দুই হাজার ষোলোর বাংলাদেশ
সালতামামির ব্যাপারটা তো একটু শোনায় ক্লিশে
বছর কাটে সব সময়েই মন্দ-ভালোয় মিশে!
দুই হাজারের ষোলোও গেল এই নিয়মেই কেটে
আসুন দেখি একটুখানি পেছন পানে হেঁটে!
আন্দোলনের আগুন ছাড়াই কাটল বছর পুরো
এমন ‘নিরস’ বছর বোধ হয় আর দেখিনি, দূরো!
জঙ্গি হানায় বিশ্বজুড়েই খুব করেছি ‘নাম’
আর দমনে? সেই কথাটা না হয় না বললাম!
সংখ্যালঘু নির্যাতনের সূচক ওপর দিকে
এই ধরনের উন্নতি তো দেখছি দিকে দিকে!
নারীর ওপর, শিশুর ওপর পীড়ন বাড়ার রেটও
ঊর্ধ্বগামী—বঙ্গ তুমি উল্টো দিকেই হেঁটো!
উন্নতি তো ঢাকার পথে ট্রাফিক জ্যামেও আছে
আজ তা অনেক দূরের যেটা কালকে ছিল কাছে!
কালকে যেতাম ত্রিশ মিনিটে দু ঘণ্টা আজ লাগে
ধোঁয়া-ধুলোও আগের চেয়ে পাচ্ছি বেশি ভাগে!
অর্থনীতি ভালোই আছে—রিজার্ভ গেছে বেড়ে
থাকলে বেশি যা হয়—কিছু চোর নিয়েছে কেড়ে!
কমল রেমিট্যান্স কিছুটা—আমার শ্রমিক ভ্রাতা
করছি আশা বিপদ এলে আবার হবেন ত্রাতা!
উন্নয়নের পথের সাথি চীনকে নিলাম চিনে
এই জমানায় হয় প্রগতি ভাইবেরাদর বিনে?
বিদ্যুতে দিন যাচ্ছে ভালো, খারাপ কেন মন?
তার পেছনে যায় যদি যাক একটা-দুটো বন!
বাজার আছে সীমার ভেতর, নকল-ভেজাল তবে
আমার দেশে আজন্মকাল রমরমিয়েই রবে!
নাসিক ভোটের পর ফিরেছে ইসির মুখে হাসি
কেউ জানে না কদিন লাগে সেইটা হতে বাসি!
ক্রিকেট আরও এগিয়ে গেছে সমস্ত ফরম্যাটে
টাইগাররা প্রমাণ দিলেন বলে এবং ব্যাটে।
ডাবিং নিয়ে কান্নাকাটি খুব গিয়েছে দেখা
আয়নাবাজির পক্ষে যাবে কয়েকটা লাইন লেখা!
নতুন বছর আসন্ন ওই—মানুষ দেখুক ভেবে
ডেমোক্রেসি? না, উন্নয়ন? কোনটা বেছে নেবে?
কিংবা দুটোই আধাআধি? ভাসবে সে কোন স্রোতে?
জবাবটা তার পাচ্ছি কি দুই হাজার সতেরোতে?