দুখু মিয়ার বটতলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস থেকে ত্রিশাল বাজারে নেমেই টের পেলাম কাঠফাটা রোদ ‘কাহাকে বলে, কত প্রকার ও কী কী!’ ত্রিশাল মোড় থেকে যেতে হবে আরও দুই কিলোমিটার পথ। মোড় থেকে যত ভেতরে ঢুকছি, আশপাশের পরিবেশ যেন ধীরে ধীরে আরও সবুজ হয়ে উঠছে। আর তাপমাত্রাও সহনীয় হয়ে উঠছে। এখন যাচ্ছি দরিরামপুরের সেই বিখ্যাত বটতলায়, যে বটতলায় বসে দুখু মিয়া বাঁশি বাজাতেন। হ্যাঁ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথাই বলছি। আশপাশে যত স্কুল-কলেজ দেখলাম, তার প্রায় সবই জাতীয় কবির নামে। সহজেই বোঝা যায়, ত্রিশালের মানুষের বুকে নজরুলের জন্য কতটা ভালোবাসা সঞ্চিত আছে।কয়েক মিনিটের মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ে পৌঁছলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ঢুকতেই সব ক্লান্তি দূর হয়ে গেল। কেমন যে একটা স্নিগ্ধ মায়াময় পরিবেশ। হঠাৎ কানে ভেসে আসে সম্মিলিত কণ্ঠের সুরের মূর্ছনা। একটু যেন চমকে উঠি। বুঝতে একটুও সময় লাগে না। এই বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের মধ্যে একটি যে ‘সংগীত’। সংগীতের ক্লাস চলছে। তাই তো এই সুরের ঝংকার। ক্লাসের ফাঁকে কথা হয় সংগীত বিভাগের ছাত্রী আদনিনা মৌরিন প্রিয়াংকার সঙ্গে। ‘ছোটকাল থেকেই গান শিখতাম, আর শেষ পর্যন্ত যে পড়াশোনাও এই গান নিয়েই। নজরুলের স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়ে করতে পারছি তাতে আমি অনেক খুশি’, জানালেন প্রিয়াংকা।চারুকলা বিভাগের ছাত্র নীলকমল বলেন, ‘আমরা যখন নববর্ষে শোভাযাত্রা নিয়ে বের হই, তখন সারা ত্রিশালবাসী আমাদের দিকে চেয়ে থাকে।’ বলেন সুমন আর সানজিদা। ‘আর শুধু ছবি আঁকানোই নয়, নাচ, গান, নাটক কিছুতেই আমরা পিছিয়ে নেই’ যোগ করেন মাসুদা আখতার। এবার তাঁদের কাছে প্রশ্ন করি, ‘নজরুল সম্পর্কে কী জানেন?’ সাজ্জাদ বলেন, ‘নজরুল শুধু কবি ছিলেন না, তিনি একজন চিত্রকারও ছিলেন। নিজের কবিতার পাশে অনেক সময় ইলাস্ট্রেশন করতেন নিজের হাতে।’ইতিমধ্যে লাইব্রেরিতে দেখা গেল বেশ কয়েকজনের হাতে নজরুলের বই। ইকোনমিক্সের সানজিদা আক্তার বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে যে যেই বিভাগেই পড়ুক না কেন, তাকে বাধ্যতামূলকভাবে “নজরুল স্টাডিজ” নামের তিন ক্রেডিটের একটি কোর্স করতেই হবে।’ এ সম্পর্কে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া আখতার বলেন, ‘নজরুলের জীবনদর্শন, সাম্যবাদ, প্রেম, বিদ্রোহ—সবকিছু সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা উচিত বাংলাদেশের প্রত্যেকটি মানুষের। কারণ, তিনি আমাদের জাতীয় কবি। আর এ ধারণা থেকেই এই বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের সব শিক্ষার্থীর জন্য “নজরুল স্টাডিজ” কোর্সটি বাধ্যতামূলক করা হয়েছে।’বাংলা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগও রয়েছে এখানে। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্মিতা ড্রমের মতে, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় পাওয়া হলো এত সুন্দর ক্যাম্পাস এবং ক্যাম্পাসের চারপাশের মনোরম প্রাকৃতিক পরিবেশ।’ ‘তা তো হতেই হবে, একজন কবির নামে যে বিশ্ববিদ্যালয়, সে বিশ্ববিদ্যালয়কে তো প্রকৃতির কাছাকাছি থাকতেই হবে’, বললেন ইকোনমিক্সের হাসিবুল। ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি না থাকাটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর থাকার আরেকটি বড় কারণ’, জানালেন বাংলা বিভাগের জেরিন সুলতানা। তাঁরা আরও জানালেন, তাঁদের ক্লাস হয় নিয়মিত। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের আসিফের অবশ্য এ নিয়ে দুঃখের শেষ নেই। তাঁর অভিযোগ, ‘বৃহস্পতিবার পরীক্ষা শেষ হয়েছে আর শনিবার থেকেই ক্লাস।’ এসব কারণেই যে তাঁদের একেবারেই সেশনজট নেই, এটা জেনেই ক্লাস ও পরীক্ষার কড়াকড়িটুকু মেনে নেন তাঁরা।তবে তাঁরা কি শুধু ক্লাস আর পরীক্ষা নিয়েই ব্যস্ত থাকেন? মোটেই না। সুযোগ পেলেই শুরু হয় চুটিয়ে আড্ডা। আর আড্ডার জায়গা? তার আবার অভাব! নজরুলমঞ্চ, নন্দন চত্বর, চুরুলিয়া চত্বর, গাহি সাম্যের গান মঞ্চ—এসব আছে না! সবকিছুতেই যেন নজরুলের ছোঁয়া আছে। আর কবির স্মৃতিবিজড়িত সেই ঐতিহাসিক বটতলা তো আছেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই বটতলা হলো আড্ডা দেওয়ার সবচেয়ে প্রিয় স্থান। ‘একসময় আমাদের জাতীয় কবি এই বটতলায় বসে বাঁশি বাজাতেন, আজ আমরাও অনেকে এখানে বসে বাঁশি বাজাই’, জানালেন আপেল মাহমুদ। আরও জানা গেল, কেউ কেউ নাকি এই বটতলায় বসে প্রেয়সীর মান ভাঙাতে কবিতা লেখারও চেষ্টা করেন!বাংলাদেশের একমাত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে ২৫ মে ২০০৬ সালে এটি যাত্রা শুরু হলেও সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে এর পূর্ণাঙ্গ বিকাশ হয়নি। এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ‘অচিরেই নৃত্যকলা, চলচ্চিত্র ও গণমাধ্যম নামে আরও কয়েকটি বিভাগ চালু হতে যাচ্ছে। আর ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ প্রতিষ্ঠা করার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। যেখানে নজরুল সম্পর্কিত উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ থাকবে।’ বন্ধুরা, শেষ করার আগে আরেকটু জানিয়ে রাখি। নজরুলের ১১১তম জন্মবার্ষিকী আসছে ১১ জ্যৈষ্ঠ (২৫ মে)। প্রতিবারের মতো এবারও জাতীয় কবির জন্মদিন পালন করবেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৫, ২৬ ও ২৭ মে তিন দিনব্যাপী সকাল-সন্ধ্যার অনুষ্ঠান থাকবে সবার জন্য উন্মুক্ত। চাইলে ঘুরে আসতে পারেন এই সুযোগে। এক ঢিলে দুই পাখি মারা যাবে। নজরুলের জন্মদিনের অনুষ্ঠান দেখা আর প্রকৃৃতির কোলে গড়ে ওঠা চমৎকার ছিমছাম একটি বিশ্ববিদ্যালয়ও দেখা হয়ে যাবে। তবে আর দেরি কেন, ঢাকার মহাখালী বাসটার্মিনাল থেকে ময়মনসিংহগামী বাসে উঠে পড়ুন। বাসগুলো ২০ মিনিট পরপর ছাড়ে। ময়মনসিংহের ২১ কিলোমিটার আগে নেমে পড়ুন ত্রিশাল বাজারে। বাস থেকে নেমে সবে দুই কিলোমিটার পথ চলে যেতে পারবেন রিকশা কিংবা ভ্যানে। কী! কষ্ট মনে হচ্ছে? নজরুলকে জানতে এতটুকু কষ্ট তো করাই যায়, তাই না?