয় নাটকের মধ্যে বিরহ, দেশপ্রেম, মানবতাবোধ, বিবেকের দংশন ইত্যাদিও চমত্কার ভাবে ফুটে উঠেছে। সোভিয়েত নাট্যকার আলেক্সেই আরবুঝবের স্তারোমোদোনাইয়া কোমেদিয়ার (ইংরেজি অনুবাদ অ্যান ওল্ড ওয়ার্ল্ড কমেডি) বাংলা অনুবাদ করেছেন অধ্যাপক আনিসুজ্জামান পুরোনো পালা নামে। মুনির হেলালের সম্পাদনা ও নির্দেশনায় এটি মঞ্চে এসেছে গোধূলির আলো নামে। শিল্প নির্দেশনায় পিযুষ দস্তিদার ও আবহ পরিকল্পনায় দেবাশীষ রায় মুনশিয়ানার ছাপ রেখেছেন। একাডেমি অব পারফরমিং আর্টসের প্রযোজনায় এটি ছিল এ নাটকের সপ্তম প্রদর্শনী। প্রসঙ্গত, ১৯৮৩ সালে চট্টগ্রাম বেতারে অরিন্দম নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় নাটকটি মঞ্চস্থ হয়েছিল। তখন অভিনয় করেছিলেন শুক্লা সেনগুপ্তা ও রাগিব মনজুর।