দুই হাজার একর আমন খেতে জোয়ারের পানি
বঙ্গোপসাগরের অরক্ষিত বেড়িবাঁধ দিয়ে লবণাক্ত জোয়ারের পানি প্রবেশ করে কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় এলাকা সাবরাং ইউনিয়নের ১৪টি গ্রাম প্লাবিত হচ্ছে। এতে এসব গ্রামের জমি লবণাক্ত পানিতে সয়লাব হয়ে আছে। ফলে চলতি মৌসুমে এলাকার প্রায় দুই হাজার একর জমিতে আমন চাষ সম্ভব হচ্ছে না।
এদিকে জোয়ারের পানির সঙ্গে জমিতে প্রতিদিন পলি এসে জমা হচ্ছে। এতে আগামী মৌসুমে লবণ উৎপাদনও ব্যাহত হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা প্রকাশ করছেন।
সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ও উত্তরপাড়ার বাসিন্দা জালাল আহমদ এবং হারিয়াখালী গ্রামের বাসিন্দা নজির আহমদ জানান, একদিকে খোলা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকছে, অন্যদিকে জমিতে জমছে পলি।
এ অবস্থায় চলতি মৌসুমে এলাকায় আমন চাষ সম্ভব হচ্ছে না। বেড়িবাঁধ মেরামত না হলে আগামী লবণ মৌসুমে লবণ উৎপাদনও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
কাটাবনিয়া গ্রামের বর্গাচাষি মোহাম্মদ ইসমাইল জানান, তিনি গত বছর জানুয়ারি মাসে বার্ষিক ৩৫ হাজার টাকা হিসেবে ছয় বছরের জন্য সাত একর জমি বর্গা নিয়েছিলেন। গত বছর কিছুদিন চাষ করা গেলেও জোয়ারের পানির কারণে বর্তমানে তা আর সম্ভব হচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল লতিফ জানান, এত দিন পুরো উপজেলায় সাড়ে ১০ হাজার একর জমিতে আমন ধানের আবাদ হয়ে আসছিল। কিন্তু শাহপরীর দ্বীপের ভাঙা বেড়িবাঁধ দিয়ে সারবাং ইউনিয়নে জোয়ারের পানি প্রবেশ করায় এলাকার ফসলি জমিতে চাষাবাদ বন্ধ রয়েছে।
এ ছাড়া বাঁধ মেরামত করা না গেলে সংশ্লিষ্ট এলাকায় আগামী শীত মৌসুমে লবণ চাষও ব্যাহত হতে পারে।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান বেড়িবাঁধের খোলা অংশ মেরামত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘অবিলম্বে এটি মেরামত না হলে যেকোনো সময় পুরো এলাকা সাগরে বিলীন হয়ে যেতে পারে।’
পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর ২৩ জুলাই অমাবস্যার জোয়ারের সময় ঢেউয়ের আঘাতে টেকনাফের ৬৫ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় ২৫ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়। একইদিন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া অংশের বাঁধটিও ভেঙে যায়।
এরপর থেকে হারিয়াখালী, কচুবনিয়া, কাটাবনিয়া, লাফারঘোনা, ঘোলাপাড়া, ক্যাম্পপাড়া, মাঝরডেইল, জালিয়াপাড়া, মগপুরা, উত্তরপাড়া, ডাংগরপাড়া, পশ্চিমপাড়া ও দক্ষিণপাড়া এলাকায় প্রতিটি পূর্ণিমা-অমাবস্যার সময় জোয়ারের পানি ঢুকছে।
পানি উন্নয়ন বোর্ড টেকনাফের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, জোয়ারের পানি ঠেকাতে হলে এখানে পাথরের স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় তা সম্ভব হচ্ছে না।