দুচোখে এখন শুধুই শূন্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘‘কখনো সে আমার কাছ থেকে এভাবে বিদায় নেয়নি। দিনটা ছিল ২৩ ফেব্রুয়ারি। খাগড়াছড়ি সেক্টর কমান্ডার ছিল সে। সব সময় ঢাকা যাওয়ার পথে চট্টগ্রামে দুই-তিন ঘণ্টা যাত্রা বিরতি দিত। বাসায় খুব একটা খাওয়া-দাওয়া করার সময় পেত না। কিন্তু ২৩ তারিখ তার কী যে হলো! আমার পাশে এসে অনেকক্ষণ বসল। হাত-পা টিপে দিচ্ছিল। বলল, ‘বাবা, ঢাকা থেকে এসেই তোমাদের খাগড়াছড়ি বেড়াতে নিয়ে যাব।’ ওর মা রান্না করছিল। খেতে বলার সঙ্গে সঙ্গেই খেল। বিদায়ও নিলো ঘটা করে। তখন তো বুঝিনি এটাই ওর শেষ বিদায়।’’ দেখে বোঝার উপায় নেই সাইদুর রহমানের বয়স ৮০ পেরিয়েছে। কারও সাহায্য ছাড়াই হাঁটা-চলা করেন। শক্ত-সামর্থ্য চেহারায় বয়সের ছাপ আছে কিন্তু বয়স তাঁকে কাবু করতে পারেনি। তবে ছেলে সম্পর্কে বলতে গিয়ে কিছুটা যেন বিচলিত মনে হচ্ছিল তাঁকে। বার বার চোখে চশমা খুলে কাঁচ মুছছিলেন। দুপাশে মাথা নাড়ছিলেন ঘন ঘন। বিড় বিড় করে তখনও আওড়াচ্ছিলেন, ‘কে জানত এটাই ওর শেষ বিদায়।’ বিডিআর বিদ্রোহের সময় নিহত শহীদ কর্নেল শওকত ইমামের মৃত্যু মেনে নিতে পারেননি বাবা সাইদুর রহমানসহ পরিবারের কেউই। এগারো সন্তানের মা সালেহা খাতুন (৭০) জীবনে অনেক ঝড়-ঝাপটা সামলেছেন। ছেলেমেয়েরা সবাই উচ্চশিক্ষিত, সুপ্রতিষ্ঠিত। মায়ের দৃঢ়তা তাঁদের বড় হওয়ার পেছনে প্রেরণা হিসেবে কাজ করেছে। ছেলের এমন করুণ মৃত্যুর পর সেই দৃঢ়চেতা মা অনেকটাই ভেঙে পড়েছেন। গত বছর স্ট্রোকে আক্রান্ত হন তিনি। ছেলের কথা যেন তাঁর সামনে না তোলা হয়, বলে দিয়েছেন চিকিৎসকেরা। সেসব কথা কেউ না তুললেও মা ভুলতে পারেন না। টেবিলে লাউয়ের শাক কিংবা কই মাছের বাটি দেখলে নিঃশব্দে তাঁর চোখ দিয়ে জল ঝরে। এসব যে তাঁর ছেলের প্রিয় খাবার!১৯৬০ সালের ১৬ মে চট্টগ্রামে জন্ম কর্নেল শওকত ইমামের। নবজাত শিশুর দিকে তাকিয়ে সেদিন সাইদুর রহমান আশা করেছেন, তাঁর ছেলে যেন অনেক বড় আর্মি অফিসার হয়। সেই ইচ্ছে পূরণ হয়েছে। কিন্তু নিয়তি কেড়ে নিয়েছে সব অর্জন। শহীদ শওকত ১৯৭৭ সালে এসএসসি ও ১৯৭৯ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮২ সালে যোগ দেন সেনাবাহিনীর দশম লং কোর্সে। ব্যক্তিগত জীবনে খুব হাসিখুশি ছিলেন, খেলাধুলা করতেন, মেনে চলতেন শৃঙ্খলা। স্ত্রী নুঝাত আহসান ও মেয়ে সুমেরা সিলভিকে নিয়ে ছিল তাঁর সুখের সংসার। কিন্তু সেই সুখ স্থায়ী হল কই! শোকের পাথর বুকে নিয়ে বেঁচে আছেন পরিবারের সদস্যেরা। কর্নেল শওকতের স্ত্রী নুঝাত বলেন, ‘গত দুবছর আমাদের কতটুকু কষ্ট স্বীকার করতে হয়েছে তা বলে বোঝানো যাবে না। এক মুহূর্তও কি ওকে ভুলে থাকা সম্ভব! আমরা যা হারিয়েছি তা আর ফিরে পাব না। কিন্তু যোগ্য সম্মানটা যেন পাই।’ ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণারও দাবি জানান তিনি।ছেলেকে নিয়ে সাইদুর রহমানের বহু স্মৃতি। কিন্তু ঠিক কোনটা আলাদা করে বলবেন স্থির করতে পারলেন না। বললেন, ‘ছোটবেলায় ও খুব ডানপিটে ছিল। বড় হয়ে একেবারে শান্ত হয়ে যায়।’ বিডিআর বিদ্রোহের দিন খবর পেলেন কীভাবে-এ প্রশ্ন করতেই পাশে বসা ছেলে মুকুটকে দেখিয়ে দিলেন তিনি। মুকুট বললেন, ‘ঘটনার দিন সকাল ১০টায় হঠাৎ ভাবীর ফোন পাই। আতঙ্কিত কণ্ঠে বলছিলেন দোয়া করতে। সেখানে খুব গোলাগুলি হচ্ছিল তখন।’ ২৬ ফেব্রুয়ারি জুমার নামাজের পর কর্নেল শওকতের লাশ পাওয়া যায়। তার আগ পর্যন্ত পরিবারের সদস্যেরা একটা আশা লালন করছিলেন মনের ভেতরে। ‘আমাদের সব আশা শেষ হয়ে গেল, ভাইয়ের লাশ পাওয়ার সঙ্গে সঙ্গে।’ দীর্ঘ নিশ্বাস ফেলে বললেন কর্নেল শওকতের ভাই মুকুট। তাঁর বাবা তখন তাকিয়েছিলেন সামনের দিকে। কিন্তু মনে হলো দেখছিলেন না কিছুই। দৃষ্টিতে রাজ্যের শূন্যতা।