আনোয়ারায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। চলতি মাসের দুই সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রামে ছয়টি ডাকাতি, একটি ছিনতাই ও একটি খুনের ঘটনা ঘটেছে। ডাকাতেরা লুট করেছে আট লাখ টাকার বেশি মালামাল। ডাকাতদের হামলায় আহত হয়েছেন ১৬ জন।জানা গেছে, ২ মার্চ এক স্বর্ণব্যবসায়ীকে অজ্ঞান করে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করা হয়। এ সময় জনতা এক ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এলাকাবাসী জানান, ওইদিন বেলা দেড়টায় উপজেলার সরকারহাটের শাহ আমানত জুয়েলার্সের মালিক আশীষ দত্তকে (৩০) অজ্ঞান করে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালানোর সময় স্থানীয় দোকানদারেরা গণধোলাই দিয়ে ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেন।ডেকোরেটার্স ব্যবসায়ী রেজাউল কবির বলেন, ‘ক্রেতা সেজে ওই ছিনতাইকারী জুয়েলার্সে ঢোকে। পরে মালিককে অজ্ঞান করে স্বর্ণ ও নগদ টাকা লুট করে চলে যাওয়ার সময় আমরা তাকে ধরে থানায় দেই।’এদিকে, ৮ মার্চ রাতে পৃথক দুটি ডাকাতির ঘটনায় অন্তত সাড়ে চার লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে। এতে ডাকাতদের গুলি ও হামলায় নারী ও শিশুসহ আহত হন ছয়জন। থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত আনুমানিক তিনটায় উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার ব্যবসায়ী গোলাম মোহাম্মদের ঘরে হানা দিয়ে ডাকাতেরা নগদ ৪৫ হাজার টাকা, ১২ ভরি অলংকার ও আটটি মুঠোফোন লুট করে।গোলাম মোহাম্মদ জানান, ‘ডাকাতেরা আমাকে দোকান থেকে ধরে এনে একে একে ঘরের সবাইকে জিম্মি করে সব লুটে নেয়। এসময় ডাকাতদের গুলিতে আমি, ভাই আবু তালেব, ভাবি মনোয়ারা বেগম (৩০), এক বছরের ছেলে সোহান, ভাইপো শেফায়েত গনি (২৮) ও পাশের ঘরের মোহাম্মদ হোসাইন আহত হই।’ গুলিবিদ্ধ দুজনকে প্রথমে আনোয়ারায় ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, এর আগে ডাকাতদল একই গ্রামের অনুপম দাশের মুদির দোকানের মালামাল লুট করে। ডাকাতির ব্যাপারে থানায় মামলা হয়েছে। এর এক দিন না যেতেই তৈলারদ্বীপের আলতাফ আমিনের বাড়ির মো. আলম, মোহাম্মদ আলী, লেয়াকত আলী ও হাসান আলীর ঘরে হানা দেয় ডাকাতদল। আহত হন ১০ জন। লুট হয় চার লক্ষাধিক টাকার মালামাল।১১ মার্চ রাতে দুষ্কৃতকারীরা আনোয়ারার ঝিওরী এলাকায় কারচালক মোহাম্মদ সুজনকে (২৪) খুন করে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। সুজন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার কেসাতপুরের ছমদ আলীর ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শাখাওয়াত হোসেন জানান, ‘আনোয়ারায় চুরি ডাকাতি রোধে ব্যাপক অভিযান চলছে। পরিস্থিতি আগের চেয়ে ভালো।’এর আগে ১০ ফেব্রুয়ারি পুলিশ পরিচয়ে ডাকাতেরা উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িসহ তিন বাড়িতে হানা দিয়ে প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে। আতঙ্ক ছড়াতে ডাকাতেরা ফাঁকা গুলি ছুঁড়লে আহত হন নারী ও শিশুসহ সাতজন। ১৭ ও ২৬ ফেব্রুয়ারি বরুমচড়ায় ১৩টি গরু নিয়ে যায় চোরের দল।