পশ্চিম পটিয়ার ফকিরনিরহাটে মসজিদের কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, অগ্নিসংযোগ, মারামারি, ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলা দুটিতে ১৩ জন এজাহারভুক্ত আসামি ছাড়াও অজ্ঞাত এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার বিকেলে সংঘটিত এই ঘটনায় ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়।গত শুক্রবার রাতে কর্ণফুলী থানায় এ মামলা দুটি করা হয়। মামলার বাদী কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) বাবুল মিয়া। একটি মামলা করা হয় দ্রুত বিচার আইনে, অপরটি সরকারি কাজে বাধা দান ও পুলিশের ওপর হামলার অভিযোগে। এ প্রসঙ্গে একটি মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক উৎপল বড়ুয়া বলেন, দুটি মামলায় এই পর্যন্ত ৩৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। এখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পর ফকিরনিরহাটে একটি মসজিদের কর্তৃত্ব নিয়ে বড় উঠান ও জুলধা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় দুপক্ষ লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে বড় উঠান ইউনিয়নের শাহ মিরপুর এলাকার অন্তত ১০টি দোকান ও আটটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া ভাঙচুর করা হয় আরও দু-তিনটি দোকান। এসময় রাস্তায় চলাচলকারী যানবাহনেও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হন।স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে মসজিদটি নিয়ে বিরোধ চলে আসছে। বড় উঠানের লোকজন এটিকে বায়তুল ইকরাম মসজিদ ও জুলধার লোকজন এটিকে জাফর আলী মুন্সির জামে মসজিদ হিসেবে দাবি করে আসছেন।পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সাধারণ মুসল্লিদের মধ্যে এ নিয়ে কোনো বিরোধ নেই। বাইরে থেকে কিছু লোক এসে এ ঘটনাকে বড় করছে।’