দুনিয়া একদিকে আর মার্কিনরা অন্যদিকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিত্জা খাওয়ার সময় এভাবেই স্লাইস বা টুকরো করে খায় মার্কিনিরা।
পিত্জা খাওয়ার সময় এভাবেই স্লাইস বা টুকরো করে খায় মার্কিনিরা।

পিত্জা খাওয়ার ধরন থেকে শুরু করে ওজনের পরিমাপ বা সময় গণনা অনেক কিছুতেই বাকি দুনিয়ার আচার আচরণ থেকে আলাদা কেতায় চলে মার্কিনরা। দুই বছর ধরে ঘুরেফিরে ইউরোপ-এশিয়া-আফ্রিকা-অস্ট্রেলিয়া আর দক্ষিণ আমেরিকার লোকজনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবনাচরণ ও সামাজিক-রাষ্ট্রীয় রীতিনীতির এসব ভিন্নতার কয়েকটি চিহ্নিত করেছেন হাফিংটন পোস্ট-এর প্রতিবেদকেরা।
ম্যাট্রিক পদ্ধতি
বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর মধ্যে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রই এখনো পর্যন্ত ওজন ও পরিমাপের মেট্রিক পদ্ধতি অনুসরণ করে না। পরিমাপের একক হিসেবে ‘ডেসিম্যাল’কে ভিত্তি ধরে তৈরি হয়েছে মেট্রিক পদ্ধতি। দৈর্ঘ্য-প্রস্থ বা দূরত্ব পরিমাপে সেন্টিমিটার, তাপমাত্রার জন্য ডিগ্রি-সেলসিয়াসের হিসাবে থার্মোমিটার, তরলের জন্য মিলিলিটার, অন্যান্য বস্তুর ওজন পরিমাপে মিলিগ্রাম-কিলোগ্রাম গণনা করা হয় মেট্রিক পদ্ধতিতে। কিন্তু যুক্তরাষ্ট্র এখনো এ পদ্ধতি অনুসরণ করে না। যুক্তরাষ্ট্র ছাড়া মেট্রিক পদ্ধতি অনুসরণ করে না এমন বাকি দুটি দেশ হল মিয়ানমার ও লাইবেরিয়া।
পিত্জা খাওয়া
মার্কিনরা পিত্জা খায় ‘স্লাইস’ বা টুকরো করে কেটে হাত দিয়ে তুলে মুখে পুরে। আর ইতালি-ফ্রান্সসহ ইউরোপীয় অন্য দেশের লোকেরা পিত্জা খায় অভিজাত কেতায় ছুরি-চামচ দিয়ে কেটে কেটে, ধীরস্থিরভাবে। কেউ যদি প্যারিসের কোনো রেস্তোরাঁয় ছুরি দিয়ে পিত্জা কেটে স্লাইস করতে শুরু করেন, তাহলেই হয়েছে! ডিনার টেবিলের বাকিদের চোখ এ দৃশ্যে কপালে উঠে যাবে।

ফারেনহাইট বনাম সেলসিয়াস

পৃথিবীতে কেবল যুক্তরাষ্ট্র, বেলিজ, কেইমান দ্বীপপুঞ্জ এবং পালাও এখনো তাপমাত্রা পরিমাপের ফারেনহাইট পদ্ধতি অনুসরণ করে। দুনিয়ার বাকি দেশগুলো মেট্রিক পদ্ধতিতে সেলসিয়াস ডিগ্রি অনুসরণ করে। ফলে মার্কিনরা দুনিয়ার অন্য কোনো দেশে ভ্রমণে গিয়ে রেডিওতে আবহাওয়ার খবর শুনতে শুরু করলে বিভ্রান্ত হতেই পারে। একইভাবে অন্য দেশের লোকেরা যুক্তরাষ্ট্রে গিয়ে আবহাওয়ার খবরে দিনের তাপমাত্রা ৮২ ডিগ্রি শুনলে গরমের ভয়েই অক্কা পেতে পারে। কিন্তু সাধারণ আবহাওয়ায় ৮২ ডিগ্রি ফারেনহাইট আসলে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

ভ্যাঙ্কুভারের শীতকালীন অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিদ দল। ছবি: রয়টার্স।
ভ্যাঙ্কুভারের শীতকালীন অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিদ দল। ছবি: রয়টার্স।

কর্ন সিরাপ বনাম চিনি
দুনিয়ার বেশির ভাগ দেশেই এখনো কোনো পানীয় মিষ্টি করার জন্য আখের চিনি ব্যবহার করা হয়। আর মার্কিনরা এজন্য ব্যবহার করে শস্য বা ফল থেকে পাওয়া উচ্চ শর্করার ‘কর্ন সিরাপ’। সোডার যেমন স্বাদ, তেমনটাই খেতে হলে কেউ মেক্সিকো থেকে কোক কিনে খেতে পারেন, যেখানে এখনো আখের চিনি থেকেই এটা বানানো হয়। কিন্তু ভুলে গেলে চলবে না যে আপনি খামোখাই বেশি দাম দিয়ে ওটা কিনছেন যার বেশির ভাগটাই মেক্সিকোর পানি!
ক্রেডিট কার্ডের চিপ এবং পিআইএন
দুনিয়ার অন্য দেশগুলোতে ভ্রমণের সময় নিজেদের ক্রেডিট কার্ড নিয়ে বিপাকে পড়েন মার্কিনরা। আমেরিকান ক্রেডিট কার্ডগুলোর পেছনদিকে চুম্বকের পাতলা একটা পাত থাকে। কিন্তু বাকি দুনিয়ায় এখন ক্রেডিট কার্ডের পেছনদিকে থাকে একটা ‘বৈদ্যুতিক চিহ্নিতকরণ চিপ’। বুথে কার্ড ঢোকানোর পর ব্যবহারকারীদের একটা ‘পিআইএন’ বা ‘পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর’ দিয়ে নিজের কার্ডটি নিশ্চিত করতে হয়।
অলিম্পিকে পতাকা ঝোঁকানো
কিছুদিনের মধ্যেই রাশিয়ার সোচিতে বসছে শীতকালীন অলিম্পিক। আপনার চোখ খোলা রাখুন মার্কিন অলিম্পিক দলের প্যারেড দেখার জন্য। সব দেশের দলগুলোই গ্যালারিতে স্বাগতিক দেশের রাষ্ট্রপ্রধানের সামনে দিয়ে যাওয়ার সময় ওই দেশের সম্মানে নিজ দেশের পতাকা সামনের দিকে একটু ঝুঁকে আবারও সোজা করে প্যারেড করে যায়। কিন্তু মার্কিনরা এটা করে না। আগেও দু-একটি ঘটনায় এমন হলেও ১৯৩৬ সালে বার্লিন অলিম্পিকের সময় থেকে এটাই মার্কিন রীতি হয়ে উঠেছে। ওই বছর অ্যাডলফ হিটলারের উপস্থিতিতে তাঁর সামনে নিজ দেশের পতাকা ঝোঁকানো থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র, বুলগেরিয়া, আইসল্যান্ড ও ভারত। পরবর্তী সময় ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেসে নিজ দেশের রাষ্ট্রপ্রধান রোনাল্ড রিগানের সামনেও দেশের পতাকা নোয়ায়নি মার্কিন অলিম্পিক দল। আর এখনো এই রীতিই বজায় রাখছে তারা।

সময় গোনা, সময় বলা

যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে ১২ ঘণ্টার হিসাবে ‘এএম’ (মধ্যাহ্ন বা দুপুর ১২টার আগে) এবং ‘পিএম’ (মধ্যাহ্ন বা দুপুর ১২টার পরে ) দুই ভাগে ভাগ করে দিনের সময় গণনা করে এবং বলার সময়ও সেভাবেই বলে। বাকি দুনিয়ার বেশির ভাগ দেশই আনুষ্ঠানিকভাবে ২৪ ঘণ্টার হিসাব অনুসরণ করে থাকে। যদিও কথ্যভাবে অনেক দেশের নাগরিকই এই ১২ ঘণ্টার এএম-পিএমের হিসাবে সময় বলায় বা গণনায় অভ্যস্ত। তবে, যুক্তরাষ্ট্রে কেবল সামরিক বাহিনীই ২৪ ঘণ্টার হিসাবেই গণনা করে। ফলে দেশটিতে ‘মিলিটারি টাইম’ বলতে ২৪ ঘণ্টার সময় গণনার হিসেবকে বোঝানো হয়।