ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
মাধ্যমিকে পড়ার সময় এক মেয়েকে আমার ভালো লাগে। তাকে আমার পছন্দের কথা জানাই। কিন্তু সে রাজি হয়নি। তারপরও আমি আশা ছাড়িনি। তার পথ চেয়ে থাকি। কয়েক মাস পর হঠাৎ আমি অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি। এক বছর পর প্রথম যাকে প্রস্তাব দিয়েছিলাম, সে আমার প্রস্তাবে রাজি হয়ে যায়। তত দিনে আমি একটি সম্পর্কে জড়িয়ে গেছি। কিন্তু আমি তাকেও না বলতে পারিনি। একসঙ্গে দুজনের সঙ্গেই সম্পর্ক চালিয়ে যেতে থাকি। প্রায় ছয় বছর এভাবেই চলছে।
একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কিছুদিন আগে আমি স্নাতক হয়েছি। এখন আমি আর এভাবে সম্পর্ক টানতে পারছি না। দুজনের বাসা থেকেই আমার সঙ্গে বিয়ে দিতে রাজি। আমি কী করব ভাবতে পারছি না। একজনকে বাদ দিয়ে অন্যজনের সঙ্গে ভালো থাকতে পারব না। আমাকে সাহায্য করুন।
নাম প্রকাশে অনিচ্ছুক, কুষ্টিয়া।
পরামর্শ
তোমার প্রথম যাকে ভালো লেগেছিল, তার জন্য কয়েক মাস অপেক্ষা করেছিলে। সেই সময়ে অন্য একজন মানুষ তোমার সঙ্গে সম্পর্কিত হয়ে গেছে। প্রথম মেয়ের সঙ্গে কি তুমি সেই সময়ে যোগাযোগ রক্ষা করে যাচ্ছিলে? যদি তা-ই হয়, তাহলে ভেবে দেখবে যে সেটি নৈতিকভাবে ঠিক কি না। আবার যখন তোমার প্রথম ভালো লাগা মানুষের সম্মতি পেলে, তখন তাকেও কিছু না বলে তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করলে। এখানেও নৈতিকতার স্খলন হলো নাকি?
ছয় বছর ধরে তুমি যে দুজনের সঙ্গেই সম্পর্ক চালিয়ে গেছ, সেটা কি তারা একেবারেই জানতে পারেনি? যদি তারা না জেনে থাকে, তাহলে তো দুজনেই প্রতারিত হয়েছে, তাই না? হয়তোবা তোমার স্নেহ-ভালোবাসার চাহিদা বেশি ছিল বলেই দুজনের কাছ থেকেই নিজের প্রয়োজনে সেটি নিয়েছ। তবে তাদের প্রতি সুবিচার হয়েছে কি না, সেটি ভেবে দেখলে ভালো হয়।
একই সঙ্গে দুটি সম্পর্ক রাখলে আমরা মানুষ হিসেবে দুজনের প্রতি সমানভাবে সহমর্মী ও শ্রদ্ধাশীল হতে পারি কি না, তা এক বড় প্রশ্ন হতে পারে। বিয়ের প্রসঙ্গ না এলে তুমি এভাবেই দুজনকে অন্ধকারে রেখে সম্পর্ক চালাতে কি না, সেটিও ভেবে দেখো। তারা তোমাকে অন্ধভাবে বিশ্বাস করেছে, শুধু তা-ই নয়, তাদের অভিভাবকেরাও এখন তোমার প্রতি আস্থাশীল হয়ে পড়েছেন। অনেক দেরিতে হলেও তুমি যে অন্তত এখন একটি সিদ্ধান্তে আসতে চাইছ এবং অত্যন্ত স্পষ্টভাবে নিজের ভুল স্বীকার করে সাহায্য কামনা করছ, সে জন্য অনেক ধন্যবাদ।
তোমার আবেগ বলছে, শুধু একজনকে নিয়ে তুমি সুখী হতে পারবে না, কিন্তু বাস্তবে তারা সেটি মেনে নেবে কি না, তা বোঝা দরকার। এই মুহূর্তে যে অনেক বেশি মানসিক বিপর্যস্ততা বোধ করছ, তাতে কোনো সন্দেহ নেই। নিজেকে এই কষ্টের ভেতরে রাখতে না চাইলে যত তাড়াতাড়ি সম্ভব দুজনের কাছেই ক্ষমা চেয়ে ছয় বছর আগে নেওয়া তোমার অপরিণামদর্শী সিদ্ধান্তের কথাটি অকপটে বলে ফেলো। শুধু নিজের কথা ভেবে তুমি যে তাদের কাছে দিনের পর দিন একটি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছ, সেটি বলে দাও। তারা দুজনে এতে খুব আহত হবে, তাতে সন্দেহ নেই, কিন্তু সত্য যেহেতু গোপন থাকে না, তাই আরও দেরি করে জানলে সেটি তাদের জন্য আরও অসহনীয় হবে।
যদি মৌখিকভাবে তোমার পক্ষে বলা সম্ভব না হয়, তাহলে চিঠির মাধ্যমে অন্তত তাদের জানাও। এরপর তারা যা সিদ্ধান্ত নেবে, সেটি মেনে নেওয়ার মতো মনোবলও তোমাকে পরবর্তী সময়ে ধরে রাখতে হবে। আশা করি এই অভিজ্ঞতা তোমাকে যা শেখাল, তা ভবিষ্যতে কাজে লাগাবে। এভাবে আবেগ দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিয়ে আর কখনো নিজেও কষ্ট পাবে না এবং অন্যদেরও কষ্ট দেবে না।