দুটি আবাসিক হল ও একাডেমিক ভবন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও দুটি আবাসিক হল (ছাত্রাবাস) নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে একটি ছাত্রদের জন্য, অন্যটি ছাত্রীদের। জননেত্রী শেখ হাসিনা হলে ৫০০ ছাত্রীর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ২৫০ ছাত্রের আবাসন-সুবিধা থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও ভৌত অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের অধীনে হল দুটি নির্মাণ করা হচ্ছে। হলগুলো চালু হলে শিক্ষার্থীদের আবাসনসংকট অনেকটা দূর হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই প্রকল্পের অধীনে একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হবে। কলা অনুষদ ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এবং বিভিন্ন বিভাগের শিক্ষাকার্যক্রম পরিচালনায় স্থানসংকটের কারণে ষষ্ঠ একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে।জানা গেছে, আবাসিক হলের নির্মাণকাজ চলতি বছরেই শুরু হবে। একাডেমিক ভবনের কাজ হবে আগামী বছর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গতি আসবে। একাডেমিক ভবনের কাজ শেষ হলে কলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষা কার্যক্রমের বিদ্যমান সংকট দূর হবে। এ অনুষদের অধীনে নতুন বিভাগ চালু করার চিন্তাভাবনা রয়েছে। আর হল চালু হলে দীর্ঘদিনের আবাসনসমস্যার নিরসন হবে।প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে সাতটি ছাত্রাবাস ও তিনটি ছাত্রীনিবাস রয়েছে। এসব আবাসিক হলে চার হাজার ৪১৮ জন শিক্ষার্থী থাকতে পারেন। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর সূত্রে জানা যায়, ছাত্রীনিবাসের নির্মাণব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৬৫ লাখ ১৮ হাজার টাকা। প্রথম পর্যায়ের নির্মাণকাজের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের কাছে ১৪ কোটি ২২ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ চেয়েছে। প্রাথমিক কাজের জন্য এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ছাত্রাবাসের প্রথম পর্যায়ের নির্মাণব্যয় ধরা হয়েছে আট কোটি ৮৭ লাখ ১৪ হাজার টাকা। এ ছাড়া ষষ্ঠ একাডেমিক ভবন নির্মাণে ব্যয় হবে ৩৭ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আলমগীর চৌধুরী প্রথম আলোকে জানান, দুটি আবাসিক হল ও একটি একাডেমিক ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। একনেক দুটি হলের নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে। এরই মধ্যে ভবন নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ছাত্রীনিবাস নির্মাণ করা হবে শামসুননাহার হলের সামনের মাঠে। ছাত্রাবাসটি হবে শহীদ আবদুর রব হলের পাশের এলাকায়। আর দ্বিতীয় কলা অনুষদ ভবন (ষষ্ঠ একাডেমিক ভবন) হবে বর্তমান কলা অনুষদ ভবনের পাশে। প্রধান প্রকৌশলী আরও জানান, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের জন্য নতুন ভবন নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। এটি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে।