দুই সপ্তাহ না পোরোতে গোল চত্বরে আবার দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১০ নভেম্বর নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোল চত্বরে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় তিনজন মারা যান। এ ঘটনার দুই সপ্তাহ না পেরোতেই আবারও একই এলাকায় ঘটল সড়ক দুর্ঘটনা। তবে এবার সবাই প্রাণে বেঁচেছেন। গতকাল বুধবার সকাল পৌনে সাতটায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১২ জন যাত্রী আহত হয়েছেন।
আহত যাত্রীরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে পুলিশ জানিয়েছে। তঁাদের মধ্যে একজন নারী, বাকিরা পুরুষ। তাঁরা হচ্ছেন মো. হান্নান, আবদুল কাদের, মিজানুর রহমান, মো. লেদু, মো. রফিকুল, মো. জব্বার, মো. কাঞ্চন, মো. মালেক, শাহানা বেগম, মো. মামুন, মো. নাজিম ও আবদুল খালেক।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনছুর জানান, কক্সবাজারের চকরিয়া থেকে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি চট্টগ্রাম নগরে ঢুকছিল। ওই সময় শ্যামলী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। গোল চত্বরে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে ১২ জন যাত্রী আহত হন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালকেরা পলাতক।
দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মো. হান্নান প্রথম আলোকে বলেন, ‘সেতুর ঢালু অংশ দিয়ে মাইক্রোবাসটি নামছিল। মাইক্রোবাসের যাত্রীরা সবাই গোল চত্বরে নামার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেতুর মুখে বাসের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়।’
চালকদের গাফিলতির কারণেই গোলচত্বর এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে বলে জানান বাকলিয়া থানার ওসি। তিনি এ বিষয়ে বলেন, সেতু থেকে নামার সময় গাড়ির চালকেরা গতি কমাতে চান না। যাঁরা নিচ থেকে গাড়ি নিয়ে ওপরে ওঠেন তাঁরাও সতর্ক হতে চান না। চালকদের এই গাফিলতির মূল্য সব সময় যাত্রীদের দিতে হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর আলম বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।