দুদলেই সংকট বিদ্রোহীরা অনড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণার কথা বলা হলেও দুদলেই একাধিক প্রার্থী নির্বাচন করার ব্যাপারে অনড়। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সংশ্লিষ্ট প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে এর প্রভাব নির্বাচনে পড়বে বলে সংশ্লিষ্ট নেতা-কর্মীরা আশঙ্কা করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন আখতারুজ্জামান চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান এম এ হান্নান চৌধুরী এবং আবু জাফর। দলের পক্ষে একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে ২ মার্চ স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নগরের বাসভবনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সাইফুজ্জামান চৌধুরী দলের একক প্রার্থী হিসেবে তৌহিদুল হক চৌধুরীর নাম ঘোষণা করেন। এ ছাড়া, ভাইস চেয়ারম্যান পদে মৃণাল ধর এবং নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান নারী ভাইস চেয়ারম্যান রেহেনা ফেরদৌস চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এ সময় হান্নান চৌধুরী ও আবু জাফর তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করার ঘোষণা দেন। নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী অন্য তিন জনের মধ্যে মরিয়ম বেগম ওরফে বদনী মেম্বার ছাড়া অন্য দুজন প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন। সভায় তৃণমূল নেতা-কর্মীরা চেয়ারম্যান পদে তৌহিদুলের পক্ষে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
সূত্র জানায়, বর্ধিত সভায় চেয়ারম্যান পদে আরেক প্রার্থী আবুল কালাম চৌধুরী উপস্থিত ছিলেন না। জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘সারা জীবন আমি আওয়ামী লীগের জন্য কাজ করেছি। কখনো আদর্শ থেকে সরিনি। এখন জনগণ আমাকে চাচ্ছে, তাই নির্বাচনে করছি। ইনশা আল্লাহ নির্বাচন করবই।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক জানান, ‘আমরা দলের পক্ষ থেকে চেয়ারম্যান পদে তৌহিদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে মৃণাল ধর ও নারী ভাইস চেয়ারম্যান পদে রেহেনা ফেরদৌস চৌধুরীকে একক প্রার্থী ঘোষণা দিয়েছি। পুরো উপজেলার নেতা-কর্মীরা তাঁদের জন্য কাজ করতে প্রস্তুত।’
এদিকে চেয়ারম্যান পদে একক প্রার্থী চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছে বিএনপিও। এ পদে দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির একাংশের সভাপতি ও সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের অনুসারী শাহজাহান চৌধুরী এবং বটতলী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম মনোনয়নপত্র জমা দেন। একক প্রার্থী চূড়ান্ত করার জন্য বিভক্ত উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সভা ডেকেছিলেন অ্যাডভোকেট কবির চৌধুরী। ১৯ ফেব্রুয়ারি কালাবিবির দীঘিরপাড়ে একটি সামাজিক কেন্দ্রে সভায় সরওয়ার জামাল নিজামের অনুসারীরা অনুপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির একাংশের সভাপতি মোশাররফ হোসেন জানান, বৈঠকে যাওয়ার ঘোষণা দিয়েও নিজামসহ তাঁর অনুসারীরা যাননি। এ অবস্থায় দলের জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমানের পক্ষ থেকে জালাল উদ্দিন আহমদের নাম ঘোষণা করেন কবির চৌধুরী। এলডিপি ও জামায়াত নেতারাও তাঁকে সমর্থন করেন। অন্যদিকে ২২ ফেব্রুয়ারি একই জায়গায় সরওয়ার জামাল নিজাম ও উপজেলা বিএনপির একাংশের সভাপতি শাহজাহান চৌধুরীর অনুসারীরা আলাদা সভা করে দলের প্রার্থী হিসেবে শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করেন।
জানতে চাইলে শাহজাহান চৌধুরী বলেন, ‘দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, কাজেই আমি নির্বাচনে আছি। এর বাইরে আর কিছু বলতে চাই না।’
এদিকে বিএনপি থেকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ব্যাপারে অ্যাডভোকেট আবু তাহের ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুশীল ধর এখনো অনঢ়। মাঠে আছেন জামায়াতের মোহাম্মদ ফরিদ উদ্দিনও। বিএনপির একাংশ, এলডিপি ও হেফাজত তাঁকে সমর্থন দিচ্ছে বলে জানা গেছে।
তবে নারী ভাইস চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী রয়েছেন শিরিন আকতার।
উভয় দলের নেতা-কর্মীরা মনে করেন আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কারা কারা প্রত্যাহার করেন তা দেখে বোঝা যাবে নির্বাচনী হাওয়া শেষ পর্যন্ত কোন দিকে যায়।