দুটি হলের নামকরণের আশা ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বছরের পর বছর যায়। সিন্ডিকেটের সভা বসে। সব ব্যাপারেই সিদ্ধান্ত হয়। শুধু নামহীন দুটি হলের (ছাত্রাবাস) ব্যাপারে কোনো উদ্যোগ নেই। কর্তৃপক্ষের কাছে হলগুলোর নামকরণের ব্যাপারে দাবি জানালে বিভিন্ন অজুহাত দেখায়। ফলে আমরা এখন এ ব্যাপারে আশা ছেড়ে দিয়েছি।’ অনেকটা ক্ষোভ ও হতাশার সঙ্গে কথাগুলো বলছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চতুর্থ বর্ষের শিক্ষার্থী পরাগ বড়ুয়া।পরাগ বড়ুয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের নামহীন দুটি হলের (নতুন হল ও ছাত্রী হল) নামকরণের জন্য বিভিন্ন সময়ে দাবি উত্থাপিত হয়েছে, দেয়াললিখন হয়েছে, ক্যাম্পাসের বিভিন্ন সাময়িকীতে লেখালেখি হয়েছে। কিন্তু ব্যাপারটির কোনো সুরাহা এখনো হয়নি।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আবাসনসংকট দূর করতে ২০০৫ সালে ৫৫০ আসনের নতুন আবাসিক হলের উদ্বোধন করা হয়। এর আগে ২০০১ সালে ছাত্রীদের জন্য প্রায় ২০০ আসনের ছাত্রী হলটি নির্মাণ করা হয়। কিন্তু উদ্বোধনের পর দীর্ঘদিন ধরে নামহীনভাবেই এ হল দুটির প্রশাসনিক কর্মকাণ্ড চলে আসছে।হলের নামকরণ প্রসঙ্গে চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘হলগুলোর নামকরণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ পরিচালক এই কমিটিতে কাজ করছেন। আশা করি শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’ অনুসন্ধানে জানা যায়, বিগত দিনে মূলত রাজনৈতিক ঝামেলা এড়াতে কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। জোট সরকারের আমলে ছাত্রসংসদে থাকা ছাত্রদলের নেতারা ছাত্রদের হলটির নাম সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বাবা ফজলুল কাদের (ফকা) চৌধুরীর নামে এবং ছাত্রী হলটির নাম তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে দেওয়ার জন্য প্রস্তাব করেন। এ ছাড়া ছাত্রশিবিরের নেতারাও তখন তাঁদের পছন্দ অনুযায়ী বিভিন্ন নাম প্রস্তাব করেন। কিন্তু ওই সময় সাধারণ শিক্ষার্থীরা এসব প্রস্তাব মেনে নেননি বলে প্রশাসন এ ব্যাপারে আর অগ্রসর হয়নি।জানা যায়, অনেক শিক্ষার্থী ছাত্রদের হলটির নাম ব্রিটিশবিরোধী আন্দোলনের কর্ণধার মাস্টার দা সূর্য সেনের নামে এবং ছাত্রী হলটির নাম প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে করার দাবিও জানিয়েছিলেন।কিন্তু অনেক দাবি জানানোর পরও কোনো কাজ না হওয়ায় অনেক পুরোনো হওয়ার পরও ছাত্রদের হলটি নতুন হল এবং ছাত্রীদের হলটি লেডিস হল নামে পরিচিত হয়। শিক্ষার্থীরা জানান, বিগত দিনে অর্থাৎ জোট সরকারের আমলে রাজনৈতিক কারণে হল দুটির নামকরণ করা না গেলেও পরবর্তীকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আমলেই হলগুলোর নামকরণের উপযুক্ত সময় ছিল।