

গল্প শুনুন একটা। ঘি বিক্রেতাকে টেনেহিঁচড়ে পুলিশে দিতে গিয়েছেন এক ব্যক্তি। ‘এই ধইরা আনছি স্যার। গতকাল ওনার ভেজাল ঘি খাইয়া আমার পুরা পরিবার অসুস্থ হইয়া পড়ছে। আমার নিজের শরীরটাও ভালো ঠেকতাছে না। ওরে হাজতে ভরেন।’
অমনি ঘি বিক্রেতা বললেন, ‘না স্যার, আমি আফনারে সত্য কথাডা কই, গত দুই বছর ধইরা আমি উনারে ভেজাল ঘি দিছি। একমাত্র কাইলই উনারে আমি খাঁটি ঘি দিছি।’
শুনে পুলিশ অফিসারই গেলেন রেগে। ‘এ্যাঁ, খাঁটি দিছ? খাঁটি ঘি খাইলে কারও সমস্যা হয়? দুই বছর ধরে তো কোনো সমস্যা হয় নাই।’
‘হেইয়া তো স্যার মুইও বুঝতাছি না। আসলে হইছে কি স্যার, ভেজাল খাইতে খাইতে অভ্যাস হইয়া গেছে তো, তাই পেটে খাঁটি জিনিস আর সহ্য হয় না!’
এমন খাঁটি-ভেজালের দ্বন্দ্বে না গিয়ে নিশ্চিন্তে চলে আসতে পারেন রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলী ঘি পট্টিতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে ইসলামপুর যাওয়ার পথে হাতের ডানে মিলবে এই ঘি পট্টির দেখা। একটি মাত্র গলিতে, শুধু দুগ্ধজাত পণ্যকে কেন্দ্র করে পর পর ২৩টি দোকান নিয়ে গড়ে উঠেছে এই ঘি পট্টি। যেখানে কেজি তো বটেই, মণের পর মণ অর্ডার আসে বাসাবাড়ি থেকে শুরু করে বিয়ে বাড়ির উৎসব অনুষ্ঠান আর হোটেল-রেস্তোরাঁ থেকে।
যা পাবেন
ঘি, টক দই, ক্রিম দই, ছানা, মাখন, মাওয়া, মালাই, ক্ষির, বোরহানি (বিশেষ করে রমজান মাসে), চালকুমড়ার মোরব্বা ও ছানা থেকে তৈরি রসালো গুটি মিষ্টি।

আয়োজনে প্রয়োজন
ঘি: সাধারণত পোলাও এবং বিরিয়ানিতে ঘিয়ের ব্যবহার দেখা যায় বেশি। এ ছাড়া নানা রকম হালুয়া, মিষ্টান্ন, ভর্তা-ভাজি এমনকি মুড়িঘন্টতেও ঘিয়ের ব্যবহার উল্লেখ করার মতো। মজার ব্যাপার হলো, এই ঘি ফ্রিজে না রেখেও নিশ্চিন্তে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। শুধু খেয়াল রাখতে হবে, পাত্রটি যাতে বায়ুরোধক হয়।
দই: দুই প্রকার দইয়ের মধ্যে ক্রিম দই সরাসরি যেমন খাওয়া হয়, আবার এ থেকে মাখনও তৈরি হয়। টক দইয়েরও রয়েছে নানাবিধ ব্যবহার। এ সম্পর্কে বিক্রেতা জাহাঙ্গীর আলম জানান, টক দই থেকে তৈরি হয় বোরহানি, রমজান মাসে যার চাহিদা থাকে প্রচুর।
মাখন: দুধ থেকে তৈরি হয় ক্রিম (দুধের সর)। আর ক্রিম থেকে তৈরি হয় মাখন।
মাওয়া: খাবারে, বিশেষ করে মাংসে লোভনীয় স্বাদ ও ঘ্রাণের জন্য ব্যবহার করা হয় মাওয়া। বিয়ে বাড়ি বা কোনো বড় উৎসব অনুষ্ঠানে মাংস রান্নায় একটুখানি মাওয়া খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়িয়ে দেয় বহুগুণ। এ ছাড়া মিষ্টি তৈরিতেও এর ব্যবহার আছে।
অন্যান্য: তা ছাড়া মালাই, মুখরোচক ক্ষির আর ছানার স্বাদ নিতে কে না চায়? আইসক্রিম ও নানা রকম মিষ্টান্নজাতীয় খাবার তৈরিতেও এগুলোর ব্যবহার হয়।
দরদাম
কেজিপ্রতি ঘি পাবেন ৫০০ থেকে ৮০০ টাকায়। টক দই পাবেন ৫০ টাকা ও ক্রিম দই ৭০ টাকা প্রতি কেজি। ক্রিম ছাড়া ছানা পাবেন ১৫০ টাকা এবং ফুলক্রিম ছানা ৩০০ টাকা প্রতি কেজি। ক্রিম ছাড়া মাওয়া ২০০ টাকা ও ফুলক্রিম মাওয়া ৪০০ টাকা প্রতি কেজি। প্রতি কেজি ক্ষির পাবেন ৫০০ টাকা থেকে ৬০০ টাকায়। মালাই আর মাখন পাবেন কেজিপ্রতি ৬০০ টাকা দরে। মোরব্বা পাবেন ১০০ টাকা আর ছানার তৈরি গুটি মিষ্টি পাবেন ১৫০ থেকে ১৮০ টাকা প্রতি কেজি।
মণ বা কেজি হিসেবে দামের অঙ্কটা বড় দেখালেও হতাশ হওয়ার কিছু নেই। আছে আধা কেজি, ২৫০ গ্রাম এমনকি ১০০ গ্রাম পর্যন্ত বিকিকিনির ব্যবস্থা।