ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা
আমার বয়স ২৩ বছর। একটি ছেলের সঙ্গে প্রায় সাত বছরের সম্পর্ক। সে চাকরির পাশাপাশি এমবিএ করছে। তার পরিবার বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদের বিয়েতে রাজি হচ্ছে না। একাধিকবার এই প্রস্তাব নাকচ হবার পর আমার পরিবার রেগে গিয়ে ছেলেটির সম্পর্কে বিভিন্ন নেতিবাচক কথা বলে। আমাকে ওর সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলে। নানা রকম মানসিক নির্যাতন ও নজরদারি চলছে আমার ওপর। কিন্তু আমরা দুজন দুজনকে ছাড়তে চাই না। তাই সে আমাকে আমাদের মতো বিয়ে করে সংসার করার প্রস্তাব দেয়। এতে তার পরিবারও বাধা দেবে না। কিছু ব্যক্তিগত সমস্যার জন্য ওকে চলতি বছরেই বিয়ে করতে হবে। কিন্তু মা-বাবার অমতে আমার বিয়ে করতে ইচ্ছে হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তোমার পরিবার ছেলেটি সম্পর্কে যেসব নেতিবাচক কথা বলছে, সেগুলো কি পুরোপুরি ভিত্তিহীন? যদি হয়, তাহলে তো বুঝে নিতে হবে, যেকোনো মূল্যে তারা এই বিয়েটি বন্ধ করতে চাইছেন। বুঝতে পারছি না ছেলেটিকে কেন চলতি বছরেই বিয়ে করতে হবে। যে সমস্যার জন্য এটি করতে হবে, সেটি কি সমাধানযোগ্য নয়? তুমি পড়ালেখা শেষ করলে নিজের ওপর আরও বেশি আস্থা পাবে। সেই সঙ্গে ছেলেটিও এমবিএ ডিগ্রি অর্জন করে তার পেশাগত জীবনে আরও ভালো অবস্থানে যেতে পারবে। কাজেই তোমরা যদি আরও কিছু সময় পরে বিয়ের সিদ্ধান্ত নাও তাহলে হয়তো তোমার পরিবারকে রাজি করার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় থাকবে।
তোমার কর্মজীবন কেমন হবে, সে সিদ্ধান্ত এখন থেকে নেওয়া শুরু করতে পারলে খুব ভালো হয়। তুমিও নিশ্চয়ই চাইবে না শুধু স্ত্রী বা মা হিসেবেই নিজের পরিচিতি সীমাবদ্ধ থাকুক। মা-বাবার অমতে বিয়ে করলে যে প্রতিকূলতার ভেতর দিয়ে তোমাকে যেতে হবে, সেটি ভেবে দুশ্চিন্তায় ভোগা খুবই স্বাভাবিক।
তুমি যদি একই সঙ্গে তাঁদের সন্তুষ্টি ও পছন্দের মানুষটিকে জীবনসঙ্গী করে ভালো থাকতে চাও, তাহলে সেটি সম্ভব না-ও হতে পারে। তুমি ভালো করে নিজের কাছে প্রশ্ন করে দেখতে পার, এই দুটির মধ্যে কোনটি তোমার কাছে দরকারি। তবে যা-ই সিদ্ধান্ত নাও, তোমরা দুজনে আলোচনা করে দেখ আরও কিছুটা সময় নেওয়া যায় কি না। বিয়ের মতো একটি বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়ানো খুব প্রয়োজন।