>ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ার কনটেস্ট-২০১৭। এটি বিশ্বখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর আলোকচিত্র প্রতিযোগিতার নাম। এ বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশের দুই আলোকচিত্রীর ছবি পুরস্কৃত হয়েছে। ‘পিপল’ বিভাগে বিচারকদের রায়ে সম্মাননা স্বীকৃতি (অনারেবল মেনশন) পেয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী মঈন উদ্দিন আহমেদ এবং ন্যাশনাল জিওগ্রাফিকের নিবন্ধিত আলোকচিত্রীদের ভোটে ‘পিপলস চয়েস’ পুরস্কার পেয়েছেন তানভীর হাসান। তাঁদের ছবি তোলার গল্প শোনা যাক এই প্রতিবেদনে। লিখেছেন সজীব মিয়া

মঈনের ‘অপলক দৃষ্টি’

ট্রেনের দুটি জানালা। বৃষ্টির ঝাপটায় একটি জানালার কাচ ঘোলাটে হয়ে আছে। সেখানেই দেখা যাচ্ছে একজন মানুষের অস্পষ্ট মুখ। তবে তাঁর চোখ দুটি স্পষ্ট দেখা যাচ্ছে। বাইরে তাকিয়ে আছেন স্থির দৃষ্টিতে। আর পাশের জানালাটা প্রায় পুরোটা ঢেকে নিয়েছে যাত্রীর মেলে ধরা ছাতা। এটিই মঈন আহমেদের আলোকচিত্র। তিনি ছবিটার নাম দিয়েছেন ‘দ্য মেনস স্টেয়ার’। সোজা বাংলায়—মানুষের অপলক দৃষ্টি। মঈনের তোলা এ ছবিটি ন্যাশনাল জিওগ্রাফিকের বর্ষসেরা ভ্রমণ আলোকচিত্র প্রতিযোগিতায় সম্মাননা স্বীকৃতি পেয়েছে।
আলোকচিত্রী তাঁর ছবির ক্যাপশনে জুড়ে দিয়েছেন পেছনের ছোট কাহিনি। ফোনে কথা বলার সময় সেটাই আবার তিনি সবিস্তারে জানালেন।
মঈন উদ্দিন আহমেদ শৌখিন আলোকচিত্রী। কাজ করেন মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কারিগরি প্রধান হিসেবে। শখের বশে ছবি তুললেও তিনি আলোকচিত্রবিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন দেশে ও দেশের বাইরে। মঈন বলেন, ‘ছবি তোলার জন্য বেছে নিই ছুটির দিনগুলো। তবে প্রতি শুক্র ও শনিবারই ক্যামেরা কাঁধে বেরিয়ে পড়ি। মানুষ আর প্রকৃতির ছবি তুলি।’
গত বছরের জুলাই মাসের এক শুক্রবার মঈন আহমেদ বেরিয়ে পড়েছিলেন। ছবি তুলতে যান টঙ্গী রেলওয়ে স্টেশনে। স্ট্রিট ফটোগ্রাফি তাঁর ভালো লাগে। সকাল থেকেই ঝুম বৃষ্টি পড়ছিল। ভরদুপুরে একটি কমিউটার ট্রেন এসে থামে প্ল্যাটফর্মে। থামার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মের ছাদে জমে থাকা বৃষ্টির পানি ট্রেনের ছাদে পড়তে থাকল। তারপর দুই পাশ বেয়ে পড়ে নিচে। অতিরিক্ত বৃষ্টিতে একটি জানালার কাচ ঝাপসা হয়ে গেছে। এই ঝাপসা কাচের ভেতরে মঈন দেখেন, দুটি চোখ বাইরে অপলক চেয়ে আছে। টপাটপ তুলে ফেলেন সেই দৃশ্য।
সেই ছবিতেই এসেছে সম্মাননা। মঈন আহমেদ জানালেন, তিনি এ পর্যন্ত আলোকচিত্রে বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

তানভীরের ‘বালুশ্রমিক’

তানভীর হাসান আগেও টুকটাক ছবি তুলতেন, তবে ২০১২ সালে তাঁকে ছবি তোলার শখ পেয়ে বসে। ঢাকায় তাঁদের পারিবারিক ব্যবসার কাজ থেকে ফুরসত পেলেই বেরিয়ে পড়েন ছবি তুলতে। তানভীর হাসান বলছিলেন, ‘প্রকৃতি আমাকে সব সময় টানে। ফটোগ্রাফির শুরুতে তাই আমি ঘুরে ঘুরে ফুলের ছবি তুলতাম। ধীরে ধীরে মানুষের জীবন যাপনের ছবি তুলতে আগ্রহী হই।’
এই আগ্রহই একদিন তাঁকে নিয়ে গিয়েছিল মুন্সিগঞ্জে। সঙ্গে ছিলেন মালয়েশিয়া থেকে আসা তাঁর কয়েকজন আলোকচিত্রী বন্ধু। ঘুরতে ঘুরতে একসময় থেমেছিলেন ধলেশ্বরী নদীর তীরে। সেখানে বালুর ঝাঁকা মাথায় বয়ে নিয়ে যাওয়া শ্রমিকদের দেখে এগিয়ে যান। তাঁদের সঙ্গে এগোতে এগোতে তুলে নেন বালুশ্রমিকদের কিছু ছবি। সাদা–কালো ফ্রেমে ধরা এমন একটি ছবিই ন্যাশনাল জিওগ্রাফিকের নিবন্ধিত আলোকচিত্রীরা ভোট দিয়ে সেরা নির্বাচন করেছেন। তানভীর হাসানের এ ছবিটি ন্যাশনাল জিওগ্রাফিকের বর্ষসেরা ভ্রমণ আলোকচিত্র প্রতিযোগিতায় ‘পিপল’ বিভাগে ‘পিপলস চয়েস’ প্রতিযোগিতা করেছে। তাঁর ছবির শিরোনাম ‘স্যান্ড পোর্টার’ বা বালুশ্রমিক।
শখের আলোকচিত্রী তানভীর হাসান এরই ফাঁকে সেরে নিয়েছেন আলোকচিত্রবিষয়ক মৌলিক কোর্স। তানভীর হাসান জানালেন, প্রকৃতি ও মানুষের জীবনযাপনের গল্প ক্যামেরাবন্দী করে তিনি ২০১৫ সালে ‘মস্কো ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড’-এ ‘জেনারেল নিউজ’ বিভাগে পেয়েছেন প্রথম পুরস্কার। ওই বছরই ইন্টারন্যাশনাল ইয়ুথ ফটোগ্রাফি কনটেস্টে হয়েছেন সেরা বিজয়ী, ২০১৬ সালে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে প্রথম পুরস্কারসহ আন্তর্জাতিক বিভিন্ন আলোকচিত্র প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি ৩০২টি পুরস্কার জিতেছেন।
এক টুকরো প্রতিযোগিতা
প্রকৃতি, শহর ও মানুষের গল্প নিয়েই ন্যাশনাল জিওগ্রাফিকের আলোকচিত্র প্রতিযোগিতা ‘ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ার কনটেস্ট’। এ বছর এই প্রতিযোগিতার ‘নেচার’, ‘সিটি’ ও ‘পিপল’—এই তিন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ন্যাশনাল জিওগ্রাফিক ওয়েবসাইট ঘেঁটে জানা গেল, এপ্রিল থেকে জুন পর্যন্ত নির্ধারিত শর্ত মেনে আলোকচিত্রীরা ছবি জমা দেন। এর মধ্য থেকে বাছাই করে প্রাথমিক তালিকা করা হয়। সেই তালিকা থেকেই বিচারকেরা চূড়ান্তভাবে প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্ধারণ করেন। এই তিন বিভাগের বাইরে বিচারকদের রায়ে প্রতিটি বিভাগে কয়েকজনকে ‘অনারেবল মেনশন’ দেওয়ার পাশাপাশি ন্যাশনাল জিওগ্রাফিকে নিবন্ধিত আলোকচিত্রীদের ভোটে নির্বাচিত করা হয় ‘পিপলস চয়েস’ বিজয়ী ফটোগ্রাফার।
প্রতিযোগিতায় সর্বোচ্চ পুরস্কার বা ‘গ্র্যান্ড প্রাইজ’ পান একজন আলোকচিত্রী। এ বছর এই পুরস্কার পেয়েছেন মেক্সিকোর আলোকচিত্রী সের্গিও ট্যাপির ভেলাসকো। সম্মানজনক এই পুরস্কারের জন্য বিজয়ী পাচ্ছেন গালাপাগোস দ্বীপপুঞ্জ ভ্রমণের সুযোগ। এ ছাড়া প্রতিযোগিতায় তিন বিভাগে বিজয়ী সেরা তিনজন আলোকচিত্রীকে ন্যাশনাল জিওগ্রাফিকের পক্ষ থেকে অর্থ পুরস্কার দেওয়া হয়।