দুই সড়কের ১৮ স্থানে ভাঙা

মহেশখালীর দুটি সড়ক নিয়ে ভোগান্তিতে আছেন উপজেলাবাসী। গত আগস্ট মাসের শুরুতে ভারী বৃষ্টির সঙ্গে নামে পাহাড়ি ঢল। পাশাপাশি চিংড়ি ঘেরের মালিকেরা কালভার্ট দিয়ে পানি চলাচল বন্ধ করে দেওয়ায় তৈরি হয় বন্যা। ফলে মাতারবাড়ি–চালিয়াতলি ও গোরকঘাটা জনতাবাজার সড়কের ১৮টি স্থানে ভেঙে গেছে। গত আড়াই মাসে কর্তৃপক্ষ তা সংস্কারের উদ্যোগ নেয়নি। এখন সড়কগুলো দিয়ে যানচলাচল তো দূরের কথা, হাঁটতেও কষ্ট হয়।
সরেজমিনে দেখা যায়, মাতারবাড়ি-চালিয়াতলি ও সড়কের মাঝখানে দুটি অংশে ভেঙে গিয়ে পুকুরের মতো গর্ত সৃষ্টি হয়েছে। এ কারণে ভাঙা সড়কের ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। হেঁটে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয় মানুষের।
এদিকে গোরকঘাটা-জনতাবাজার সড়কের হোয়ানক ইউনিয়নের পানিরছড়া, কেরুনতলি, ছনখোলাপাড়া, টাইমবাজার, ছনখোলাপাড়া, হরিয়াছড়া, ডেইল্যাঘোনা, কালারমারছড়া ইউনিয়নের আধাঁরঘোনা, নোনাছড়ি ও কালারমারছড়া বাজারের উত্তর পাশে ১৬টি স্থানে ভেঙে গিয়ে বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে।খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে যান চলাচল করছে ঝুিঁক নিয়ে। এ ছাড়া আড়াই মাস আগে ভারী বৃষ্টিতে কুতুবজোম, মাতারবাড়ি, কালারমারছড়া, হোয়ানক, শাপলাপুর, হোয়ানক, বড়মহেশখালী ও ছোটমহেশখালী ইউনিয়ের ১২টি অভ্যন্তরীণ গ্রামীণ সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। তার মধ্যে মাতারবাড়ি সাইরারডেইল, ধলঘাট-মাতারবাড়ি সড়ক, কুতুবজোম তাজিয়াকাটা ও কালারমারছড়ার ইউনিয়নের আটটি গ্রামীণ সড়ক পুরোটাই ভেঙে গেছে।
স্থানীয় মাতারবাড়ির মিয়াজিরপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদ জানান, বৃষ্টিতে সাইরারডেইল গ্রামীণ সড়কের বেশ কয়েকটি স্থানে ভেঙে যাওয়ায় সরাসরি গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় মগডেইল বাজার মুদির দোকান ব্যবসায়ী আকতার হোসাইন বলেন, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিকল্প নদীপথে মালামাল আনতে হচ্ছে। তাতে খরচ পড়ছে বেশি।
মাতাববাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ উল্লাহ বলেন, এখন ভাঙা সড়কের ওপর দিয়ে হেঁটে চলাচল করা খুবই কষ্টকর। গত এক মাসে ভাঙা সড়কে চলাচল করতে গিয়ে অন্তত ২৫ জন আহত হন।
মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ভাঙা সড়কের জন্য কষ্ট পাচ্ছে ৫০ হাজার মানুষ। জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।
কালারমারছড়া ইউপি চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী বলেন, জনগণের ভোগান্তির কথা ভেবে জরুরি ভিত্তিতে গ্রামীণ সড়কগুলো সংস্কারের কথাটি উপজেলার মাসিক সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে।
মহেশখালী উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, কাবিখা ও টিআর প্রকল্পের মাধ্যমে তা মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কথা স্বীকার করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, অচিরেই মাতারবাড়ি-চালিয়াতলি সড়কের ভেঙে যাওয়া দুটি স্থান সংস্কার করা হবে।
সড়ক ও জনপদ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী কে এম নুর-ই-আলম বলেন, ২৭ কিলোমিটার সড়কের মধ্যে অন্তত ২০ কিলোমিটার সড়কের অবস্থা খুবই নাজুক। তার মধ্যে পাঁচ কোটি টাকা ব্যয়ে ১০ কিলোমিটার সড়কের সংস্কারকাজ চলছে। বাকি ১০ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।