
সাতকানিয়া-বাঁশখালী সড়কের জামে মসজিদ মোড় ও ডলু সেতু এলাকায় যানজট দিন দিন বাড়ছে। ফলে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী ও যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, সড়কের ওপর দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা, যত্রতত্র পার্কিং ও ভাসমান দোকানই যানজটের কারণ।
সরেজমিনে দেখা গেছে, সাতকানিয়া মোটর স্টেশন থেকে জামে মসজিদ মোড় ও দেওয়ান হাট, ডলু সেতু থেকে আদালত সড়ক, ফুলকলি মোড় থেকে বালিকা বিদ্যালয় পর্যন্ত সড়কের পাশের দোকানিরা সড়কের ওপর পণ্য সাজিয়ে রেখেছে। রড ও সিমেন্টের দোকানিরা সড়কের ওপর ভ্যান ও ঠেলাগাড়ি দাঁড় করিয়ে পণ্য ওঠানো-নামানো হচ্ছে। তা ছাড়া ভাসমান হকার তো রয়েছেই। এদিকে স্টেশন এলাকা সব ধরনের যানবাহনের অঘোষিত টার্মিনালে পরিণত হয়েছে। প্রায় সব গাড়ি যাত্রী ওঠানামার জন্য ঘণ্টার পর ঘণ্টা এখানে অপেক্ষা করে। ফলে সড়কের দুই পাশের চলাচলের পথ সংকীর্ণ হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। ছমদরপাড়ার বাসিন্দা জাফর আলম বলেন, দিনের অন্যান্য সময়ের চেয়ে বিকেলে যানজট বাড়ে। তখন আধঘণ্টাও জামে মসজিদ মোড় পার হওয়া যায় না।
জানা যায়, সাতকানিয়া-বাঁশখালী সড়ক দিয়ে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও শত শত সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। বেশির ভাগ গাড়ি ছাড়ে জামে মসজিদ মোড় ও ডলু সেতু এলাকা থেকে। কিন্তু এই দুই এলকায় গাড়ি রাখার নির্দিষ্ট কোনো স্থান নেই।
স্থানীয় ব্যবসায়ী মো. ফরিদুল আলম ও মোহাম্মদ শাহজাহান জানান, সড়কের পাশের দোকানি ও ভাসমান হকারদের কাছ থেকে সড়ক দখলমুক্ত করা গেলে যানজট অনেক কমে যাবে। তা ছাড়া একটা টার্মািনাল নির্মাণ করা গেলে যাত্রীবাহী বাস সড়কে দাঁড়াতো না, প্রশস্ত হতো দু্ই পাশের চলাচলের পথ।
সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমান বলেন, টার্মিনালের জন্য জায়গা খোঁজা হচ্ছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা পাওয়া যাচ্ছে না। আবার দূরে কোথাও টার্মিনাল নিয়ে গেলে সেখানে যাত্রী বা গাড়ি যেতে চাইবে না। তাই কাছাকাছি কোথাও জায়গা পাওয়া যায় কি না সেই চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ‘টার্মিনাল না থাকার কারণে যানজট লেগে থাকে। টার্মিনালের জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন। এ ব্যাপারে এলাকাবাসী ও জনপ্রতিনিধি চেষ্টা করলে আমি প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব। এ ছাড়া যানজট নিরসনের জন্য সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি সড়ক অবৈধ দখল ও ভাসমান হকার মুক্ত করতে আবার অভিযান চালানো হবে।’