দুদুকছড়া সড়কে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় দুই দশক ধরে সংস্কারহীন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুদুকছড়া সড়কের অধিকাংশ স্থানের ইট উঠে গেছে। লোগাং ইউনিয়নের মগপাড়া এলাকার চিত্র l প্রথম আলো
প্রায় দুই দশক ধরে সংস্কারহীন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুদুকছড়া সড়কের অধিকাংশ স্থানের ইট উঠে গেছে। লোগাং ইউনিয়নের মগপাড়া এলাকার চিত্র l প্রথম আলো

গর্তে ভরা সড়কের কিছু স্থানে ইট সরে গিয়ে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। সড়কে গাড়ি চলে ঝুঁকি নিয়ে। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুদুকছড়া সড়কের এমন বেহাল দশা। দুই কিলোমিটার দীর্ঘ ইট বিছানো এই সড়কটি ভেঙে যাওয়ায় যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছে উপজেলার লোগাং ও পুজগাং ইউনিয়নের মানুষ।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, লোগাং ইউনিয়নের দুদুকছড়া মারমাপাড়া থেকে দুদুকছড়া বাজার পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ এই সড়কের বেশির ভাগ অংশের ইট উঠে গিয়ে এবড়োখেবড়ো হয়ে আছে। একটু পরপর গর্ত সৃষ্টি হয়েছে। কিছু কিছু স্থানে ইটের অস্তিত্ব নেই। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
স্থানীয় লোকজন বলেন, সড়কটি দিয়ে লোগাং ইউনিয়নের দুদুকছড়া, হাতিমারা, রুপসেনপাড়া, শান্তিবিকাশপাড়া, প্রেম কুমারপাড়া, সীমানা আদাম, গীলেতলী ও পুজগাং ইউনিয়নের সভাচন্দ্রপাড়া, অমরেন্দ্রপাড়া, হারুবিল, ত্রিপুরাপাড়ার প্রায় ৩০ হাজার লোকজন চলাচল করে। সড়কের অবস্থা বেহাল হওয়ার কারণে গাড়ি চলাচল অনেকটা কমে গেছে। ভাঙা সড়কের কারণে ১০ মিনিটের পথ যেতে লাগছে ২০ মিনিট। আর এ সুযোগে দ্বিগুণ ভাড়া আদায় করছেন অটোরিকশার চালকেরা।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিডি) পানছড়ি উপজেলা কার্যালয় সূত্র জানায়, ১৯ বছর আগে এই সড়কে ইট বিছানো হয়েছিল। এর পর থেকে আর কোনো সংস্কার করা হয়নি।
স্থানীয় বাসিন্দা রবিজয় চাকমা ও সুরেন্দ্র চাকমা বলেন, ‘সংস্কারের জন্য জনপ্রতিনিধিদের কাছে বারবার অনুরোধ করেছি অথচ কারও কোনো মাথাব্যথা নেই। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক এটি। বর্ষার সময় গাড়ি তো দূরের কথা হেঁটে চলাও কষ্টকর হয়ে দাঁড়ায়।’
লোগাং ইউনিয়নের চেয়ারম্যান পদুত্তর চাকমা বলেন, ‘লোগাং থেকে উপজেলা সদরসহ খাগড়াছড়ি যাওয়ার একমাত্র সড়ক এটি। ইউনিয়নের এত বড় বাজেট নেই সড়কটি সংস্কার করার। তবে সড়কটি সংস্কারের জন্য মাসিক বৈঠকে উত্থাপন করেছি।’
পানছড়ি উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাশ বলেন, উপজেলা চেয়ারম্যান এই সড়কটি নিয়ে আলোচনা করেছেন। এই অর্থবছরে সড়কটি সংস্কার করার জন্য আর কোনো বরাদ্দ নেই। সামনের অর্থবছরে বরাদ্দ হলে সড়কটি সংস্কার করা হবে।