দুজন দুরকম হয়েও...

দুজন দুই রকম পরিবারে বেড়ে উঠেছেন। দুজনের পছন্দ-অপছন্দ, রুচি, অভ্যাস আলাদা হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু সংসারজীবনে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে দুজন দুই রকম হয়েও একসঙ্গে চলা যায়। পরস্পরকে ভালোবাসা যায়।
মাহবুব ও তানিয়ার (দুটোই ছদ্মনাম) বিয়ে হয়েছে বছর দেড়েক। মাহবুব উচ্চবিত্ত পরিবারের ছেলে—আজন্ম শহরের অভিজাত এলাকায় থেকেছেন, বিশ্ববিদ্যালয় শেষ করে বিদেশেও পড়ালেখা করেছেন। বাড়িতে সবাই কেতাদুরস্ত থাকেন, আস্তে কথা বলেন, হইহুল্লোড় কম করেন। অন্যদিকে তানিয়া হোস্টেলে থেকে বড় হয়েছেন। মা-বাবা থাকেন শহরতলিতে, যথেষ্ট ধনী। তাঁর পরিবারের সবাই বড় বেশি হুল্লোড়প্রিয়, আমুদে। পোশাকি আচরণের বদলে তাঁরা নির্মল আনন্দে মেতে থাকেন। মাহবুব-তানিয়ার বিয়ে কিন্তু নিজেদের পছন্দেই হয়েছে; একে অপরকে তাঁরা খুবই ভালোবাসেন। তবে তাঁদের মধ্যে সমস্যা হয়ে দাঁড়ায় দুই পরিবারের আদবকেতা। এই নিয়েই তাঁদের মধ্যে দ্বন্দ্ব। তানিয়ার নির্মল উচ্ছ্বলতা, হা-হা-হি-হি করে হেসে ওঠা মাহবুবের পরিবারে সমাদৃত হয় না। আবার মাহবুবের গম্ভীরতা, পোশাকি আচরণকে তানিয়ার পরিবার অহংকার বলে মনে করে। এসব নিয়ে দুই পরিবার আর দুজনের মধ্যে দূরত্ব বাড়তেই থাকে—তাঁরা সিদ্ধান্ত নেন বিয়ে বিচ্ছেদের।
এ ধরনের মানিয়ে চলার সমস্যা অনেক দম্পতির মধ্যেই থাকতে পারে। কখনোই ভেবে নেওয়া ঠিক হবে না যে প্রত্যেক স্বামী-স্ত্রী সব সময় একই মানসিকতার হবেন। দুজনেই নীল রং ভালোবাসবেন, দুজনকেই সমুদ্র পছন্দ করতে হবে, দুজনের প্রিয় খাবার হবে একই—এমনটা ভাবলে কিন্তু ভুল হবে। দুজন যেহেতু দুটি আলাদা মানুষ, দুজনের ব্যক্তিত্ব আলাদা, দুজন দুটি পরিবারের সংস্কৃতি বহন করছেন সুতরাং তাঁদের চিন্তা, ভাবনা আর আচরণের পার্থক্য থাকবেই। কিন্তু একজন যদি আরেকজনের চিন্তা আর সংস্কৃতিকে বুঝতে ভুল করেন, সঙ্গী বা সঙ্গিনীর ভাবনা ও আচরণকে সম্মান করতে না শেখেন, তখনই সমস্যা হয়।
সাধারণ লোকজন মনে করেন, বিষয়টি হচ্ছে মানিয়ে নেওয়ার। প্রকৃতপক্ষেÿ এটি মানিয়ে নেওয়ার চেয়ে আলাদা। মানিয়ে নেওয়ার মধ্যে একটা প্রচ্ছন্ন হতাশা থাকে, নিজস্বতাকে ত্যাগ করে মনের বিরুদ্ধে গিয়ে মেনে নেওয়ার বিষয় থাকে, দিন শেষে একটা দীর্ঘশ্বাস থাকে। কিন্তু দুটি আলাদা ধরনের পরিবার থেকে আসা দুজন মানুষ যদি বুঝতে পারেন যে ‘আমি আমার মতো’ আর ‘সে তার মতো’—তাহলে কিন্তু ব্যক্তিগত আর পারিবারিক টানাপোড়েন অনেক কমে যায়।
২০০৫ সালের মে মাসে ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়ার্ক জার্নালে প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণায় গবেষক তাও সেন দেখান যে তাইওয়ানে দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন আর বিচ্ছেদের অন্যতম কারণ হচ্ছে দুই পরিবারের মধ্যে চিন্তা ও আচরণের পার্থক্য। ২০১৫ সালে আজারবাইজানের ৭৩০ জন বিবাহিত নারীর ওপর পরিচালিত আরেকটি গবেষণাপত্র প্রকাশ হয় ইউরোপিয়ান জার্নাল অব সাইকোলজিতে; সেখানে দেখা যায় দুই পরিবারের মধ্যে পারস্পরিক বোঝাপড়া যদি ভালো থাকে, ছোটখাটো সমস্যা সমাধানের কৌশল যদি দম্পতিরা রপ্ত করতে পারেন, তবে বিবাহিত জীবনের গুণগত মান ভালো হয়। অর্থাৎ দাম্পত্য জীবনকে সাবলীল রাখতে পারস্পরিক বোঝাপড়াটা দুজনের মধ্যে যেমন দরকার তেমনি দুই পরিবারের মধ্যেও দরকার।
খুবই সাধারণ কিছু পারিবারিক অভ্যাসের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের জটিলতা দেখা দিতে পারে। দুই পরিবারের মধ্যে উপহার দেওয়া না দেওয়া বা উপহারের বিষয় নিয়ে মতদ্বৈততা দেখা দিতে পারে, দুই পরিবারের খাদ্যাভ্যাসের পার্থক্য থাকবেই—এই খাদ্যাভ্যাস নিয়ে পরস্পরকে বিদ্রূপ করলে সম্পর্কে চিড় ধরতে পারে, দুই পরিবারের ভাষা আলাদা হতে পারে, শিক্ষাগত যোগ্যতা হতে পারে ভিন্ন। অর্থনৈতিক সংগতির ভিন্নতা থাকতে পারে—আবার আর্থিকভাবে সংগতিপূর্ণ হলেও ব্যয় করার অভ্যাসে পার্থক্য থাকতে পারে। সন্তান মানুষ করার বিষয়ে দুই পরিবারের নিয়ম আর পদ্ধতি আলাদা হতে পারে, এ নিয়ে বিরোধ আর সম্পর্কের জটিলতা প্রায়ই হয়। ঘরের কাজগুলো করার ক্ষেত্রে মতপার্থক্য থাকে, বেশির ভাগ সময় স্বামীরা ঘরের ছোটখাটো কাজ করাকে খুবই অবমাননাকর বলে মনে করেন! সংসার খরচের নিয়ন্ত্রণ কার কাছে থাকবে, তা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। দোষণীয় নয় এমন কিছু ব্যক্তিগত অভ্যাস প্রত্যেক মানুষেরই থাকতে পারে। কিন্তু সেই অভ্যাসটি যদি জীবনসঙ্গী বা সঙ্গিনীর কাছে অপছন্দের মনে হয়, তখন একধরনের জটিলতা তৈরি হয়। এই বিষয়গুলোর বেশির ভাগ অংশই মানুষ পারিবারিকভাবে রপ্ত করে। মনে রাখতে হবে, বিয়ে যেমন একদিকে দুজন মানুষকে একসূত্রে আবদ্ধ করে, তেমনি দুটি পরিবারের মধ্যেও একটি সামাজিক বন্ধন তৈরি করে। তাই স্বামী-স্ত্রীর মধ্যে ব্যক্তিগত সম্পর্ক সাবলীল রাখার পাশাপাশি দুটি পরিবারের আচার-আচরণ আদবকায়দার প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। দুজন মানুষ বা দুটি পরিবার কখনোই একরকম হবে না। বিষয়টি সব দম্পতি আর তাদের পরিবারের সব সময়ই মনে রাখা প্রয়োজন।
দুজন যখন দুরকম:
স্বামী-স্ত্রী দুজন দুটি আলাদা পরিবারের সদস্য। তাঁদের চিন্তা আচরণ আর অভ্যাসের ভিন্নতা থাকবেই। এই ভিন্নতাকে ধারণ করেই তাঁদের সংসারজীবনকে সাম্যাবস্থায় রাখতে হবে। একজনকে জোর করে আরেকজনের মতো তৈরি করার চেষ্টা না করে, যা করা উচিত তা হলো—
পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা: স্বামী-স্ত্রী দুজনের মধ্যে তো বটেই, তাদের দুই পরিবারের মধ্যে সম্মান আর শ্রদ্ধার বিষয়টি সবার আগে স্থান দিতে হবে। পারিবারিক সম্মতি আর ব্যক্তিগত পছন্দে যখন দুজন মানুষ নতুন সংসার তৈরি করতে যাচ্ছে, তখন পরস্পরকে শ্রদ্ধা আর সম্মান জানাতেই হবে।
সাধারণ ইস্যু নিয়ে বিদ্রূপ নয়: অর্থনৈতিক বা শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো নিয়ে কটাক্ষ করা চলবে না। আঞ্চলিকতা আর ভাষার ব্যবহার নিয়ে বিদ্রূপ অবশ্যই পরিতাজ্য। খাদ্যাভ্যাসের পরিবর্তন থাকবেই, আপনি বিনীতভাবে আপনার নিজস্ব পছন্দ-অপছন্দ জানিয়ে রাখবেন—খাদ্যাভ্যাস নিয়ে ব্যঙ্গ করা বা ক্ষোভ প্রকাশ করা চলবে না। দুটি পরিবারে রুচির ভিন্নতা থাকবেই—তাকে শ্রদ্ধা করুন। আপনার রুচিই যে বিশ্বসেরা সেটা ভাববেন না! আপনার পছন্দের সংগীত বা চলচ্চিত্র আরেকজনের পছন্দ নাও হতে পারে। জোর করে আপনার পছন্দ আরেকজনের ওপর চাপিয়ে দেবেন না।
ব্যক্তিগত অভ্যাস: কিছু কিছু ব্যক্তিগত অভ্যাস রয়েছে, যা আরেকজনের পছন্দ নাও হতে পারে। যদি অভ্যাসগুলো ক্ষতিকর হয়, তবে তা পাল্টানোর জন্য বুঝিয়ে বলতে হবে। আর যদি তা ক্ষতিকর নাও হয়, তবে কেন সেগুলো আপনার পছন্দ না তা ব্যাখ্যা করে বুঝিয়ে বলুন। এ ক্ষেত্রে কখনোই পরিবারকে টেনে আনবেন না, পরিবারকে দোষারোপ করবেন না—এতে করে ওই অভ্যাসগুলো তো পরিবর্তন হবেই না, বরং ‘ডিফেন্স মেকানিজম’-এর কারণে অভ্যাসটি বেড়ে যাবে। তাই অন্তরঙ্গ মুহূর্তে বিষয়টি নিয়ে আলোচনা করুন, অযথা পরিবারকে টেনে আনবেন না।
আবেগকে ধারণ করুন: আপনার জীবনসঙ্গীর আবেগকে ধারণ করতে শিখুন। পাশাপাশি আপনার আবেগ যাতে তিনি বুঝতে পারেন সে জন্য বুঝিয়ে বলুন। তাঁর আবেগ নিয়ে হাস্যরস করবেন না। আপনি যদি মিতভাষী স্মিত হাসির অধিকারী হন, সেটা আপনার আবেগের বহিঃপ্রকাশ। আবার আপনার জীবনসঙ্গী যদি অট্টহাস্যে নিজের আবেগ প্রকাশ করেন, সেটাও দোষের নয়।
একটি নতুন পরিবার: মনে রাখবেন বিয়ের পর স্বামী-স্ত্রী মিলে তৈরি করছেন আরেকটি নতুন পরিবার। পারস্পরিক আলোচনার ভিত্তিতে আপনারাই তৈরি করবেন একটি নতুন পরিবারের ধারণা, আপনাদের ভাবনা হবে আপনাদের মতোই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আপনাদের। পারিবারিক চিন্তা আর আচরণ যেন আপনাদের সব সময় আচ্ছন্ন করে না রাখে। কথায় কথায় সঙ্গীর পরিবারের উদাহরণ দেবেন না, নিজের পরিবারের সঙ্গে তুলনা করবেন না।
দায়িত্ব ভাগ করে নেওয়া: ঘর আর বাইরের কাজগুলোর দায়িত্ব ভাগ করে নিন। একে অপরকে ঘরের কাজে, সন্তান পালনে সহায়তা করুন। ব্যস্ততার কারণে সময় বেশি দিতে না পারলেও গুণগত সময় দিন—অর্থাৎ যতটুকু সময় পরিবারে দেবেন, তা যেন কার্যকরী হয়।
চাহিদার সীমা নিজেদের মতো করে ঠিক করুন: নিজেরা নিজেদের মতো করে চাহিদার সীমা তৈরি করুন। আপনার মা-বাবার সঙ্গে তুলনা না করে নিজেদের মতো করে ভাবতে শিখুন। ‘আমার বাবা বিষয়টাকে এভাবে করতেন, আমার মা এভাবে করতেন’—এই ভাবনাগুলো পরিহার করে আপনারা আপনাদের মতো করে করতে শিখুন। মা-বাবার সঙ্গে নিজেদের তুলনা করতে গেলে ভুল করবেন। তাঁদের বয়স, অভিজ্ঞতা সবকিছু আপনাদের থেকে আলাদা। তাই সঙ্গীর কাছ থেকে আপনার মা-বাবার মতো চিন্তা আর আচরণ আশা করবেন না।
দায়িত্ব আছে পরিবারেরও: কেবল স্বামী-স্ত্রীরই নয়, দায়িত্ব আছে তাঁদের পরিবারেরও। বিয়ের পরে তাঁদের নিজেদের মতো করে ভাবতে দিন, চলতে দিন। সবকিছুতে প্রভাব বিস্তার করবেন না। মনে রাখবেন, সংসার জীবন একটি ‘লার্নিং কার্ভ’; স্বামী-স্ত্রী সেখান থেকেই জীবনযাপনের প্রণালিগুলো খুঁজে নেবেন নিজেদের মতো করে। আপনার নাতনি আজ ‘সুজি খাবে না খিচুড়ি খাবে, আপনার মেয়ে আর মেয়ের জামাই ঢাকার কোন অঞ্চলে বাসা ভাড়া নেবে, আপনার ছেলে তার বউকে নিয়ে কক্সবাজার বেড়াতে যাবে না বান্দরবান বেড়াতে যাবে—এসব সিদ্ধান্ত যদি আপনিই দিয়ে দেন, তবে দারুণ ভুল করছেন! আপনার এই চাপিয়ে দেওয়া ভুলগুলো একটি সংসারকে ধ্বংস করে দিতে পারে।
আহমেদ হেলাল
সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা