>

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
আমি একজনকে খুব বেশি পছন্দ করি, তিনিও আমাকে। আমাদের পরিচয় ছয়-সাত বছর। তিনি ইংল্যান্ডে থাকেন, জন্ম ভারতে। পরিচয়, কথাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও তিনি আমার দূর সম্পর্কের আত্মীয় হন। দীর্ঘদিনের কথাবার্তায় আমাদের সম্পর্ক গভীর হয়ে গেছে।
আমরা একে অন্যকে সবকিছু শেয়ার করি। অনেক বেশি বুঝি, অনেক বেশি একে অন্যের প্রতি নির্ভরশীল। স্কাইপেতে দেখা ও কথা হয়। প্রেমের ধারাবাহিক পর্ব শেষে আমরা দুজন দুজনকে স্বামী-স্ত্রীর মতোই মনে করি। আমার বয়স ২৭ এবং তিনি আমার চেয়ে বছর চারের বড়। স্বাভাবিকভাবেই বিয়ে নিয়ে কথা হচ্ছে। উনি পরিবারকে আমার কথা বলেছেন। কিন্তু পরিবার আমাদের সম্পর্কটা মানতে চাইছে না। তিনি বারবার পরিবারকে বোঝাচ্ছেন। অন্য সবাই ওনার জন্য রাজি হলেও ওনার মা রাজি হচ্ছেন না। আমি ওনাকে প্রচণ্ড ভালোবাসি। উনি ছাড়া অন্য কাউকেই আমার পক্ষে জীবনসঙ্গী করা সম্ভব নয়। আমি ওনাকে ছাড়া বেঁচে থাকাটাও কল্পনা করতে পারি না। উনিও আমাকে প্রচণ্ড ভালোবাসেন। শুধু মায়ের জন্য দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আমি এই কঠিন পরিস্থিতিতে কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তোমার এত বছরের সম্পর্ক কেবল সামাজিক যোগাযোগের মাধ্যমে টিকে রয়েছে, এটি বেশ বিরল ঘটনা। তোমাদের কখনো কি দেখা করা সম্ভব হয়নি? যন্ত্রের সাহায্যে কথা বলে তোমরা প্রায় পরস্পরের জীবনসঙ্গীর মতো হয়ে গেছ। তবে এত দূরে বসে সম্পর্কের যে সুতাটি তৈরি করেছ, সেটির ফলে একে অপরকে সত্যিকার অর্থে জানার সুযোগ পেয়েছ কি না, জানি না। প্রেমের সম্পর্ক চলাকালে মানুষ সাধারণত একে অপরের ভালো দিকগুলোই বেশি তুলে ধরে।
তুমি যাকে ছাড়া বেঁচে থাকার কথা ভাবতে পারছ না, সেই মানুষটির বয়স তিরিশ পেরিয়েছে। এই বয়সের একটি মানুষের কাছে আমরা আরও বেশি মানসিক পরিপক্বতা আশা করি। তোমার সঙ্গে যখন সম্পর্ক গভীর হচ্ছিল, তখন কিন্তু তার দায়িত্ব ছিল তার পরিবারকে এ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া। তার মায়ের মতামত কী হতে পারে, সে সম্পর্কে অন্তত কিছুটা ধারণা তো তার থাকার কথা। কীভাবে মাকে নিজের ইচ্ছের কথাটি বলা দরকার, সেই দক্ষতাটি তার যদি না থাকে, তাহলে তোমার সঙ্গে এতটা ঘনিষ্ঠতা তৈরি করাটা তো তার অবশ্যই ভুল হয়েছে। ছেলেটির ভবিষ্যৎ সম্পর্কে সুষ্ঠু ধারণার অভাবের কারণেই তোমার আজ এতটা মানসিক বিপর্যস্ততা তৈরি হয়েছে। তুমি তাকে জিজ্ঞেস করো যে, এই সম্পর্কটি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে দুজনের কষ্ট বাড়ানো ঠিক হবে কি না। সে একেবারে সুস্পষ্টভাবে বলে দিক তুমি তাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকবে কি না। যদি সেটি অসম্ভব হয়, তাহলে এই যোগাযোগ রাখাটা কারও জন্যই শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে না। যদি এ ব্যাপারে তোমরা যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারো, তাহলে খুব ভালো হয়।