দুই হাজার ওষুধের দোকানের ড্রাগ লাইসেন্স নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিয়ম-নীতি না মেনেই চলছে ওষুধের ব্যবসা। অধিকাংশ ওষুধের দোকানের নেই কোনো ড্রাগ লাইসেন্স। ট্রেড লাইসেন্স নিয়েই গড়ে তোলা হয়েছে এসব প্রতিষ্ঠান। ফার্মাসিস্টের স্থলে সাধারণ কর্মচারীরাই বিক্রি করছেন ওষুধ।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দেওয়া তথ্যমতে, উপজেলার ৪৬টি হাট-বাজারে প্রায় ২ হাজার ১৫০টি ওষুধের দোকান রয়েছে। এর মধ্যে দুই হাজার দোকানের ড্রাগ লাইসেন্স নেই। ১৫০টি দোকানের ড্রাগ লাইসেন্স থাকলেও নবায়ন ছাড়াই বছরের পর বছর ব্যবসা করছেন অনেকে। অথচ এসব অনিয়ম বন্ধে ওষুধ প্রশাসনের কোনো তৎপরতা নেই।
ওষুধ প্রশাসনের নিয়ম অনুযায়ী, ওষুধের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ওষুধ বিক্রির জন্য ফার্মাসিস্ট থাকা বাধ্যতামূলক। ফার্মাসিস্টের বয়স নূ্যনতম ১৮ বছর এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। এ নিয়মও মানছে না বেশির ভাগ ওষুধের দোকান।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা দেবাশিষ দত্ত প্রথম আলোকে বলেন, প্রশিক্ষিত বিক্রয়কর্মী দোকানে না থাকলে স্বাস্থ্যক্ষেত্রে ঝুঁকির আশঙ্কা থেকে যায়। বিষয়টি ভেবে দেখা উচিত।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সদরের বিবিরহাট বাজারের ওষুধ ব্যবসায়ী আলমগীর আজাদ বলেন, উচ্চ বেতনে ফার্মাসিস্ট রেখে ব্যবসা চালানো সম্ভব নয়। তাই সাধারণ কর্মচারীরাই ওষুধ বিক্রি করে।
ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ ব্যবসা পরিচালনার বিষয়ে জানতে চাইলে নাজিরহাটের ব্যবসায়ী জামাল উদ্দিন জানান, ‘লাইসেন্সের জন্য আবেদন করতে গিয়ে ওষুধ প্রশাসনের কর্মকর্তা এবং কর্মচারীদের হয়রানির শিকার হতে হয়। তাই লাইসেন্স ছাড়াই ব্যবসা করতে হচ্ছে।’
ওষুধ প্রশাসন চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক মুহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ওষুধের দোকানগুলোর ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে। লাইসেন্স নিয়ে হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।