দুটি করুণ মৃত্যু আজও ভুলিনি
একাত্তরের মার্চে আমি ছিলাম পটিয়া কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্র। অসহযোগ আন্দোলনের দিনগুলোতে ছাত্রলীগের সমর্থক হিসেবে মিছিল-সমাবেশে অংশ নিই। যুদ্ধ শুরু হলে পটিয়ায় অবস্থানরত ইস্ট পাকিস্তান রাইফেলসসহ (ইপিআর) প্রতিরোধ যোদ্ধাদের জন্য রসদ সংগ্রহে সহযোগিতা করি। তিন ভাইয়ের মধ্যে আমি বড়। মুক্তিযুদ্ধের সময় আমাদের পরিবারের ওপরও নেমে আসে দুঃখের অমানিশা। সবচেয়ে হূদয়বিদারক ঘটনাটি ঘটে একাত্তরের ১৬ এপ্রিল। ওই দিন সকাল সাড়ে ১০টা কি ১১টা। প্রতিবেশী আহমদ কবির মোক্তারের ছেলে আরজুসহ আমরা চার বন্ধু প্রতিবেশী লেদু সওদাগরের কাছারি ঘরে বসে মুক্তিযুদ্ধের সম্ভাব্য গতিপ্রকৃতি নিয়ে আলাপ করছিলাম। হঠাৎ বিমানের বিকট শব্দ শুনে ঘরের বাইরে এসেই দেখি দুটি বিমান দক্ষিণ দিকে আছড়ে পড়ছে। এরপর দ্রুত টাটাটা... আওয়াজ। ভয়ে আমরা ঘরের ভেতর ঢুকে খাটের নিচে শুয়ে পড়ি। কয়েক মিনিটের মধ্যে গোলাগুলি ও বোমার শব্দ থেমে গেলে আমরা লেদু সওদাগরের বাড়ি থেকে বেরিয়ে নিজ নিজ ঘরের দিকে ছুটে যাই। ঘরে গিয়েই শুনতে পেলাম বুকফাটা কান্নার রোল। ছোট ভাই ছৈয়দুল হকের নিষ্প্রাণ দেহ পড়ে আছে। তার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে মাথার খুলির একাংশ মগজসহ। পাশেই কাতরাচ্ছিলেন চাচি নছুমা খাতুন (২৭)। বিমান থেকে ছোড়া গুলিতে তাঁর পেটের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। এ ছাড়া উরুর একপাশ দিয়ে গুলি ঢুকে অপরদিকে মাংসের থেঁতলানো টুকরা বের হয়ে পড়েছে ফুফু আনজুমান আরা খাতুনের (৫০)। সবার রক্তে সয়লাব হয়ে গিয়েছিল পুরো মেঝে। প্রাথমিকভাবে শোক কাটিয়ে চাচি-ফুফুর জন্য চিকিৎসক খুঁজতে গিয়ে দেখি পটিয়া সদর হাসপাতালসহ আশপাশের সব ডাক্তারখানা ও ডিসপেনসারি বন্ধ। বোমা ও গুলির ঘটনার পরপরই পুরো এলাকা প্রায় জনমানবশূন্য হয়ে পড়ে। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে সূচক্রদণ্ডী গ্রামের খাস্তগীরপাড়ায় ছিল ডাক্তার জহুরুল হকের বাড়ি। সেখানে গিয়ে তাঁকেও পাওয়া গেল না। তাঁর বাড়ি থেকে বেরিয়ে পাশের রসিদ প্রফেসরের (পরবর্তীকালে কাস্টমস কর্মকর্তা) বাড়ির সামনে এসেছি—এমন সময় পাক বাহিনীর বিমান দ্বিতীয় দফায় এসে শুরু করে ব্যাপক বোমাবাজি ও গোলাগুলি। তাড়াতাড়ি স্থানীয় কালী বাড়ির পাশে পুকুরপাড়ের নিচের দিকে ঝোপের আড়ালে বসে আত্মরক্ষার চেষ্টা করি। চার-পাঁচ মিনিট পর গোলাগুলি ও বোমার শব্দ থামলে ফিরে যাই বাড়িতে। তখন বেলা প্রায় একটা। একদিকে ভাইয়ের দাফন, অপরদিকে আহত চাচি ও ফুফুর চিকিৎসার চিন্তা। যন্ত্রণাকাতর ফুফু বলছিলেন, ‘আমার প্রাণটা কেন জানি যাচ্ছে না। আমাকে দরগাহ থেকে (গোবিন্দারখিলের প্রসিদ্ধ আমিরুজ্জামান শাহের (র.) দরগাহ) একটু পানি এনে দাও। প্রাণটা শান্তিতে যাক।’ আমি দরগাহ থেকে পানি এনে খাওয়াই। আসরের নামাজের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন চাচি।এদিকে বোমা হামলার পর পটিয়া সদরের সব দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় দাফন-কাফনের কাপড়ও পাওয়া যাচ্ছিল না। নামাজের একটি সাদা শাড়ি পরিয়ে চাচির এবং বাবার ব্রিটিশআমলের একটি ধুতি দিয়ে ভাইয়ের কাফনের কাপড় বানিয়ে দুজনকে দাফন করা হয়।সন্ধ্যার পর আহত ফুফু আনজুমান আরা খাতুনকে নিয়ে যাওয়া হয় প্রায় চার কিলোমিটার উত্তরে ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন গ্রামে আত্মীয় আলতাফুর রহমান চৌধুরীর বাড়িতে। সেখানে তাঁকে এক মাস স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। প্রায় পঙ্গু অবস্থায় কয়েক বছর থাকার পর ক্ষত স্থানে পুনরায় ইনফেকশন হয়ে মারা যান তিনি।মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে একদল রাজাকারের সহায়তায় পাকিস্তানি সেনারা আমার প্রতিবেশীদের বাড়িতে গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে মুক্তিযোদ্ধা আবদুল আলীম, আহমদ কবির মোক্তার, রিজোয়ান কবির আনসারী, আবদুল জব্বার, আবদুল গাফফার, আলী হোসেন ও মদনী বাপের বাড়িসহ ২০-২৫টি বাড়িঘর ভস্মীভূত হয়। কয়েকটি দোতলা মাটির ঘর আসবাবপত্রসহ দু-তিন দিন ধরে জ্বলতে দেখা যায়। এ সময় সংশ্লিষ্ট বাড়িঘরের নারী-পুরুষ-শিশুরা দিগ্বিদিক পালিয়ে যান। ওই বাড়ির এক নারীকে পাঞ্জাবি সেনারা ধরে নিয়ে যেতে চাইলে নারীটি কোনো রকমে ছুটে একটি জ্বলন্ত ঘরের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।আমিও নিয়মিত থাকতে পারিনি নিজের ঘরে। কখন আবার বোমা পড়ে, গুলি হয়, কখন নিজেও শিকার হই হানাদার বা রাজাকারদের জিঘাংসার; এসব চিন্তায় অস্থিরতার মধ্যে কেটেছে যুদ্ধের বাকি সময়টুকু। ঠিক ছিল না নাওয়া-খাওয়ার। কখনো কোনো বাড়িতে সুযোগ পেলে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের খবর শুনতাম—কখন বাঙালিদের বিজয়ের খবর আসে।ডিসেম্বরের এক শীতের সোনালি সকালে জানতে পারি পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করতে যাচ্ছে। পটিয়া সদরসহ আশপাশের এলাকার রাজাকার আলবদরের দল তাদের চিহ্নিত পোশাক ছেড়ে ইঁদুরের মতো পালিয়ে গেছে। দীর্ঘ নয় মাস পর বুকের ওপর থেকে চাপিয়ে দেওয়া একটি জগদ্দল পাথর যেন নেমে পড়ল। শত দুঃখের মধ্যেও ক্ষণিকের জন্য চোখেমুখে ফুটে ওঠে বিজয়ের আনন্দ রেখা।মো. জাহিদুল হক, শিক্ষক, শাহ আমির উচ্চবিদ্যালয় অনুলিখন: মুহাম্মদ শামসুল হক