দুজন শিক্ষক দিয়েই চলছে রেংক্যার্যা বিদ্যালয়
মাত্র দুজন শিক্ষক দিয়ে চলছে খাগড়াছড়ির দীঘিনালার লংগদু উপজেলার সীমান্তবর্তী রেংক্যার্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ পাঁচজন শিক্ষকের পদ থাকলেও দুই বছর ধরে দুজন শিক্ষক অন্য বিদ্যালয়ে প্রেষণে রয়েছেন। ২০১৪ সাল থেকে প্রধান শিক্ষকের পদটিও শূন্য রয়েছে।
দীঘিনালা উপজেলা সদর থেকে ২৮ কিলোমিটার দূরে রাঙামাটির লংগদু উপজেলার সীমান্তবর্তী এলাকায় রেংক্যার্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়টির অবস্থান। বিদ্যালয়টিতে ১৬৫ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে। বাকি চারজন শিক্ষকের মধ্যে সহকারী শিক্ষক সুমনা ভিক্টোরিয়া চাকমা ২০১৪ সাল থেকে ১ নম্বর কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জেনি খীসা ২০১৫ সাল থেকে কাঁঠালতলী আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেষণে রয়েছেন। কর্মরত দুজন শিক্ষকের মধ্যে মিনা রানী ত্রিপুরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও যুগরণ চাকমা সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনা রানী ত্রিপুরা বলেন, রেংক্যার্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার সাতটি গ্রামের শিক্ষার্থীরা পড়াশোনা করে। শিক্ষার্থীদের অধিকাংশই দরিদ্র পরিবারের। দুজন শিক্ষকের পক্ষে সব শিক্ষার্থীকে মানসম্পন্ন শিক্ষাদান সম্ভব হচ্ছে না।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা চাকমা বলেন, ‘রেংক্যার্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুজন শিক্ষক অন্য বিদ্যালয়ে যোগদান করতে আসার পর আমরা জানতে পারি তাঁরা প্রেষণে এসেছেন। বিদ্যালয়টিতে শিক্ষক পদায়নের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’