বিকেল পাঁচটায় এক চায়নিজ রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল। তুমি সেখানে অপেক্ষা করছ আমার জন্য। আমি একটি ডাস্টবিনের পাশে এসে দাঁড়িয়ে রইলাম। তোমার বয়সী একটি মেয়ে বাসি-পচা খাবার খাচ্ছে দেখে আমি থমকে গেলাম। আমার আর চায়নিজ রেস্টুরেন্টে যাওয়া হয়নি। বলা হয়নি, আমি এসেছি তোমার জন্য। পুতুল কিনতে চেয়েছিলাম তোমাকে দেব বলে। শপিং মলে ঢুকতে গিয়ে পা আটকে গেল। দৃষ্টি স্থির হলো এক দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধের দিকে। তোমার চেয়ে কম বয়সী একটি মেয়ে ভিক্ষা করছে বৃদ্ধটিকে নিয়ে। তোমাকে আর পুতুল দিতে পারিনি। খালি হাতে হাজির হয়েছি তোমার কাছে। আমাদের প্রথম ভ্যালেন্টাইনস ডেতে খুব সুন্দর করে সেজে এসেছিলে তুমি। তোমাকে দাঁড় করিয়ে ছবি তোলার জন্য তৈরি হলাম। কোত্থেকে কতগুলো টোকাই গোছের ছেলেমেয়ে তোমার কাছে চলে এল। আমি তাদের ছবি তুলে ক্যামেরা ভর্তি করে ফেললাম। তোমার জন্য আলাদা করে ছবি তোলার জায়গা রইল না ক্যামেরাতে।এমন সম্পর্ক টিকবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু তুমি অস্বাভাবিক কাজটিই করলে। আমার হাত ধরে সামনে এগিয়ে গেলে। তোমার গায়ের চাদর বিলিয়ে দিলে শীতার্তের গায়ে। আমরা বুক ফুলিয়ে হাঁটলাম হাড়কাঁপানো শীতকে উপেক্ষা করে। এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা। এটাই আমাদের আলোকিত পথরেখা।তুষার রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়