দুই 'দেশি'র গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোটেলের লবিতে গত মঙ্গলবার এভাবে ক্যামেরাবন্দী হলেন মুস্তাফিজুর রহমান (বাঁয়ে) ও সৌম্য সরকার l ছবি: জাহিদুল করিম
হোটেলের লবিতে গত মঙ্গলবার এভাবে ক্যামেরাবন্দী হলেন মুস্তাফিজুর রহমান (বাঁয়ে) ও সৌম্য সরকার l ছবি: জাহিদুল করিম

একজনের বয়স ১৯। অন্যজনের ২২। একজনের জাতীয় দলে অভিষেক গত ডিসেম্বরে। আরেকজনের মাত্রই শুরু। বয়স কি ক্যারিয়ার, পার্থক্যটা সামান্য হলেও একজন ‘সিনিয়র’, অন্যজন ‘জুনিয়র’। কিন্তু দুজনের সঙ্গে দুজনের দেখা হলেই এই দূরত্ব যেন ঘুচে যায়। একগাল হেসে দুজনই বলে ওঠেন, ‘কী দেশি, খবর কী!’
সেই দুই দেশি ভাই সাতক্ষীরার। দুজনই বাঁহাতি। একজন জাতীয় দলে আসার পর থেকেই ব্যাট হাতে চমক দেখাচ্ছেন। অন্যজন তো আবির্ভাবেই চমকে দিয়েছেন গোটা ক্রিকেট দুনিয়াকেই। একজন সৌম্য সরকার, অন্যজন মুস্তাফিজুর রহমান। পরশু ভারতের বিরুদ্ধে এক দিনের ম্যাচে বাংলাদেশের স্মরণীয় জয়ের দুই নায়ক।
ব্যাট হাতে তামিম ইকবালের সঙ্গে ওপেনিং করতে নামলেন সৌম্য। স্বভাবসুলভ সব শটে ৪০ বলে ৫৪ রানে এনে দিলেন দারুণ সূচনা। দল শেষ করল ৩০৭ রানে।
ভারতকে আটকাতে শুরুতেই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলটা তুলে দিলেন মুস্তাফিজের হাতে। পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে তাক লাগিয়ে দিয়েছিলেন সুইংয়ের প্রদর্শনীতে। প্রথম শিকারই ছিল ছোট ক্রিকেটের বড় তারকাদের একজন শহীদ আফ্রিদি। ওয়ানডের প্রথম শিকারের নাম? ওয়ানডেতে দুটো ডাবল সেঞ্চুরির মালিক, সর্বোচ্চ ইনিংসটা এসেছে যাঁর ব্যাট থেকে, সেই রোহিত শর্মা।
কাল দুজনই পেলেন পুরস্কার। সৌম্য পেয়েছেন ‘স্টাইলিশ প্লেয়ার অব দ্য ম্যাচ’। আর অভিষেকে দশম বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে ম্যাচসেরা হয়েছেন মুস্তাফিজ।
গত পরশু বৃহস্পতিবার ম্যাচ শেষে মুস্তাফিজ সংবাদ সম্মেলনে বলছিলেন তাঁর শুরুর গল্প। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে একসময় ‘ফাইভ স্টার’ বলে ব্যাটসম্যান হিসেবে শুরু ক্রিকেটার জীবনের। সেজো ভাই মোখলেছুরের হাত ধরেই প্রথম খেলার মাঠে আসা।
সৌম্যের শুরু সাতক্ষীরা শহরের স্থানীয় এক ক্লাবে। মুস্তাফিজুরের ক্রিকেটার হওয়ার পেছনে যেমন সেজো ভাই মোখলেছুর রহমানের বিরাট অবদান, তেমনি সৌম্যের ক্ষেত্রে বড় ভাই পুষ্পেন সরকারের।
গতকাল শুক্রবার রাতে যখন এই প্রতিবেদকের সঙ্গে মুস্তাফিজের কথা হলো, মনে করিয়ে দিলেন আরও একজন সাতক্ষীরার ছেলে কিন্তু জাতীয় দলে খেলেছেন—পেসার রবিউল ইসলাম। ডানহাতি পেসার রবিউল এ মুহূর্তে দলের বাইরে। তাঁকে বেশ মনেই পড়ছে মুস্তাফিজের, ‘সাতক্ষীরা থেকে আমরা মোট তিনজন জাতীয় দলে খেলছি। প্রথমে শিপলু ভাই (রবিউল), এরপর সৌম্য ভাই আর সর্বশেষ আমি। তিনজনই একই দলে খেললে একই সঙ্গেই থাকি। এখন দুজনে আছি, শিপলু ভাই নেই।’
সৌম্য-মুস্তাফিজের বাড়ির দূরত্ব ৪০ কিলোমিটারের মতো। তবে জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে সাতক্ষীরায় কখনো তাঁদের দেখা হয়নি। সৌম্য গতকাল সকালে ফোনে বলছিলেন, ‘জাতীয় দলে ঢোকার দুই বছর আগে ওকে একবার দেখেছিলাম, ঢাকায়। অবশ্য তখনো সে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পায়নি। সাতক্ষীরায় আগে কখনো দেখা হয়নি।’ মুস্তাফিজও তা-ই বললেন, ‘বছর দুয়েক আগে সৌম্য ভাই যখন অনূর্ধ্ব-১৯ দলে খেলেন, তখন প্রথম তাঁকে দেখেছিলাম।’
যদিও দুজনই তরুণ। তবে বয়স ও অভিজ্ঞতায় সৌম্যই সিনিয়র। সে ক্ষেত্রে তাঁকেই ‘বড় ভাই’য়ের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। সৌম্য গতকাল সকালে এ প্রতিবেদককে জানালেন, ‘যেহেতু আমি সিনিয়র; চেষ্টা করি মাঠে ও মাঠের বাইরে সব সময় ওকে সাহস বা উৎসাহ দিতে। বলি, ভয় পাওয়ার কিছু নেই।’
খুব দ্রুত সময়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছেন। এসেই হইচই ফেলে দিয়েছেন চারদিকে। ২২ গজে যতটা সাবলীল, কথায় ততটা নন। বিষয়টি বলতেই মৃদু হাসলেন। মুস্তাফিজ আবার বললেন, তাঁকে দেখে যেমনটা মনে হচ্ছে, আদপে তেমনটা কিন্তু তিনি নন। বেশ দৃঢ় কণ্ঠে বললেন, ‘আসলে মাঠে আমার মধ্যে নার্ভাসনেস খুব একটা কাজ করে না।’ তা তো ভারতের মতো তারকাখচিত ব্যাটিং লাইনআপের বিপক্ষে তাঁর বোলিং দেখে স্পষ্ট বোঝা গেছে। কিন্তু সাংবাদিকদের সামনে কেমন যেন অপ্রতিভ। মুস্তাফিজের বক্তব্য, যা বলার বোলিং দিয়েই বলতে চান। সে জন্য তিনিই বলতে পারেন, ‘আমার কথা হচ্ছে, দলকে জেতাতে হলে আমাকে ভালো খেলতে হবে। প্রতিপক্ষের যদি ব্যাটিং লাইনআপ ভালো হয়, তবে আমাকেও সেরাটা দিতে হবে।’
সৌম্যও সকালেই বলেছিলেন, ‘জাতীয় দলে খেলা বা অন্যান্য ম্যাচে একই সঙ্গে খেললে বেশির ভাগ সময় আমরা একসঙ্গেই থাকি।’
থাকবেনই তো। দুজন যে দুজনের ‘দেশি’!